কোটা প্রথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে বিসিএসসহ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে কোটা প্রথা চালু হয়েছে। বিশেষ করে বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা আছে ৩০ শতাংশ। অনেক রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কেউ সম্মুখ সমরে গেছেন, কেউ কেউ হয়তো খাবার দিয়ে, আশ্রয় দিয়ে, অর্থ দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। তাঁরাও জীবন বাজি রেখেই এ কাজগুলো করেছেন। তবে তাঁদের এ অবদান কি যুদ্ধ নয়? তাঁরা কি যোদ্ধা নন? সম্মুখ সমরে যাঁরা গেছেন, তাঁদের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা রেখে বলছি, আমরা যারা সরাসরি মুক্তিযোদ্ধার সন্তান নই তারা কি এ দেশটিকে কম ভালোবাসি? দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা কি কম? দেশের প্রতি আমাদের অধিকার কি কম? মুক্তিযোদ্ধা কোটা ৩০ থেকে কমিয়ে ১০ শতাংশ করে মেধাবীদের প্রবেশের পথ আরও প্রশস্থ করা হোক। বরং যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, তাদের তালিকা করে তাদের এবং তাদের পরবর্তী প্রজন্মকে দেশের সব সুবিধাপ্রাপ্তি থেকে বঞ্চিত করা হোক। তাদের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ারও অযোগ্য ঘোষণা করা হোক। তবেই দেশের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি দেখানো হবে প্রকৃত মমত্ববোধ ও সম্মান। রিফ্ফাত জাহানরায়পুর, নরসিংদী।