কোভিড-১৯ মোকাবিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোভিড-১৯ সংক্রমণ এবং এ রোগে মৃত্যুর হালনাগাদ তথ্য প্রকাশের জন্য প্রতিদিন দুপুরবেলা স্বাস্থ্য অধিদপ্তর যে অনলাইন ব্রিফিং করে আসছিল, বুধবার থেকে তা বন্ধ করা হয়েছে। আগের দিন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং শেষে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, বুধবার থেকে প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিন আর প্রচারিত হবে না। এর পরিবর্তে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হবে।

অতিরিক্ত মহাপরিচালক আশ্বাস দিয়েছেন যে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া তথ্যে কোনো হেরফের হবে না। কিন্তু কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হলো, সেই কারণ অনিবার্য ছিল কি না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে এটা একটা প্রশ্ন আকারে থেকে যাচ্ছে। সেই সঙ্গে প্রশ্ন জাগছে, এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কোনো ইঙ্গিত বহন করছে কি না। স্বাস্থ্য অধিদপ্তর তথা সরকার কি দেশজুড়ে কোভিড-১৯ সংক্রমণের সামগ্রিক পরিস্থিতিকে ‘নিউ নরমাল’ বিবেচনা করছে এবং ভাবছে যে তাদের তরফে আর কিছু করার নেই?

এ প্রশ্ন উঠছে এ কারণে যে একটি মহামারি মোকাবিলা করা বলতে প্রকৃত অর্থে যা বোঝায়, স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-সংক্রান্ত বিষয়গুলোতে তেমন কর্মকাণ্ড আর সেভাবে দৃশ্যমান নয়। কোভিড–১৯ পরীক্ষায় জালিয়াতি ও বানোয়াট প্রতিবেদন দেওয়ার কেলেঙ্কারি এবং সামগ্রিক চিকিৎসাব্যবস্থায় দায়িত্বহীনতা, অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার কারণে লোকজন হাসপাতালের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। কোভিড হাসপাতালগুলোর ৭৭ শতাংশ শয্যা খালি পড়ে থাকছে বলে খবর বেরিয়েছে। অন্যদিকে কোভিড–১৯ পরীক্ষায়ও শিথিলতা চলছে। একটা সময়ে পরিকল্পিতভাবে পরীক্ষা কমানোর ব্যবস্থা করা হয়েছে। করোনার চারটি উপসর্গ ছাড়া কারও নমুনা সংগ্রহ না করা, পরীক্ষার জন্য ফি আরোপ করা, নমুনা সংগ্রহের কেন্দ্রগুলোতে দৈনিক নমুনা সংগ্রহের সংখ্যা কমিয়ে আনা ইত্যাদি নানা পন্থায় এটা করা হয়েছে।

এখন সারা দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র। এগুলোর মোট সামর্থ্য বিবেচনায় নিলে প্রতি ২৪ ঘণ্টায় ২০ হাজারের বেশি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব। কিন্তু পরীক্ষা করা হচ্ছে কোনো দিন ১২ হাজার, কোনো দিন ১৪ হাজার বা ১৫ হাজার। পরীক্ষাকেন্দ্র যখন আরও কম ছিল, তখনো একটা সময়ে ২৪ ঘণ্টায় পরীক্ষার সংখ্যা ১৮ হাজার পেরিয়ে গিয়েছিল। কিন্তু তারপর থেকে কমানো হয়েছে। ঈদুল আজহার ছুটির সময় সাত হাজারে পর্যন্ত নেমে এসেছিল। তার পরে আবার বাড়তে বাড়তে ১৫ হাজারে উঠেছে। কিন্তু বিস্ময়ের কথা, দেশে প্রথম কোভিড–১৯ সংক্রমিত হওয়ার পাঁচ মাস পরও দেশের ৪২টি জেলায় কোনো পরীক্ষাকেন্দ্র খোলা হয়নি। অন্তত দেড় মাস আগে থেকে সংবাদমাধ্যমে এ বিষয়ে লেখালেখি চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলাও হয়েছিল যে সেগুলোতে পরীক্ষাকেন্দ্র খোলা হয়নি।

এই সময়ের মধ্যে ঢাকার বাইরে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অনেক বেড়েছে এবং বেসরকারি নানা সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, অনেক জেলা শহরে অনেক মানুষের মধ্যে সংক্রমণ শুরু হয়েছে। কিন্তু পরীক্ষাকেন্দ্র নেই বা পর্যাপ্ত সংখ্যায় পরীক্ষা করা হচ্ছে না বলে সংক্রমণের প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না। অন্যদিকে একসময় রেড জোন হিসেবে ঘোষিত উচ্চ হারে সংক্রমিত এলাকাগুলোতে লকডাউন নেই। বস্তুত সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলার বিষয়টি এখন আর কোথাও সেভাবে নেই। সব ক্ষেত্রেই সরকার কোথাও কোনো দৃশ্যমান ভূমিকা পালন করছে না। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত কর্মকাণ্ড বাস্তবিক অর্থে সীমাবদ্ধ হয়ে পড়েছে প্রতিদিন কিছু পরীক্ষা করা এবং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংক্রমণ শনাক্ত ও করোনায় মৃত রোগীর সংখ্যা জানিয়ে দেওয়ার মধ্যে।

ফলে এ প্রশ্ন এখন স্বাভাবিক, কোভিড-১৯ সম্পর্কে সরকার আসলে কী নীতি গ্রহণ করেছে।