কোচিং বন্ধ হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের ৪২ জন অধ্যক্ষের যে সভাটি হয়েছে, তাতে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য পাওয়া গেছে। এক: ওই অধ্যক্ষরা চান কোচিং বা প্রাইভেট টিউশনি সম্পূর্ণভাবে বন্ধ হোক। একজন অধ্যক্ষ বলেছেন, কোচিং বন্ধ করার জন্য প্রয়োজনে আইন প্রণয়ন করা হোক। দুই: লেখাপড়া নিশ্চিত করা হোক শ্রেণীকক্ষে; কেউ বলেছেন, প্রয়োজনে ছুটির পরেও শিক্ষকেরা শিক্ষাপ্রতিষ্ঠানেই বাড়তি সময় পড়াবেন। কেউ বলেছেন, দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা করে বাড়তি ক্লাসের ব্যবস্থা করা যেতে পারে।সন্দেহ নেই যে এগুলো ভালো কথা, উপকারী ভাবনাচিন্তার প্রকাশ। কিন্তু যেসব অধ্যক্ষ মনেপ্রাণে এগুলো চান, অন্তত তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানে এসব ব্যবস্থা কেন করেননি, তা বোধগম্য নয়। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে শিক্ষকদের বেশি সময় ও মনোযোগ দেওয়া, প্রয়োজনে ছুটির পরেও বাড়তি সময় পড়ানো বা দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা—এসব পদক্ষেপ নিতে বাধা কোথায় ছিল বা আছে? এসবের জন্য শিক্ষামন্ত্রীর বা মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন নেই। কোচিং বা প্রাইভেট টিউশনির জন্য অভিভাবকদেরও কিছুটা দায়ী করে একজন অধ্যক্ষ বলেছেন, ‘অনেক সময় শিক্ষার্থীর বাবা-মা খোঁজেন কোন শিক্ষকের কাছে পড়লে বেশি নম্বর পাওয়া যাবে।’ এটা সত্য হলে বেশ দুশ্চিন্তার বিষয়। এতে এমন সম্ভাবনাও থেকে যায়: শিক্ষক বিদ্যালয়ের বাইরে অর্থের বিনিময়ে শিক্ষার্থীকে সময় দেন বলে ওই শিক্ষার্থীকে নম্বর দেওয়ার সময় তিনি উদার থাকেন। এটা অনৈতিক এবং এই অনৈতিকতা জানা থাকছে সব পক্ষের—শিক্ষকের, শিক্ষার্থীর ও অভিভাবকের।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষরা সবই জানেন, তাঁদের হাতে অনেক ক্ষমতা রয়েছে, হয়তো ক্ষমতার কিছু ঘাটতিও রয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী সমীপে যেসব কথা তাঁরা বলেছেন, সদিচ্ছা থাকলে সেসবের কিছু কিছু পদক্ষেপ তাঁরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই নিতে পারেন; তাঁদের সহকর্মীদের মধ্যে তাঁদের সমর্থক একদমই নেই, এমন তো হতে পারে না। কোচিং বন্ধ হওয়া অবশ্যই জরুরি এবং তা করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নেওয়া উচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজের। শুধু তা-ই নয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সম্ভ্রম রক্ষার যে প্রশ্ন এখন উঠেছে, এ ক্ষেত্রেও প্রধান দায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ও তাঁর সহকর্মীদের। পরিমল জয়ধর নামের মাত্র একজন বিকৃত মানসিকতার শিক্ষকের হাত থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে রক্ষা করতে কেন সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন হলো, কেন শিক্ষাপ্রতিষ্ঠানটি নিজেই তাঁকে যথাসময়ে নিরস্ত করতে এবং ঘটনা ঘটানোর পর দ্রুত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলো—এই প্রশ্নগুলো নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের চিন্তাভাবনা করা উচিত। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে দলীয় রাজনৈতিক প্রভাব দূর করা এবং অভিভাবক ও নাগরিক সমাজকে সম্পৃক্ত করা দরকার।সরকারের পক্ষ থেকেও অনেক কিছু করার আছে। শিক্ষামন্ত্রীর বক্তব্যে তাঁর আন্তরিকতার প্রকাশ ঘটেছে। কোচিং বন্ধ করার ক্ষেত্রে আইন প্রণয়ন বা কঠোর সরকারি নির্দেশনা জারির প্রয়োজন হলে তা করে শ্রেণীকক্ষেই পাঠদানের সর্বোচ্চ মান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হোক।