বিশ্বায়নের যুগে টিকে থাকতে যেখানে মেধাবীদের আরও বেশি করে জনপ্রশাসনে নিয়ে আসা দরকার, সেখানে আমাদের পূর্বাপর সরকারগুলো মেধাবীদের বঞ্চিত করে শূন্যপদ পূরণের আত্মঘাতী তৎপরতায় লিপ্ত রয়েছে। এটি কেবল অনৈতিক নয়, সংবিধানের ১৯(১) ধারায় রাষ্ট্র প্রজাতন্ত্রের সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করার চেষ্টা করবে বলে যে কথা রয়েছে, তারও সুস্পষ্ট লঙ্ঘন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা নারীর জন্য বিশেষ কোটা থাকতে
পারে। কিন্তু সেই কোটার পরিমাণ কোনোভাবেই সাধারণ পদের চেয়ে বেশি হতে পারে না।
বাংলাদেশে অনেক উদ্ভট ঘটনা ঘটানো হয়, যার মধ্যে সরকারি চাকরির ৫৫ শতাংশ কোটার মাধ্যমে পূরণ অন্যতম। বর্তমানে মেধার ভিত্তিতে মাত্র ৪৫ শতাংশ নিয়োগ পেয়ে থাকেন, বাকি ৫৫ শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ শতাংশ, নারীদের ১০ শতাংশ, জেলা কোটা ১০ শতাংশ, ৫ শতাংশ ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জন্য জন্য নির্ধারিত। এ ছাড়া প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ কোটা আছে, যা পূর্বোক্ত কোটার অব্যবহৃত অংশ থেকে পূরণ করার কথা।
এই কোটা পদ্ধতির যৌক্তিকতা নিয়ে অনেক দিন ধরেই বিতর্ক চলছে। শিক্ষার্থীরা আন্দোলন করছেন। কিন্তু সরকার সেসব আমলে নিচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোটা সংস্কারের লক্ষ্যে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান সাদত হোসাইনের নেতৃত্বে গঠিত কমিশন কিছু সুপারিশও করেছিল। কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আরও অনেক বিষয়ের মতো সেই সুপারিশও আলোর মুখ দেখেনি।
কোটাব্যবস্থা চালু করা হয়েছিল সমাজের পিছিয়ে পড়া অংশ বা এলাকাকে সামনে নিয়ে আসার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে, সেই বিশেষ ব্যবস্থাই ছড়ি ঘোরাচ্ছে। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোটা থাকতে পারে। কিন্তু সেটি হতে যৌক্তিক। অন্যান্য কোটার নামে মেধাবীদের বঞ্চিত করার অনাচার থেকে জনপ্রশাসনকে মুক্ত করতেই হবে। সমাজের কোনো অংশকে বিশেষ সুবিধা দিতে গিয়ে বৃহত্তর অংশকে বঞ্চিত করার অধিকার কারও নেই।
সম্প্রতি পিএসসি সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে কোটার কোনো পদ যোগ্য প্রার্থীর অভাবে পূরণ করা না গেলে সেসব পদ মেধাতালিকা থেকে পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এত দিন নির্ধারিত কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সেসব পদ খালি রাখা হতো। ফলে কিছু যোগ্য প্রার্থীর নিয়োগ নিশ্চিত করা যাবে। এর আগে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ক্যাডার পদে যাঁরা নিয়োগ পাননি, তাঁদের নন-ক্যাডার পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়। ফলে নন-ক্যাডার পদেও মেধাবীরা নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছে।
কিন্তু কোটা পদ্ধতির মাধ্যমে জনপ্রশাসনের শরীরে যে বিরাট ক্ষত সৃষ্টি হয়েছে, তা নিরাময় করতে হলে কোটা পদ্ধতির আমূল পরিবর্তন দরকার। একটি দৈনিকে সাক্ষাৎকারে শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান বলেছেন, সব মিলিয়ে কোনোভাবেই ১০ শতাংশের বেশি কোটা থাকা উচিত নয়। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ’ পাঁচ দফা সংস্কারের দাবিতে যে আন্দোলন করছে, সেই দাবিতেও কোটা ১০ শতাংশে নিয়ে আসার কথা বলা হয়েছে।
মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছেন, অনেকে প্রাণ দিয়েছেন। জাতি কৃতজ্ঞতার সঙ্গে তাঁদের অবদানকে স্মরণ করে। কিন্তু কোটাব্যবস্থা কারও জন্যই গৌরবের নয়।
একটি মেধাবী ও যোগ্য প্রশাসন গড়ে তুলতে হলে সরকারি চাকরির প্রতিটি পদে মেধার ভিত্তিতে নিয়োগ হওয়ার সংস্কৃতি চালু করা প্রয়োজন। তবে যত দিন আমরা পুরোপুরি সেটি করতে না পারছি, সাময়িক ব্যবস্থা হিসেবে ১০ শতাংশ কোটা চলতে পারে। তার বেশি নয়। কোনোভাবেই মেধাবীদের বঞ্চিত করা যাবে না। বিলম্বে হলেও সরকারের নীতিনির্ধারকদের চৈতন্যোদয় হোক।