ব্যাপারটা হয়তো কাকতাল, কিন্তু যে কেউই অবাক হবে। গত আট বছরে ভারতীয় সংসদের এটাই প্রথম অধিবেশন, যেখানে প্রণব মুখার্জি সরকারি দলের সংসদীয় নেতা নন। এটাই সেই অধিবেশন যেখানে সরকার পতিত হয়েছে—ক্ষমতার দাঁড় থেকে নয়, নৈতিকতার আসন থেকে।সংসদ নেতার প্রধান দায়িত্ব হলো সেখানে সরকারের সংখ্যাগরিষ্ঠতা রক্ষা করা। পাশাপাশি যে যুগে রাজনীতি টেলিভিশনে বাগৈনপুণ্য প্রদর্শনের ব্যাপার, সে যুগে সরকারের বিশ্বাসযোগ্যতা দেখানোও তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। এ দুইয়ের মধ্যে টসে জিতবে পরেরটাই, সংসদ নয়, টেলিভিশন। সংখ্যাগরিষ্ঠতা ছাড়া সরকারের পতন ঘটবে। কিন্তু বিশ্বাসযোগ্যতা হারালে দলই বিলীন হবে। ২০০৮ সালে মনমোহন সিং আমেরিকার সঙ্গে পারমাণবিক সহায়তা চুক্তি নিয়ে বিবাদে পরাজিত হওয়া থেকে রক্ষা পেয়েছেন অমর সিংয়ের উদারতার কারণে। তাহলেও সংখ্যার জোরে ভাটার সময়ও মনমোহন সিংয়ের বিশ্বাসযোগ্যতা ছিল জোয়ারের টান। পারমাণবিক চুক্তি নিয়ে বিতর্কে সামাল দেওয়ায় তিনি গণতন্ত্রের মৌলিক রীতিনীতির চমৎকার প্রতিফলন ঘটিয়েছিলেন। সেটা এই: আপনি যে ভিত্তির ওপর দাঁড়াবেন, সেই ভিত্তিই চূড়ান্ত বিচারে যুদ্ধে গতি-প্রকৃতি নির্ধারণ করবে। ড. সিং পারমাণবিক চুক্তিকে দেশের জন্য মঙ্গলকর বলে দেখাতে চেয়েছিলেন এবং দেখা গেল, দেশের মঙ্গলকামীর কোনো অভাব নেই। যে শহুরে মধ্যবিত্তরা আমেরিকার সঙ্গে আরও ভালো সম্পর্ক চায়, তাদের তিনি মদদ দিয়েছিলেন। এই মধ্যবিত্তই পারমাণবিক চুক্তিকে ভারত-মার্কিন সম্পর্কের নতুন খুঁটি বলে ভেবে নিয়েছিল। সেই সময়ে লোকসভায় যদি তিনি হারতেনও, তবু পরবর্তী নির্বাচনে তিনি অবশ্যই জিততেন। সেই ঘটনার চার বছর পর, পরিস্থিতি একেবারে উল্টে গেছে। এবার যখন তাঁর দল বিভক্ত হচ্ছে এবং মিত্ররা টাকা বানাচ্ছিল, তখন তিনি অন্য বিষয়ে ব্যস্ত। এবারের বিতর্কের বিষয় কয়লা-কেলেঙ্কারি, যা কোলগেট বলে পরিচিত হয়েছে। কোলগেটের থেকে বাজে গন্ধ আসছে। এই প্রশ্নটা থেকেই শুরু করা যাক: ড. সিং কেন কোনো রকম রাজনৈতিক যোগাযোগহীন কলকাতার ব্যবসায়ী সন্তোষ বাগরদিয়াকে কয়লামন্ত্রী করলেন? এই ব্যক্তির দেশের বা দলের প্রতি কোনো রাজনৈতিক অবদান নেই। দুর্নীতির অভিযোগের বিপরীতে নীরবতাই এই ব্যক্তির একমাত্র ঢাল। তিনি এলেন এবং নীরবেই আবার কলকাতায় ফিরে গেলেন। কোলগেট কংগ্রেস ও বিজেপির মধ্যে কোনো সংঘাতের বিষয় নয়। দুর্নীতির অভিযোগটা যদি বিজেপি তুলত এবং বলত যে এই ঘটনায় সরকারের বিরাট রাজস্ব ক্ষতি হয়ে গেছে, তাহলে হয়তো প্রথম দিন সরকার তোতলাতে তোতলাতে জবাব দিত, পরের দিন প্রশ্ন শুনে হাই তুলত। কিন্তু অভিযোগটা গুরুত্ব পেয়েছে এ কারণে যে অভিযোগটা তুলেছেন স্বয়ং ড. সিং নিযুক্ত সরকারের প্রধান হিসাব নিরীক্ষক বিনোদ রাই। তিনি বিরাট ও বিস্তৃত বিশ্লেষণ করে দেখিয়েছেন, কয়লাক্ষেত্রগুলোর অনিয়মতান্ত্রিকভাবে বরাদ্দ দেওয়ায় সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১ দশমিক ৮৬ লাখ কোটি রুপি। (হায়, সেই সব দিন কবেই গত হয়েছে, যখন দুর্নীতির অঙ্ক এক বা দুইয়ের অঙ্কেই থাকত।) এটা নিয়ে যুদ্ধ চলা কোনো কাজের কথা নয়। বাড়িতে খাটো প্যান্ট পরার সময় বিনোদ রাই মৌলবাদী আরএসএসের স্বয়ংসেবক হয়ে যান না। কলেজে পড়ার সময় তিনি বামপন্থীও ছিলেন না। তিনি একজন বিশিষ্ট আমলা, যাঁকে স্বয়ং প্রধানমন্ত্রীই আগ্রহ করে প্রধান হিসাব নিরীক্ষক বানিয়েছেন। রাইয়ের গুণাবলিগুলোর সঙ্গে তিনি হয়তো একাত্মতা বোধ করেন। তাহলে কি বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাবেক আমলা মনমোহন সিংয়ের মধ্যে বিরোধ আছে?এ মুহূর্তে সংসদে থাকলে কি প্রণব মুখার্জি সরকারের ক্ষতি কমাতে পারতেন? কোলগেট কেলেঙ্কারির বড় ভাই টুজি কেলেঙ্কারির সময় প্রণবই ছিলেন কংগ্রেসের সংসদীয় নেতা। সে সময়ে তাঁর মারমুখী বক্তৃতাগুলো নরম হয়ে গিয়েছিল বিরোধীদের সঙ্গে গোপন ব্যক্তিগত যোগাযোগের কারণে। সংসদীয় রাজনীতিতে বিরোধী দলের সঙ্গে যোগাযোগের কোনো রাস্তাই বাতিল করা উচিত নয়। মুখার্জি এটাও বোঝেন যে দুর্নীতি হলো জীবন্ত চোরাবালি এবং যে এর সঙ্গে জবরদস্তি করে সে দ্রুতই ডুবে যায়। তিনি সহনশীল মূল্যে টুজি বিরোধ থেকে বেরিয়ে আসার পথ করেছিলেন। হয়তো এর জন্য তিনি এক দিন খবরের শিরোনামে মার খেয়েছেন, কিন্তু সরকারকে দুরমুশের হাত থেকে বাঁচিয়েছেন।কিন্তু এখনকার খেলাটা একেবারেই আলাদা। প্রতিটি দলই আপন আপন নিয়মে খেলছে। বিজেপি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেও আসলে চায় সংবাদ শিরোনাম সৃষ্টি করে জনগণের মনে দাগ কাটতে। সরকার দাবি মেনে নিলে বিজেপি বিপাকেই পড়বে। মুলায়ম সিং যাদব যতক্ষণ পারবেন ততক্ষণ সরকারের লেজে আগুন দিয়ে যাবেন। কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশীদারি নির্বাচন পর্যন্ত গড়াবে না। কোলগেট কেলেঙ্কারি নিয়ে কংগ্রেসকে ঝাড়ার জন্য বিষয়টা তিনি সে সময়ের জন্য তুলে রাখছেন। বামরাও এখন বিতর্ক চালাতে প্রস্তুত না। বিশ্রাম ও শক্তি পুনরুদ্ধারের জন্য তাদের আরও সময় দরকার। মায়াবতীও ক্যালকুলেটর নিয়ে আখের গোছাতে ব্যস্ত। কংগ্রেসও এলোমেলো, যেহেতু দলটির উত্তরাধিকার সূত্রে ঘোষিত নেতা দৃশ্যপটে নেই এবং প্রবীণ নেতারা অবসরে যাওয়ার পথে। এই সংসদ এত দিন ছেঁড়া ছবি জোড়া লাগানোর ধাঁধা হয়ে ছিল, যা হঠাৎই জুড়ে গিয়ে ছবি হয়ে উঠত। এখন এটা কেবলই ধাঁধা। ২০০৮ সালে কাজ করলেও ভারতের বর্তমান লোকসভার চিন্তাভাবনা সংখ্যার জোরে নির্ধারিত হচ্ছে না। কারণ, এবার সেটা অপ্রাসঙ্গিক। যুদ্ধটা আস্থা-অনাস্থা ভোটের নয়, সরকারের বিশ্বাসযোগ্যতার। রাজনীতিবিদদের জন্য এটা আরও বেশি বিপদের কথা। কারণ, বিশ্বাসযোগ্যতার এই খেলার বিচার যিনি করবেন, তাঁর কোনো ক্ষমা নেই। তিনি হলেন ভোটার।এম জে আকবর: ভারতীয়সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক।