বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশের যেসব ব্যক্তি ও সংগঠন বিভিন্নভাবে সমর্থন-সহযোগিতা দিয়েছিলেন, তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের যে উদ্যোগ সরকার নিয়েছিল, তা ছিল অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু তা বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশকে বিশ্বের কাছে খাটো করা হয়েছে: বিদেশি বন্ধু ও সংগঠনগুলোকে সরকারের দেওয়া ক্রেস্টে স্বর্ণের জালিয়াতি আমাদের মাথা হেঁট করে দিয়েছে।
কিন্তু এত বড় অপরাধের বিচার দুই বছরেও হয়নি; এখন যখন বিচারের সুপারিশ করা হচ্ছে, তখন ওই ঘটনার সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে যিনি ছিলেন, সেই এ বি এম তাজুল ইসলামকে অভিযোগের বাইরে রাখা হচ্ছে!
সাবেক প্রতিমন্ত্রীর দোষ পায়নি সংসদীয় কমিটি!মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এ ব্যাপারে যে তদন্ত কমিটি গঠন করেছিল, তাদের প্রতিবেদনের দাবি, জালিয়াতি হয়েছে বটে কিন্তু দায়ী ব্যক্তিদের মধ্যে প্রতিমন্ত্রীর নাম নেই। নাম আছে মন্ত্রণালয়ের চার কর্মকর্তা, কর্মচারী ও ক্রেস্ট সরবরাহকারী দুটি প্রতিষ্ঠানের মালিকের। অথচ এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তৎকালীন প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে দায়ী করেছিল।
ক্রেস্টের স্বর্ণ জালিয়াতির নজিরবিহীন ঘটনাটির সুষ্ঠু বিচার ও এর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির সোচ্চার দাবি সত্ত্বেও সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে উৎসাহের অভাব লক্ষ করা গেছে। স্বয়ং প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, সোনা কম কিংবা বেশি এটা বড় কথা নয়। তাঁদের সম্মাননার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট দেওয়া হয়েছে, এটাই বড় বিষয়। তাঁর এ মন্তব্য থেকে যে বার্তা পৌঁছে যায়, সেটা এ গর্হিত অপরাধের গুরুত্ব খাটো করে এবং বিচারের সম্ভাবনা ক্ষুণ্ন করে।
মর্মান্তিক প্রহসন হলো সংসদীয় স্থায়ী কমিটি তাদের প্রতিবেদন যাঁর কাছে জমা দিয়েছে, তিনি স্বয়ং তৎকালীন প্রতিমন্ত্রী, স্বর্ণ জালিয়াতির দায় যাঁর ওপর অবশ্যই বর্তায়। এসব প্রহসন বাদ দিয়ে ক্রেস্টের স্বর্ণ জালিয়াতির সঠিক বিচার করে ও দায়ী ব্যক্তিদের শাস্তি দিয়ে জাতিকে গ্লানিমুক্ত করা হোক।