২০০৮ সালের ১২ অক্টোবর রংপুরে যাত্রা শুরু করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকা উত্তরাঞ্চলের মানুষ এই দিনটিকে এ অঞ্চলের তরুণ প্রজন্মের জ্ঞানচর্চার এক অমিত সম্ভাবনার দুয়ার খুলে যাওয়ার মুহূর্ত হিসেবে বিবেচনা করেছিল। কিন্তু বছর দুয়েক যেতে না যেতেই প্রথম আলোয় এটিকে একটি পারিবারিক বিশ্ববিদ্যালয় হিসেবে অভিহিত করে খবর প্রকাশিত হয়। শিক্ষাবান্ধব হিসেবে নাম কুড়ানো বর্তমান সরকার এই কলঙ্ক মোচনের কোনো উদ্যোগ গ্রহণ করেছিল বলে আমাদের জানা নেই। গত জুন মাসে আবারও দৈনিক সমকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-বাণিজ্য বিষয়ে প্রধান শিরোনাম প্রকাশ করে। এই খবরগুলোকে গুরুত্ব দিয়ে মাননীয় আচার্য কিংবা শিক্ষামন্ত্রীর বিন্দুমাত্র তৎপরতা না থাকায় রংপুর অঞ্চলের মানুষ, বিশেষ করে এ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা, তাঁদের অভিভাবক, ভবিষ্যৎ শিক্ষার্থীদের অভিভাবক ও অনুভূতিপ্রবণ শিক্ষকেরা এমনিতেই হতাশ হয়ে পড়েছেন। তার ওপর গত মার্চ মাসের ৪ তারিখে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত একটি জরুরি সভার সিদ্ধান্ত এত দিন গোপন রেখে অক্টোবরের ২ তারিখে প্রকাশ করার পর বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে প্রবহমান হতাশা এখন ক্ষোভে রূপান্তরিত হয়েছে। সেই ‘জরুরি সভা’য় সিদ্ধান্ত নেওয়া হয়েছে: ‘(ক) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে অনুষ্ঠান করার পূর্বে “সমন্বিত সেল”-এর নিকট আবেদন করতে হবে।... (খ) বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংগঠনসমূহকে তাদের “গঠনতন্ত্র” ও কার্যক্রম প্রতিবেদন জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা নতুন কোনো সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম শুরু করার পূর্বে অনুমতি গ্রহণ করতে হবে। বিদ্যমান ও নতুন সংগঠন প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি নম্বর সংগ্রহ করতে হবে। ...বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পরিচালনা পরিষদে অবশ্যই শিক্ষক উপদেষ্টা থাকতে হবে। (গ) ...শিক্ষার্থীদের নিজস্ব কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য কমপক্ষে এক সপ্তাহ পূর্বে নির্ধারিত ফরমে অনুমতির জন্য আবেদন করতে হবে। অনুমতিলাভের শর্তসমূহ: ...(১) বিশ্ববিদ্যালয়/ ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো উপস্থাপনা থেকে বিরত থাকতে হবে। (২) এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় এমন কোন ব্যক্তি বা সংগঠন অনুষ্ঠানের অনুমতির জন্য আবেদন করতে পারবে না। (৩) দর্শনী বা টিকিটের মাধ্যমে ক্যাম্পাসে কোন প্রদর্শনী (ফিল্ম/ফেস্টিভাল) আয়োজন করা যাবে না। (৪) অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পরিচয় লিপিবদ্ধ করতে হবে। বিতর্কিত অথবা রাজনৈতিক পরিচিতিসম্পন্ন/বহিরাগত অতিথির ক্ষেত্রে অনুমতি প্রদান কর্তৃপক্ষের বিবেচনার ওপর নির্ভর করবে। (ঘ) ক্যাম্পাস থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের নামে প্রকাশিত যেকোনো স্মরণিকা/পত্রিকা প্রকাশের পূর্বে “সেল”-এর অনুমতি গ্রহণ করতে হবে। (ঙ) ...স্পনসরশিপ গ্রহণ করতে হলে পূর্বাহ্নে (!) “সেল”-এর অনুমতি প্রয়োজন হবে। (চ) অন্ত ও আন্তঃবিভাগীয় ক্রীড়া, বিতর্ক, সংগীত, নাটক ইত্যাদি প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে “সেল”-এর অনুমতি প্রয়োজন হবে। (ছ) শর্তসমূহে উল্লেখ নেই এমন ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রয়োজনীয় বিধিবিধান প্রণয়ন করতে পারবে এবং তা এ বিধানের অন্তর্ভুক্ত হবে। (জ) যেকোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি প্রদানের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।’ বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেকোনো মতামত দিতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাইকে জনসংযোগ দপ্তরের অনুমতি নিতে হবে মর্মে গত বছর এক নোটিশ জারি করেছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ রকম দৃষ্টান্ত বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়েই নেই। বিশ্ববিদ্যালয় নামক প্রতিষ্ঠানকে মুক্ত জ্ঞানচর্চার পীঠস্থান হিসেবেই স্বীকার করা হয়। সেখানে তরুণ সমাজের সুকুমার বৃত্তি বিকাশে, যুক্তিপূর্ণ মতামত, মুক্তবুদ্ধি চর্চার পদ্ধতিগুলোকে নিয়ন্ত্রণের নামে নিষিদ্ধ করে রাখার মনোভাব ব্যক্ত করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতিকে কী শিক্ষা দিতে চাইছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা হেনরি নিউম্যানের বিশ্ববিদ্যালয় বিষয়ক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হবে এমন ‘চিত্ত যেথা ভয়শূন্য/উচ্চ যেথা শির/জ্ঞান যেথা মুক্ত...’। আমাদের দেশের অনেক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক চর্চা করে থাকে, সেগুলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃক নিবন্ধিত হতে হয়েছে, এমনটা জানা নেই। এই সংগঠনগুলোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে, তেমন উদাহরণও নেই। ঢাকাসহ দেশের কোনো বিশ্ববিদ্যালয়েই সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ব্যাহত করে এ রকম নোটিশ দেওয়া হয়নি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই বিধিবিধান মনে করিয়ে দেয় যে পাকিস্তান শাসনামলে রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করা হয়েছিল। তো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিসের আশঙ্কায় এমন কালাকানুন জারি করল যে শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা, প্রকাশনা, আলোচনা কর্তৃপক্ষের মর্জিমাফিক হতে হবে। আমাদের যাদের সন্তানেরা, ভাই-বোনেরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষালাভের জন্য ভর্তি হয়েছে, ভবিষ্যতেও হবে, আমরা কিন্তু তাদের ভবিষ্যৎ ভেবে আতঙ্কিত। এই ছেলেমেয়েগুলো যখন পরিণত বয়সে যে যেখানেই কাজ করবে, তারাও কিন্তু শিক্ষাজীবনের অভিজ্ঞতার আলোকে স্বাধীন মত প্রকাশের সংস্কৃতিকে অপরাধ বিবেচনা করবে। আমরা কি তেমন পরমত-অসহিষ্ণু বাংলাদেশ প্রত্যাশা করতে পারি? ইতিমধ্যেই এই বিধিবিধানের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক সাইদুল হক প্রথম আলোয় মত প্রকাশ করেছেন, ‘মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন মোটেই যৌক্তিক হতে পারে না।’ একজন শিক্ষার্থী আমাকে বলেছেন, ‘আমাদের সংস্কৃতিচর্চাকে নিরুৎসাহিত করার মতো নির্দেশনার বিরুদ্ধে মানববন্ধন যদি যৌক্তিক না হয়, তা হলে কি আমরা বিক্ষোভ মিছিল করব?’ পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ছেলেমেয়েরা কী বলবে, কী গাইবে, বিতর্ক প্রতিযোগিতার বিষয় কী হবে, তা সব প্রশাসনের অনুমতি নিয়ে ঠিক হবে, এমন বিধি অবশ্যই হাস্যকর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশের জন্য বাধা। মানুষের চিন্তা নদীর কলতানের মতো। তাকে বন্ধ করা যায়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উচিত বিষয়টি নিয়ে পুনর্বার চিন্তা করা। দেশে শিক্ষার পরিবেশ হুমকির মুখে। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের এহেন পরিস্থিতির জন্য উপাচার্যদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এসব কারণে সরকারের ভাবমূর্তি নিশ্চয় ক্ষুণ্ন হচ্ছে। বেগম রোকেয়া হলো নবীনতম বিশ্ববিদ্যালয়। এখানে অন্তত মুক্তচিন্তা চর্চার পরিবেশ অটুট থাকতে পারত। প্রশাসন নিজেই সেটা নষ্ট করে দিচ্ছে। আমরা জানি না, এখন পর্যন্ত ছাত্ররাজনীতিমুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কোন পথে যাচ্ছে। আমরা জানি না, কেমন হবে ভবিষ্যৎ বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম।শান্ত নূরুননবী: উন্নয়নকর্মী। [email protected]