কোরবানির পশু ও হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলার অপেক্ষা রাখে না যে উত্তরাঞ্চলের কৃষক ও খামারিরাই কোরবানির পশুর চাহিদার বড় অংশ জোগান দিয়ে থাকেন। গত কয়েক বছরে ভারত থেকে গরু আসা কমে যাওয়ায় খামারিরাও উৎসাহিত হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও এবার যাতে জোগান নির্বিঘ্ন ও নিরাপদ থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেষ্ট থাকতে হবে। আকস্মিক বন্যা ও বৃষ্টি ভঙ্গুর যোগাযোগব্যবস্থাকে আরও নাজুক করে তুলেছে। কোথাও কোথাও যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ১০ দিনের মধ্যে সড়কগুলো ঠিক হয়ে যাবে। সেটি সম্ভব করতে সাধ্যমতো চেষ্টা করতে হবে, যাতে করে সেগুলো অন্তত যানবাহন চলাচল উপযোগী করা যায়।

কোরবানির ঈদ সামনে রেখে প্রতিবছর দুই ধরনের চাঁদাবাজি হয়ে থাকে। একটি পরিবহনে, অপরটি হাটের ইজারায়। প্রথম আলোর খবর থেকে জানা যায়, পরপর দুবার রাজধানীর কোরবানির পশুর হাটের ইজারা পেয়েছেন ক্ষমতাসীন দলের ছয় ব্যক্তি ও দুই সংগঠন। এই দুই সংগঠনের নেতারাও ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। এর মধ্যে এক নেতা ১০ বছর ধরে কামরাঙ্গীরচর হাটের ইজারা পাচ্ছেন।

নিয়মকানুন মেনে যেকোনো ব্যক্তি কোরবানির হাটের ইজারা নিতে পারেন। কিন্তু এ ক্ষেত্রে বিপদটি হলো দলীয় প্রভাব খাটিয়ে তাঁরা সুস্থ প্রতিযোগিতার পথ বন্ধ করে দেন। ফলে সরকার ইজারার ন্যায্য অর্থ থেকে বঞ্চিত হয়। না হলে গতবারের চেয়ে ঢাকার কোনো কোনো পশুর হাটের ইজারার দাম কমে যাওয়ার অন্য কোনো বিশ্বাসযোগ্য কারণ নেই। রাজনৈতিক পরিচয় যদি পশুর হাট ইজারার ক্ষেত্রে প্রভাব ফেলে থাকে, তাহলে দুর্নীতির আশঙ্কা থেকে যায়। সরকারেরও আর্থিক ক্ষতি হয়। এটি কাম্য নয়।

এ ছাড়া পশুর হাট ও পরিবহন নিয়ে অপরাধী চক্র তৎপর থাকে। অনেক সময় তারা অস্ত্রের মুখে খামারিদের সর্বস্ব কেড়ে নেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর থাকবে আশা করি।