জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বেশ কিছুদিন ধরে অনিয়ম চলছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি প্রতিষ্ঠানের পরিচালককে সরিয়ে বক্ষব্যাধি হাসপাতালের প্যাথলজি বিভাগের একজন অধ্যাপককে পরিচালক নিয়োগ করে সমস্যাটি বাড়িয়ে দিল। এতে অনিয়ম, অব্যবস্থাপনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। কারণ, এখানে দক্ষ ব্যবস্থাপনার জন্য দরকার জ্যেষ্ঠ, বিশেষজ্ঞ ক্যানসার চিকিৎসক। প্রতিষ্ঠানের মধ্যেই এমন উপযুক্ত বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও তাঁদের বাদ দিয়ে বাইরে থেকে একজন পরিচালক এনে মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। এতে প্রতিষ্ঠানটি নিজেই ক্যানসারে আক্রান্ত হয়ে পড়বে।
নতুন পরিচালকের চিকিৎসক পরিচয়ের চেয়েও বড় হয়ে উঠেছে তাঁর রাজনৈতিক পরিচয়। তিনি সরকারি দলের সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সক্রিয় সদস্য। ছাত্রজীবনেও তিনি তাঁর মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ছিলেন। সাধারণত কোনো বিশেষায়িত চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের পরিচালকের পদে ওই বিশেষ রোগের বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়ে থাকে। কিন্তু ক্যানসার ইনস্টিটিউটে এর ব্যতিক্রম ঘটল কেন? এটা কি একজন স্বাচিপকর্মীকে ঢোকানোর জন্য? উড়ে এসে জুড়ে বসা লোক দিয়ে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে শেষ পর্যন্ত যে খোদ প্রতিষ্ঠানটির অস্তিত্ব নিয়েই টান পড়ে।
ক্যানসার ইনস্টিটিউটে দেশের গরিব রোগীরা স্বল্প ব্যয়ে উন্নতমানের সেবা পেয়ে থাকে। হাসপাতালে চিকিৎসার আধুনিক, উন্নত ও দামি যন্ত্রপাতি রয়েছে। এ জন্য এ বিশেষায়িত হাসপাতালে চাপ খুব বেশি। ক্যানসার রোগীর কষ্ট বোঝা, তাদের দরদ দিয়ে সেবাযত্ন করা এবং হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণের জন্য দরকার জ্যেষ্ঠ ও বিশেষজ্ঞ ক্যানসার চিকিৎসকের দক্ষ ব্যবস্থাপনা। সেখানে সদ্য নিয়োগপ্রাপ্ত প্যাথলজি বিশেষজ্ঞ দিয়ে হয়তো হাসপাতালের দলীয় রাজনৈতিক চিকিৎসা চলতে পারে, ক্যানসার চিকিৎসা ব্যবস্থাপনা নয়।
তাই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।