‘ক্রীতদাস’ শব্দটি উচ্চারণ করলে একধরনের মানুষের ছবি চোখে ভাসে। মুখাবয়ব মলিন, যন্ত্রণাক্লিষ্ট। ক্ষীণ স্বাস্থ্য এবং নুয়ে থাকা দেহভঙ্গিমার নারী-পুরুষগুলো রোদে পুড়ছে অথবা খেতখামারে কাজ করছে অন্যের ইচ্ছায়। তার নিজস্ব কোনো ইচ্ছা নেই, হাসি-কান্না নেই, বিশ্রাম নেই। তার সবকিছুই নির্ভর করছে ‘মালিক’-এর ওপর। তার জীবন-মৃত্যুর নির্ধারক এই ‘মালিক’। ‘মালিক’ চাইলে সে বাঁচবে অথবা মরবে। কারণ, ‘মালিক’ দ্বারা সে দাস হিসেবে ক্রীত হয়েছে। তাই তার নাম ক্রীতদাস। প্রাচীন গ্রিসে, আরবে, ইউরোপে, আমেরিকায় দাস কেনাবেচা হতো। অ্যালেক্স হ্যালির বিখ্যাত উপন্যাস রুটস ক্রীতদাসদের বেদনা-জর্জরিত জীবনের আলেখ্য। বাংলাদেশ টেলিভিশনের কল্যাণে আশির দশকের টিভি দর্শকেরা রুটস-এর চিত্ররূপ দেখেছে। বেদনার্ত হয়েছে।তাই তো হওয়ার কথা। মানুষ হিসেবে অন্য মানুষের মানবেতর জীবনের সংবাদে উৎফুল্ল তো হওয়া যায় না। যদিও সাভারের ভবনধসে অগণন মানুষের মৃত্যুকে কেউ কেউ আল্লাহর গজব বলে সিদ্ধান্ত দিয়েছেন। ভবন নির্মাণে শুরু থেকেই ত্রুটি ছিল। ভবনের ভিত্তি যতটা ভার বইতে পারবে, সেই সীমা লঙ্ঘন করে তিনতলা ভবনটিকে নয়তলায় রূপান্তরিত করা হয়েছিল এবং বর্ধিত অংশে পোশাক কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল। দুর্ঘটনায় বেঁচে যাওয়া মানুষগুলোর কেউ কেউ গণমাধ্যমকে বলেছেন, কারখানায় সব মেশিন যখন একসঙ্গে চালু থাকত, তখন ভবনটি কখনো কখনো কাঁপত। ধারণা হয় এই যে, রানা প্লাজা নামের ভবনটি ধসে পড়ার আগে সেখানে যে ফাটল ধরেছিল, তা দীর্ঘদিনের অতিরিক্ত চাপের ফল। অবহেলার ফল। মুনাফালোভী কতিপয় ‘মালিক’-এর পাশবিক নির্বিকারত্বের ফল।এই মালিকেরা কিন্তু সংঘবদ্ধ। যদিও তাঁরা প্রতিটি দুর্ঘটনার পরপরই আশ্বাস দিতে থাকেন এই বলে যে, এসবের আর পুনরাবৃত্তি হবে না, ক্ষতিগ্রস্ত লোকজনকে যথাযথ সাহায্য করা হবে, পুনর্বাসন করা হবে। এখন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সনদ নিয়ে কথা ওঠে, বাংলাদেশের শ্রম আইনের নানা ধারা-উপধারার ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়, গণমাধ্যমে কিংবা মতবিনিময় সভায় শ্রমিকের অধিকার রক্ষার প্রত্যয় ব্যক্ত হয়। এসব সুশীল কথা আমাদের প্রমিত উচ্চারণে শ্রমিকের কাছ থেকে দূরে সরে আসতে থাকে এবং অবশেষে তা মালিকপক্ষের চারপাশে স্বস্তির আবহ ছড়িয়ে দেয়। শ্রমিকেরা তখনো মানুষ হতে পারেন না, এমনকি জীবন্ত থেকে মৃতে পরিবর্তিত হয়ে যাওয়ার পরও তাঁরা কেবলি কয়েকটি সংখ্যা মাত্র। আমরা বলে ফেলি পাঁচ শতাধিক শ্রমিকের (মানুষের না) লাশ উদ্ধার হয়েছে। মালিক-শ্রমিক উৎপাদন সম্পর্কের সমাজে যে শ্রেণীবিভাজন আছে, আমাদের উচ্চারণে তারই পুনরাবৃত্তি ঘটে। এই উৎপাদন সম্পর্ক বহাল রেখে মহাবিশ্ব ধ্বংসের মতো প্রকাণ্ড কোনো ‘গজব’ ঘটলেও আমাদের ভাবমানসের মুক্তি নেই।ঘোর অন্ধকারে কখনো কখনো আলোর ঝলকানি থাকে। সেই আলোতে মানবিক মুখ দেখা যায়। রানা প্লাজার দুর্ঘটনায় আরেক রকম উদ্বোধন হলো মনুষ্যত্বের। এ রকম ধ্বংসস্তূপে কাজ করার পূর্বদক্ষতা ও অভিজ্ঞতাহীন তরুণ বয়সীরা অবলীলায় সুড়ঙ্গ খুঁড়ে কংক্রিটের শক্ত ঢালাইয়ে চাপাপড়া আহত ও নিহত মানুষের কাছে পৌঁছেছেন, কাঁধে করে তুলে এনেছেন ওপরে। নিকটবর্তী এনাম হাসপাতালের তাৎক্ষণিক চিকিৎসাসেবা, অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে লাশ শনাক্ত করার কাজে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবা, বিনা মূল্যে ফোন করার ব্যবস্থা নিয়ে দুই তরুণের ঠায় দাঁড়িয়ে থাকা আর স্বজনহারাদের হাহাকারে মানুষ যখন কেবলই মানুষের হাত খুঁজছে, তখন বিজিএমইএর কোনো কর্তাব্যক্তিকে সেখানে দেখা গেল না। রাষ্ট্র আসলে কার পক্ষে? এ প্রশ্নে ভুরু কোঁচকানোর অবকাশ নেই। এটি দিনান্তের জিজ্ঞাসা যেমন দিনের শুরুতেও তাই। গত ১০ বছরে ভবনধসে কিংবা অগ্নিকাণ্ডে শত শত শ্রমিক পোশাক কারখানায় কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। প্রতিটি দুর্ঘটনার পর সরকারি উদ্যোগে যথারীতি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে, হয়তো তদন্তও হয়েছে, কিন্তু কেউ কি অভিযুক্ত হয়েছে? কারও দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে? নিকট অতীতের তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের কথা স্মরণ করা যেতে পারে। সেই রাতের আগুনে ১১২ জন মানুষ পুড়ে অঙ্গার হয়ে গেলেন শুধু কারখানা থেকে বেরোতে না পেরে। তাঁদের বের হওয়ার কোনো উপায় ছিল না, কর্তৃপক্ষ সেই ব্যবস্থার মুখে তালা ঝুলিয়ে রেখেছিল। সেই তালা লাগিয়ে কারখানা চালানো মালিক দেলোয়ার কি শাস্তি পেয়েছেন? ওটা কি হত্যাকাণ্ড ছিল না? এসব কি হত্যাকাণ্ড নয়?রানা প্লাজায় ফাটল ধরার পর দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী ওই ভবনে আর আসেননি। তৃতীয় তলায় দুই শতাধিক ছোট ছোট দোকানের কোনো মালিক-কর্মচারী তাঁদের দোকান খোলেননি। কিন্তু আসতে হয়েছে পোশাকশিল্পের ওই শ্রমিকদের। কারণ, তাঁরা নিম্নবর্গের মানুষ। তাঁদের জোর করা যায়। ভয় দেখানো যায়। সেদিনও তা-ই করা হয়েছিল। রাষ্ট্র বরাবরের মতো তাঁদের মৃত্যুর পক্ষে দাঁড়িয়েছিল। মালিকি ব্যবস্থার রাষ্ট্রে ক্রীতদাসের জীবনের মূল্য কীই-বা এমন।মালিকের মুনাফালোভী জিবের লকলকে স্পর্শে শিউরে উঠেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে বিরাজমান পরিবেশের সমালোচনা করলেও ইউরোপ ও আমেরিকার বড় বড় ক্রেতার (ওয়াল-মার্ট, এমঅ্যান্ডএইচ) কোনো সমালোচনা তিনি করেননি। মে দিবসে তাঁর বাসভবনে উপস্থিত লোকদের উদ্দেশে এক ভাষণে পোপ ফ্রান্সিস বলেছেন, ‘(সাভারে) যে পোশাককর্মীরা নিহত হয়েছেন, মাসে তাঁদের ৩৮ ইউরো (৫০ ডলার) করে দেওয়া হতো। একেই বলে ক্রীতদাসের শ্রম।’ (প্রথম আলো, ৩ মে ২০১৩) পারিশ্রমিকের কথা যখন উঠলই, আপনাদের জানিয়ে রাখছি, চীনে একজন পোশাককর্মীর ন্যূনতম মজুরি ৫০০ থেকে ৬০০ ডলার। আমাদের দেশে পোশাককর্মীরা না হয় অবস্থার কারণে ক্রীতদাসের মতো। তাঁদের সংখ্যা ৪০ লাখ। মালিকের সংখ্যা ধরা যাক ১০ হাজার। ১৬ কোটি মানুষের বাদবাকিরা কোথায় হারালাম? প্রতিবাদহীনতায় কে কিনেছে আমাদের? আমরা কার ক্রীতদাস?মাহমুদুজ্জামান বাবু: গায়ক ও সংস্কৃতিকর্মী। [email protected]