কৌন বনেগা ক্রোড়পতি অথবা ব্যাংক ডাকাতির সহজ উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরা না খেলে ঋণ জালিয়াত তানভীর মাহমুদ কোটিপতি হওয়ার সহজ উপায় নিয়ে একখানা বই লিখে মহামতি ডেল কার্নেগিকে ফেল মারাতে পারতেন। অসময়ে ধরা খাওয়ায় তাঁর সেই অবদান থেকে জাতি বঞ্চিতই হলো। এই দায়িত্ব এখন তারকা ঋণখেলাপিদের—সরকারি টাকার বদৌলতে যাঁদের কেউ কেউ ধনকুবের ‘দরবেশ’ বনে গেছেন। ঋণের দায়ে এ দেশে কোমরে দড়ি অথবা গলায় ফাঁস লাগে কেবল কৃষকের; কোটিপতি খেলাপিদের গলায় পড়ে ফুলমাল্য। তাঁদের কেউ কেউ বিভিন্ন সময়ের প্রধানমন্ত্রীদের কাছ থেকে সেরা উদ্যোক্তা, সেরা ব্যবসায়ী কিংবা সেরা ‘দেশপ্রেমিক’ খেতাবেও ভূষিত হয়েছেন। এই দেশে কোটিপতি হওয়ার প্রধান তরিকাই হলো জনগণের অর্থ আত্মসাৎ। আজকের বাংলাদেশের ধনিক শ্রেণীতে এমন লোক কম, যিনি তাঁর উত্থানপর্বে ব্যাংকের টাকা মেরে দেননি। ঋণ জালিয়াতির ইতিহাসে ল্যান্ডমার্ক স্থাপন করা হলমার্কের চেয়ারম্যান তানভীর মাহমুদ সেই সব মহাজ্ঞানী মহাজনেরই অনুসারী। ঘটনাক্রমে তিনি ধরা পড়েছেন, অন্যরা তাই দেখে হাসছেন। আর আমাদের বিদ্বান অর্থমন্ত্রী বলছেন, চার হাজার কোটি টাকা বড় অঙ্কের অর্থ নয়! কান টানলে মাথা মাসে, অর্থমন্ত্রী থেকে শুরু করে প্রতিমন্ত্রী, উপদেষ্টাদের কয়েকজনের মাথা দৃশ্যপটে আসা শুরু করেছে। জনগণ দেখছে। অর্থমন্ত্রী একজন অর্থনীতিবিদও বটেন। তিনি একদা কালোটাকা সাদা করার সুফল বিষয়ে অনেক কথা বলেছিলেন। বেশি বাণী কম কাজ সংস্কৃতিমন্ত্রীকে মানায়, অর্থমন্ত্রীকে নয়। কোনো কোনো অর্থনীতিবিদ বলে থাকেন, এক হাতে লুটপাট হলেও এভাবে অন্য হাতে দেশীয় পুঁজি জমছে এবং বিনিয়োগ বাড়ছে। বলা বাহুল্য, বাঁ হাতের কাজ দেখা গেলেও ডান হাত কীভাবে অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে, তার আলামত খোয়াজ খিজির জানলেও জানবেন, মানুষের পক্ষে জানা কঠিন। তাঁরা আরও বলবেন, ইউরোপে এক হাতে আদিম লুণ্ঠনের পথে পুঁজি জমেছে, অন্য হাতে সেই পুঁজি শিল্পায়নে ঢুকেছে। তাঁরা বলেন না, ইউরোপ শোষণ করেছে বিদেশকে আর আমাদের পুঁজিপতিরা স্বদেশকেই সর্বস্বান্ত করছেন। আর সেই পথে অর্জিত টাকার বড় একটি অংশ ইউরোপ-আমেরিকার ব্যাংকে জমাচ্ছেন। অবশ্য উন্নত দুনিয়ার ব্যাংকগুলোকে গতিশীল রাখায় তাঁদের এই চোরাই টাকার অবদান অস্বীকার করা যায় না। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ বাংলাদেশের করদাতা এবং সার্বিক অর্থব্যবস্থার ওপর বিরাট এক বোঝা। বছর দশেক আগে ঘোষিত খেলাপি ঋণের পরিমাণ ৩৫ হাজার কোটি টাকা বলা হতো। কোটিপতি হওয়ার স্বপ্নবানদের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে এখন খেলাপি ঋণের পরিমাণ আকাশছোঁয়া। সবই কতিপয় ব্যাংক-ব্যবসায়ী-রাজনীতিবিদ আর আমলাদের লীলাখেলা। ষাটের দশকে ব্যাংকিং ব্যবস্থার যোগসাজশ দিয়েই পূর্ব পাকিস্তানের সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার হয়, এখন যেমন হয় বিদেশে। সত্তরের দশকে রাষ্ট্রীয় খাতকে সহযোগিতার জন্য সরকার জাতীয়কৃত ব্যাংকের দ্বারস্থ হয়। ফলাফল, সরকারি ব্যাংক ও রাষ্ট্রীয় শিল্প শুষে জেগে ওঠে রাজনীতিবিদ-আমলা-ব্যাংকারদের এক ধনিক চক্র। আশির দশকে দুর্বল শিল্প খাতকে সহযোগিতার নামে তাদেরই আবার ঋণ দেওয়া হয়। দুর্নীতির শিকার সরকারি ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে আরও ভর্তুকি ঢালা হয়। তাতে ওই চাটার দল আরও বড়লোক হয়। ব্যাংক খাতের লুটপাট নিয়ে গবেষণা করেছেন অর্থনীতিবিদ মইনুল ইসলাম। তিনি মনে করেন, উপর্যুপরি ব্যাংকঋণ তছরুপ বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির পথে অন্যতম প্রধান বাধা। শেয়ারবাজার থেকে যখন পুঁজি সঞ্চয় ঘটছে না, তখন ব্যাংকের মাধ্যমেই উৎপাদনশীল বিনিয়োগের পুঁজি আসার কথা ছিল। তা তো আসছেই না, উপরন্তু ব্যাংকিং ব্যবস্থা সরকারি অর্থ ব্যক্তিগত খাতে স্থানান্তরের কলকাঠি হয়ে উঠেছে। অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এই লেখকের কাছে মন্তব্য করেন, ‘বাংলাদেশের লুণ্ঠনের মডেল একেবারেই নিজস্ব। স্বাধীনতার পর ধনী হতে চাওয়া লোকজনের প্রধান অবলম্বন ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক। মুজিব আমলের লুণ্ঠিত অর্থ দিয়ে তারা জিয়ার আমলে ব্যাংক-বিমা কিনতে থাকে। এরশাদের আমলে আরও খোলামেলা হয়ে ওঠে তাদের দৌরাত্ম্য। এভাবে রাষ্ট্রীয় ব্যাংক লুটপাটের অর্থের ওপরই অনেক প্রাইভেট ব্যাংক গড়ে উঠেছে। তবে আগের থেকে এখনকার ক্ষমতাবানদের বিত্তের খাঁই অনেক বেশি। হলমার্কের এই বিরাট জালিয়াতি রাষ্ট্রের খুবই প্রভাবশালী মহলের সমর্থন ছাড়া হতেই পারত না। জালিয়াতির জাল অনেক গভীর পর্যন্ত ছড়ানো।’সাবেক ব্যাংকার, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের অনেকেই ব্যাংক প্রতিষ্ঠা করছেন, অথচ তাঁদের অর্থের উৎস সম্পর্কে কেউ জানতে চাইছে না। অর্থের উৎস অজানা থাকতে পারে তখনই যখন ক্ষমতার উৎস থেকে তা আড়াল করা হয়। রাষ্ট্রীয় সম্পদে ধনিক শ্রেণী মোটাতাজাকরণের প্রধান সেবক রাষ্ট্র নিজেই। দেশের শীর্ষ ঋণখেলাপিদের শীর্ষ ধনী বনে যাওয়ার গল্প কিংবা তানভীর মাহমুদের গল্পটাই প্রমাণ। অখ্যাত হলমার্ক গ্রুপের পক্ষে এত বড় জালিয়াতির জাল একা পাতা সম্ভব নয়। দফায় দফায় ঋণ পাওয়া, তদন্ত কাজে বাধাদান এবং তাঁর পক্ষে সরকারের কর্তাব্যক্তিদের সক্রিয় হয়ে ওঠা থেকে বোঝা যায়, তিনি আসলে একটি সিন্ডিকেটের সাইনবোর্ড। তিনি পালের গোদা নন, অধীনস্থ রাখাল। বাংলাদেশে সম্পদ আহরণ আর রাজনৈতিক ক্ষমতারোহণ দুজনে দুজনার। এখানে ক্ষমতার উমেদারি করে বড়লোক হওয়া আর ক্ষমতায় আরোহণ করে দ্রুত ধনসম্পদ অর্জন করা একই কথা। ব্যবসায়ী-রাজনীতিবিদ-আমলা চক্রের এই ত্রিভুজের ভিতটা হলো রাজনীতিবিদেরা; ব্যবসায়ী ও আমলা-ব্যাংকার চক্র ডানের ও বাঁয়ের দুই বাহু। দুর্নীতির এই ভিতটি জনগণের চোখের আড়ালে রাখতে পারা এক রাজনৈতিক শিল্প। রাজনৈতিক শিল্পীদের ছাড়া দুর্নীতির এই গীতবাদ্য কোনোভাবেই চলতে পারত না। আবার এটাও সত্য যে, একদল সৎ ব্যাংকারের প্রচেষ্টাতেই সরকারি গুমর ফাঁস হয়। আশার কথা, এ ধরনের মানুষ এখনো প্রশাসনে এবং ব্যাংকিং ব্যবস্থার মধ্যে লড়াই করে চলেছেন। গত জুন মাসে সংসদে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশের ঋণখেলাপির সংখ্যা বর্তমানে এক লাখ ২২ হাজার ৪৩৭ জন। হিসাবটায় চিকন চালাকি আছে। চুনোপুঁটি ঋণখেলাপিদের ভিড়ে বড় রুই-কাতলারা বেশ লুকিয়ে আছেন। তাঁদের সংখ্যা দুই-আড়াই হাজারের বেশি নয়। ১৯৯৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সংসদে দুই হাজার ১১৬ জন তারকা ঋণখেলাপির সংখ্যা জানিয়েছিলেন। তাঁরা এক থেকে বহু কোটি টাকা খেলাপ করেছিলেন। এই তালিকাটি ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মইনুল ইসলাম বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের একদল গবেষককে নিয়ে একটি গবেষণাকর্ম সম্পাদন করেছিলেন ‘এ প্রোফাইল অব ব্যাংক লোন ডিফল্ট ইন দ্য প্রাইভেট সেক্টর ইন বাংলাদেশ (২০১০)’ নামে। তিনি জানাচ্ছেন, ‘খেলাপি ঋণের যে পরিসংখ্যান বাংলাদেশ ব্যাংক প্রকাশ করে চলেছে, সেটা ‘‘অর্ধসত্য” এবং খণ্ডিত। কারণ, প্রকাশিত পরিমাণে চতুরতার সঙ্গে “অবলোপনকৃত মন্দ ঋণ” বারবার বাদ রাখা হচ্ছে।’ এ রকম মন্দ ঋণের পরিমাণ ৮৭ শতাংশ। এভাবে রাইট-অফ পদ্ধতির নামে আসল খলনায়কদের ব্যাংকের খাতাপত্রের অন্ধকারে লুকিয়ে রাখার কাজ রাষ্ট্রযন্ত্রই করলেও পরামর্শটা বিশ্বব্যাংক-আইএমএফের। মইনুল ইসলাম বলছেন, ‘২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত মোট কত মন্দ ঋণ অবলোপন করা হয়েছে এবং ওই অবলোপনকৃত মন্দ ঋণের কত শতাংশ এ পর্যন্ত আদায় করা গেছে, তার কোনো হিসাব এখন আর বাংলাদেশ ব্যাংক প্রকাশ করছে না। এ ক্ষেত্রে ব্যাংকগুলোর ব্যর্থতা পর্বতপ্রমাণ। এসব তারকা খেলাপির অনেকেই এখন রাজনৈতিক ক্ষমতার জোরে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান বা পরিচালক হিসেবে আবারও ক্ষমতা দেখাচ্ছেন। জনগণের আমানত লোপাট করে দেওয়ার অপরাধে অপরাধী এসব “জাতিদ্রোহী ব্যক্তি” আর কত দিন রাজনৈতিক ছত্রচ্ছায়া পেয়ে যাবেন? (প্রথম আলো, ৮ জুলাই)’ মইনুল ইসলামের এই অনুসন্ধানেরই তথ্য: চোরাচালানই ছিল তারকা খেলাপিদের ৩১ জনের প্রধান ব্যবসা। এর সহজ মানে হচ্ছে, দুর্বল শিল্প রক্ষার নামে ঋণ নিলেও তাঁরা আসলে সেই অর্থ চোরাচালানে লাগিয়েছেন। আর এই অর্থের জোগান দিয়ে গেছে রাষ্ট্রীয় ব্যাংকিং ব্যবস্থা। কী ভয়ানক এবং কী মর্মান্তিক! ২০০৯ সালে ৮৫ বছর বয়সী মুক্তিযোদ্ধা কৃষক মনোরঞ্জন রায়কে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্য প্রকাশিত হয় প্রথম আলোয়। তাঁর খেলাপ হয়েছিল মাত্র নয় হাজার টাকা। ২০০৯ সালে পটুয়াখালীর কৃষক ইসমাইল হাওলাদার কৃষিঋণের দায়ে কোমরে দড়ি পড়ার ভয়ে গলায় দড়ি দেন। এ দেশে পুঁজির অভাবে নারায়ণগঞ্জের আদমজী, খুলনার পিপলস, সিরাজগঞ্জের কওমী জুট মিলের লাখ লাখ শ্রমিকের অন্নসংস্থানের উপায় কেড়ে নেওয়া হয়। শ্রমিকেরা আন্দোলনে ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন, ছেলেমেয়েরা পথে নামে, স্ত্রী-কন্যাদের কেউ কেউ দেহ বিক্রির বাজারে গিয়ে দাঁড়ায়। অথচ এ দেশেই মুখোশের আড়ালে থাকা লুটেরারা এবং মুখোশ খুলে পড়া তানভীর মাহমুদরা রাষ্ট্রীয় দায়মুক্তি উপভোগ করে বেড়ান? খেলা চলতে থাকে, চাকা ঘুরতে থাকে, বাণী ঝরতে থাকে। কিন্তু কত দিন আর কত দিন, হে সেলুকাস?ফারুক ওয়াসিফ: লেখক ও সাংবাদিক।[email protected]