কোভিড-১৯ মহামারি বিশ্বজুড়ে মানুষের জীবন ও জীবিকায় যে গুরুতর সংকট সৃষ্টি করেছে, তার একটা বিপরীত দিক হলো গত প্রায় ছয় মাসে পৃথিবীর সব অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ আগের তুলনায় অনেক নির্মল হয়েছে। গত বছরের ডিসেম্বরে মহামারির শুরু যেখান থেকে, সেই চীনে কার্বন নিঃসরণ কমেছে প্রায় ২৫ শতাংশ আর নাইট্রোজেন অক্সাইডের নিঃসরণ কমেছে প্রায় ৫০ শতাংশ।
মহামারি ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়ার পর কঠোর লকডাউনের কারণে গণপরিবহন ও শিল্পকারখানা বন্ধ থাকায় প্রাকৃতিক পরিবেশের দূষণ অনেক কমেছে। বায়ুদূষণ কমার এক উৎকৃষ্ট দৃষ্টান্ত আমাদের রাজধানী ঢাকা মহানগর। শিল্পকারখানাগুলো বন্ধ থাকার ফলে নদ–নদী ও অন্যান্য জলাশয়ের পানিদূষণও অনেক কমেছে। পর্যটনশিল্পে লকডাউনের ইতিবাচক ফল হলো কক্সবাজার সমুদ্রসৈকতে ডলফিনের ঝাঁক চলে এসেছে উপকূলের কিনারে। এসব ঘটনা থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি প্রাকৃতিক পরিবেশের আরও দূষণ রোধের জন্য আমাদের করণীয় কাজগুলো কী। আমরা বলছি না সবকিছু লকডাউন করে ঘরে বসে থেকে পরিবেশের দূষণ রোধ করতে হবে। না, সেটা বাস্তবসম্মত নয়, বরং তা এক অসম্ভব ভাবনা। আসলে প্রয়োজন শিল্প উৎপাদন থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ডের একদম কেন্দ্রে প্রকৃতিকে স্থান দেওয়া।
গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যেমনটি বলেছেন, ‘মানবজাতিকে রক্ষা করতে হলে প্রকৃতিকে রক্ষা করতে হবে।’ কেননা মানুষ প্রকৃতির সন্তান, সে প্রাকৃতিক পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতির বিনাশ ত্বরান্বিত করে মানবজাতি টিকতে পারবে না। কোভিড–১৯ মহামারির প্রেক্ষাপটে জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, ‘বিশ্ব পরিবেশ দিবসে এবং প্রতিটি দিন প্রকৃতিকে রক্ষা করার উদ্যোগ নেওয়ার এখনই সময়।’
বাংলাদেশ বিশ্বের সর্বাধিক জনঘনত্বের দেশগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে। সীমিত ভূখণ্ডে অতিমাত্রায় জনঘনত্ব প্রাকৃতিক পরিবেশের ওপর যে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলে, তা আমাদের দেশে খুব স্পষ্টভাবে দৃশ্যমান। স্বাধীনতার পর গত প্রায় পাঁচ দশকে এ দেশের প্রায় ১০ শতাংশ বনভূমি উজাড় হয়েছে। নানা ধরনের উন্নয়ন অবকাঠামো নির্মাণের জন্য খোদ সরকারই প্রায় ১ লাখ ৬০ হাজার একর বনভূমি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়েছে।
আর বিভিন্ন প্রভাবশালী মহল দখল করেছে প্রায় ২ লাখ ৮৭ হাজার একর বনভূমি। বিশ্বের বিরলতম ম্যানগ্রোভ বন সুন্দরবন আজ অদূরদর্শী উন্নয়ন কর্মকাণ্ডের চাপে বিপন্ন দশায়। সেখানকার প্রাণবৈচিত্র্য ভীষণভাবে সংকুচিত হয়ে আসছে। নদীমাতৃক বাংলাদেশের নদ–নদীগুলোও ব্যাপক দূষণের শিকার হচ্ছে। শত শত ছোট নদ–নদী বিলীন হয়েছে; অজস্র খাল–বিল, দিঘি–পুকুর ভরাট করা হয়েছে। শিল্পকারখানার বর্জ্যে দূষিত হচ্ছে অজস্র নদ–নদী ও জলাশয়ের পানি।
কোভিড–১৯ মহামারি এসে আমাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছে, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার বিষয়টি উপেক্ষা করে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের দ্বারা আমরা সুন্দর পৃথিবীটাকে দিনে দিনে কী বিষাক্ত করে তুলছি। আজ তাই আমাদের সব ধরনের কর্মকাণ্ডের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার গুরুত্ব নতুন করে উপলব্ধি করতে হবে।