কোনো মানুষই ‘অবৈধ’ হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের আসামের প্রধান খবর হলো আসামের ভূমিপুত্র বনাম তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’। হরহামেশা ব্যবহূত হতে হতে দুঃখজনকভাবে কথাটা চালু হয়ে গেছে। অথচ ‘অবৈধ বাংলাদেশি’ কথাটা কেবল ঘৃণাবাচকই নয়, ভুলও। পেশাদার ইতিহাসবিদ হিসেবে আমি জানি, ভারতে ‘বৈধ’ বা ‘অবৈধ’ জনগোষ্ঠীর সংজ্ঞা কতটা বানানো জিনিস। আসামে অসমিয়াদের প্রাধান্য প্রতিষ্ঠায় বেপরোয়া সহিংসতা দেখে ‘জাতিগত অসমিয়া’ হিসেবে আমি যারপরনাই আতঙ্কিত।‘স্বভূমি’র অধিকারের ধারণার তলে আমরা আসলে মানুষ হিসেবে অন্যের মৌলিক অধিকার চাপা দিতে বসেছি। যারা আমাদের ধর্মে চলে না, আমাদের ভাষায় বলে না; ‘অবৈধ’ বলে আমরা তাদের আর মানুষ গণ্য করছি না। কেবল এই একটি মাত্র শব্দ দিয়ে যে কাউকে অভিশপ্ত ও বাতিল করে দেওয়া যায়। ‘অবৈধ’ বলায় তার অস্তিত্বটাই অপরাধী হয়ে যায়। এমনকি ব্রিটিশরাও উপনিবেশায়িত প্রজাদের কখনো ‘অবৈধ’ বলে দাগিয়ে দেয়নি। মেলা কিছু বলেছে তারা—‘দস্যু’, ‘বদমাশ’, ‘দুষ্কৃতকারী’ ও ‘জংলি; কিন্তু কখনোই ‘অবৈধ’ বলেনি।ভারতীয় সংবিধান এবং নাগরিকত্ব আইনেও এ ধরনের কোনো কথা বলা নেই। ভারতীয় সংবিধান সব নাগরিকের অধিকার সুরক্ষার পাশাপাশি অ-নাগরিক ও বিদেশিদের প্রতিও সদয়। ভারতে নাগরিকত্ব জন্মগত নয়, রক্তসম্পর্কগত। তা হলেও ১২ বছরের বেশি বসবাসকারীকে নাগরিক হিসেবে গ্রহণের সুযোগ আছে। পরিহাসের ব্যাপার, যেসব রাজনৈতিক গোষ্ঠী আজ ‘অবৈধ অভিবাসী’ ধুয়ো তুলছে, তারা সেই সব মানুষকে আত্মীকৃত নাগরিকত্বের অধিকার সম্পর্কে সজাগ করেনি। এ থেকেই বোঝা যায়, সাংবিধানিক পথে সমস্যা সমাধানের বদলে তা জিইয়ে রাখায় তাদের আগ্রহের অন্য কারণ আছে।ঐতিহাসিকভাবে বললে, ভারতবর্ষ সর্বদাই বহিরাগত অতিথি ও শরণার্থীদের বিষয়ে উদার ছিল। ১৯৭১ সালের যুদ্ধ নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেছি, ‘পূর্ব পাকিস্তানি বাঙালিদের ভারতে শরণার্থী হতে উৎসাহিত করা হচ্ছিল, যার পরিণতিতে ভারতে ‘মানবিক সংকট’ দেখা দেয়। সে সময় বিপুলসংখ্যক হিন্দু শরণার্থী ভারতেই থেকে গেলেও বেশির ভাগ মুসলিম বাঙালি আবার তাদের দেশে ফিরে যায়। ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে গবেষণার সময় জেনেভায় রেডক্রস ইন্টারন্যাশনালের মহাফেজখানায় মূল্যবান অনেক সচিত্র দলিলদস্তাবেজ দেখেছি, যা সাক্ষ্য দিচ্ছে যে ১৯৪৮ সালে বাঙালি ‘শরণার্থী’ গোষ্ঠী আসামের গুয়াহাটিতে বসত করেছে। বাংলাদেশ, ভারত, জেনেভা ও লন্ডনের মহাফেজখানায় পাওয়া বিভিন্ন ধরনের দলিলপত্র বলছে, গত শতকের ত্রিশের দশকেও পূর্ব বাংলার মানুষ আসামে অভিবাসন ও নতুন বসতি স্থাপন করেছে। ব্রিটিশ শাসকদের দিক থেকে ব্যাপারটা উদ্দেশ্যপ্রণোদিত ছিল, তারা চাইছিল কৃষি উৎপাদন বাড়াতে। সে সময় আসামের মুখ্যমন্ত্রী স্যার সাদুল্লাও সরকারি মদদে তাঁর ভোটব্যাংক বাড়ায় খুশি ছিলেন। বিশ শতকজুড়েও আসাম সরকারি নীতি, ব্যবসা, চাকরি, এবং/অথবা সোজাসুজি অস্তিত্বের কারণে বসতি স্থাপন করতে আসা অভিবাসীদের গ্রহণ করেছে। একটু ভালো করে বেঁচে থাকার জন্য তাদের অপরাধমূলক কাজে জড়াতে দেখা যায়নি। নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ খুঁজতে আসা বসতি স্থাপনকারীদের প্রতি গ্রহণমুখী মানসিকতা আমাদের দিয়েছে সমৃদ্ধ ও উন্নত সমাজ। অন্য মানুষের জীবনের সংগ্রামের প্রতি সর্বদাই আমাদের দরদ ছিল। কিন্তু বর্তমান আসামে কেউ যদি বাংলা বলে অথবা চর্চা করে অন্য ধর্ম, তা হলেই আমরা তাদের বলছি ‘অবৈধ’। আমাদের মানবিক উন্নতির গতি এখন উল্টো পথে হাঁটা শুরু করেছে। আসামে যে শান্তি আমরা চাইছি, তা সহিংসতার মাধ্যমে আসতে পারে না। অসমিয়াদের প্রতি হুমকি নিরসনে নিজেদের স্বার্থেই আমাদের এই উপলব্ধিতে আসতে হবে।রাজনীতিবিদেরা বহু খেল খেলেছে এবং অনেক মানুষকে বোকা বানিয়েছে। আমরা নীরবই ছিলাম। কিন্তু এখন তারা মানুষের জীবনের শর্তকে নষ্ট করছে, নৃশংসতা ও ভয়কে স্বাভাবিক অবস্থা বানিয়ে ফেলছে। তারা আমাদের অমানবিক করে তুলছে। আমাদের অবশ্যই তাদের জবাব দেওয়া উচিত এবং মানুষ হিসেবে আমাদের পাওনা দাবি করা উচিত। কারণ, মানবিক মর্যাদা আমাদের অধিকার।অসামের জনগণকে বুঝতে হবে, আমরাও মানবতার অংশ। আমি নিজেও আরও হাজার হাজার অসমিয়ার মতো আমেরিকায় অভিবাসী। আমরা এখানে আর সবার মতো বাঁচি, কাজ করি এবং নাগরিক অধিকার উপভোগ করি। ‘অভিবাসী বাস্তবতা’ সম্পর্কে আমি খুবই সজাগ। আসামের অনেকেরই অনেক আত্মীয়স্বজন আমেরিকায় বাস করে। তারা তাদের জীবনের সংগ্রাম যেমন জানে, তেমনি জানে তাদের সফলতায় গর্বিতও হয়। অসমিয়া-আমেরিকানরাও ভারত ও আমেরিকা উভয় দেশের নাগরিক সুবিধা ভোগ করে। প্রতিবছর তারা এখানে নববর্ষ উৎসব বিহু উদ্যাপন করে। অসমিয়া মা-বাবারা আমেরিকায় জন্মানো সন্তানদের নিজেদের ভাষা ও সংস্কৃতি রপ্ত করাতে হিমশিম খান। কাল যদি আমার শ্বেতাঙ্গ খ্রিষ্টান আমেরিকান বন্ধুরা আমার অসমিয়া ভাষা বলার কিংবা আমার ধর্মচর্চার অধিকার কেড়ে নেয়, তাহলে আমি মর্মাহত হব। সেটা হবে আমার মৌলিক মানবাধিকার, আমার অতীত, আমার ঐতিহ্য এবং আমার পরিচয় কেড়ে নেওয়ার শামিল। অসমিয়ারা দুনিয়ার যেখানেই থাকুক না কেন, তারা যদি তাদের ভাষা ও সংস্কৃতির চর্চা করতে চাইতে পারে, তাহলে আসামে বসবাসকারী অন্যরা কেন তাদের ভাষা, ধর্ম, পরিচয় সব বিসর্জন দেবে? যদি আমার মা-বাবা ও মুরব্বিদের সঙ্গে অসমিয়ায় কথা বলা শিষ্টাচার হয়, তাহলে কেন আমি চাইব বাঙালি ছেলেমেয়েরা তাদের মা-বাবা ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে অসমিয়ায় কথা বলুক? নিজের জন্য আমরা যা চাই না, তা কেন অন্যদের জন্য চাইব? এটাই মানবীয় সহনশীলতা ও ধারণক্ষমতার বুনিয়াদি নীতি। এই ‘অবৈধ’ শব্দের হঠকারী ব্যবহার, আসামের জাত্যভিমানের জটিলতা বিষয়ে ভুল ধারণাবশত এবং ভবিষ্যৎ নিয়ে কিছুটা ভীতি থেকে আমরা সহিংসতার পথ নিচ্ছি। অথচ অসমিয়ারা এমন এক কৌমগোষ্ঠী, যারা সহিংসতায় বিশ্বাস করে না। আমার মা বলতেন, ‘আমরা যদি মনে রাখি যে আমাদের ধর্মীয়-সাংস্কৃতিক বুনিয়াদ শঙ্করদেব এবং আজান পীরের ওপর প্রোথিত, তাহলে অসমিয়ারা কখনোই সহিংস হয়ে উঠবে না। তাঁরা দুজনেই মানুষকে মানুষের সঙ্গে জড়িয়ে রাখার মানবিক মর্যাদা ও ভালোবাসার দিশারি ছিলেন।’ আমার মায়ের মতোই আরেক মানবীয় কণ্ঠ হলেন শান্তিতে নোবেলবিজয়ী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিধনযজ্ঞ (হলোকাস্ট) থেকে বেঁচে আসা এলি উইজেল। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, ‘কোনো মানুষই অবৈধ হতে পারে না’। এটাকেই আদর্শ হিসেবে মান্য করা উচিত আমাদের। কোনো ব্যক্তির অধিকার নেই অন্য ব্যক্তির অস্তিত্বকে অবৈধ বলার। মানুষকে জিনিসপত্রের মতো লেবেল দাগিয়ে দেওয়া বা বিচ্ছিন্ন করা বা বাতিল করে দেওয়া যায় না। একত্রে পাশাপাশি থাকার পথে যা কিছু জটিলতা ও বাধা, তা মোকাবিলায় আমাদের উচিত নিজেদের ও অন্যদের মানবিক মর্যাদা সমুন্নত রাখার মানবিক পথ খুঁজে যাওয়া।ভারতের আউটলুক ম্যাগাজিন থেকে সংক্ষেপিত অনুবাদ ফারুক ওয়াসিফইয়াসমিন সাইকিয়া: গবেষক ও অধ্যাপক, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি।