সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীর দুরবস্থাসহ ছয়টি সমস্যার সমাধান না হলে এবার কোরবানির পশুর চামড়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতারা যে আশঙ্কা প্রকাশ করেছেন, জরুরি ভিত্তিতে সেসব সমস্যার সমাধান হওয়া দরকার।
রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে চামড়াশিল্প স্থানান্তর করা হলেও এর অবকাঠামো এখনো শিল্পের অনুকূল নয়। এটা খুবই দুঃখজনক। অথচ চামড়া রপ্তানি করে আমাদের দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। পোশাকশিল্পের পরই এর অবস্থান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ৬ হাজার ৬৫৯ কোটি ৯ লাখ টাকার পণ্য।
এর মধ্যে চামড়া রপ্তানি করে ১ হাজার ৬৫১ কোটি ৭৭ লাখ টাকা, চামড়ার জুতা রপ্তানি করে ২ হাজার ৭৬৯ কোটি ১৪ লাখ টাকা এবং চামড়াজাত অন্যান্য পণ্য রপ্তানি করে আয় হয়েছে ২ হাজার ২৩৮ কোটি ১৮ লাখ টাকা। এমন একটি লাভজনক শিল্পকে টিকিয়ে রাখতে হলে এই শিল্পের সব ধরনের সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই।
বিএফএলএলএফইএ নেতারা যে ছয় সমস্যার কথা উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে চামড়া শিল্পনগরীর ভেতরে ও বাইরে চলাচলের অনুপযোগী সড়ক, যা চামড়া পরিবহনের ক্ষেত্রে একটি বড় বাধা। সরকারকে অবিলম্বে এসব সড়ক সংস্কার করতে হবে। এ ছাড়া দিনে পাঁচ-ছয়বার লোডশেডিং হওয়া, নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ না হওয়া, লবণের দাম বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যারও সমাধান করতে হবে। তা না হলে এসব সমস্যা এবার কোরবানির পশুর চামড়া পরিবহন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের ক্ষেত্রে নিশ্চিতভাবেই জটিলতার সৃষ্টি করবে।
বিশেষ করে লবণের দাম কমানো না হলে চামড়া সংরক্ষণ ঠিকভাবে হবে না। এতে চামড়া নষ্ট হয়ে যেতে পারে। কাজেই এসব সমস্যা সমাধানে সরকারকে শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নিতে হবে। এ ছাড়া এই খাতের অন্য সব ঘাটতির দিকেও নজর দিতে হবে এবং ঘাটতি পূরণে সচেষ্ট হতে হবে।