কোরবানির বর্জ্য অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির পশুর বর্জ্য অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন যে সাফল্য দাবি করেছে, তার যথার্থতা সম্পর্কে আমরা কোনো মন্তব্য করছি না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের দাবি অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে ৯০ শতাংশ বর্জ্য যদি অপসারিত না–ও হয়, তার জন্য সিটি করপোরেশনকে পুরোপুরি দায়ী করা যাবে না। কেননা, তারা যথাসাধ্য চেষ্টা করেছে। তাদের কার্যক্রমে নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করেছে। বর্জ্য অপসারণের কাজ সময়মতো করার জন্য দুই সিটি করপোরেশনই পরিচ্ছন্নতাকর্মীদের ছুটি বাতিল করেছে, জরুরি টেলিফোন নম্বর দিয়ে জানানো হয়েছে, তারা সহায়তা চাইতে পারেন।

অন্যদিকে উত্তরের প্যানেল মেয়রের দাবি, বর্জ্য অপসারণে তাঁদের বিরাট সাফল্য রয়েছে। কোরবানির তিন দিনে (যদিও বেশির ভাগ মানুষ প্রথম দিনই কোরবানি দিয়ে থাকেন) বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হয়, যা সিটি করপোরেশনের নিয়মিত জনবল ও সরঞ্জাম দিয়ে অপসারণ করা সম্ভব নয়। ফলে সিটি করপোরেশনকে কিছু বাড়তি উদ্যোগ নিতে হয়েছে। এটি প্রশংসনীয়। কিন্তু নাগরিকদের সচেতনতা ও সহযোগিতার মনোভাব ছাড়া তাদের কার্যক্রমে কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব নয়। দুর্ভাগ্যজনক যে সিটি করপোরেশন কোরবানির স্থান নির্ধারণ করে দেওয়ার পরও অনেকে যত্রতত্র কোরবানি দিয়েছেন। এ কারণে সিটি করপোরেশনের কর্মীদের পক্ষে সবখানে গিয়ে যথাসময়ে বর্জ্য অপসারণ করা সম্ভব হয়নি। নাগরিকেরা সচেতনতার পরিচয় দিলে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য কাজটি সহজ হতো।

শতভাগ সফল না হলেও দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই তারা গুরুত্বের সঙ্গে বর্জ্য অপসারণের কাজটি দ্রুততম সময়ে শেষ করেছে। আশা করি, সিটি করপোরেশনের নিয়মিত কাজ, যেমন সড়ক রক্ষণাবেক্ষণ, ময়লা–আবর্জনা অপসারণ, সড়কে বাতি লাগানোর কাজটিও তারা সমান গুরুত্ব দিয়ে করবে।

দক্ষিণের মেয়র সাঈদ খোকন নির্বাচিত প্রতিনিধি। জনগণকে সঙ্গে নিয়ে তিনি সেবামূলক কাজগুলো করতে চান। কিন্তু উত্তরে তো প্রায় এক বছর মেয়রই নেই। আদালত প্রথম ছয় মাসের জন্য নির্বাচন স্থগিত করার পর মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে নিয়েছেন। উত্তরের সাবেক মেয়র বেশ কিছু জনহিতৈষী কাজ হাতে নিয়েছিলেন, যা তাঁর অনুপস্থিতিতে থমকে আছে।

নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সিটি করপোরেশনকে যেমন সদা তৎপর হতে হবে, তেমনি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ ও দায়বোধই নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে পারে। অন্যথায় ঢাকা শহর দ্বিতীয় বাস অযোগ্য তালিকার দ্বিতীয় অবস্থান থেকে প্রথম স্থানে আরোহণ আরও ত্বরান্বিত হবে।