এক ঠিকাদারি প্রতিষ্ঠান একসঙ্গে দুটির বেশি কাজ পাবে না—এই মর্মে আইন ও বিধি সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে, তা সুচিন্তিত ও দরকারি। কারণ, একই ঠিকাদার একসঙ্গে অনেক কাজ পেলে সাধারণত কোনো কাজেরই গুণগত মান ভালো হয় না, সময়ক্ষেপণ ঘটে এবং কোনো কোনো ঠিকাদার কোনো কোনো কাজ অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সরকারি ক্রয় আইন (২০০৬) ও সরকারি ক্রয় বিধিমালা (২০০৮) সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে, তার উদ্দেশ্য সরকারি ক্রয়ের ক্ষেত্রে ঠিকাদারদের জন্য দরপত্র-প্রক্রিয়ায় অংশগ্রহণ সহজতর করা এবং কাজের গুণগত মান উন্নত করা। এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ওয়াসা, তিতাস, বিটিসিএল, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রভৃতি সংস্থার নিজস্ব তহবিল ব্যবহার করে বিভিন্ন ছোটখাটো প্রকল্প বাস্তবায়নের বিষয়গুলোও সরকারি ক্রয় আইন ও বিধিমালার আওতায় আনার প্রস্তাবও উঠেছে।
আমরা মনে করি, আইন ও বিধিমালা সংশোধনের এই উদ্যোগ যথাযথ। তবে শুধু আইনি দলিলে পরিবর্তন আনার মধ্যেই এ উদ্যোগের সুফল নিশ্চিত করা যাবে না। বাস্তবায়ন করতে হবে; সেটা কঠিন। কারণ, সরকারি ক্রয়ের ক্ষেত্রে ঠিকাদারদের রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় সংশ্লিষ্ট স্থানীয় সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠানের নিরপেক্ষভাবে কাজ করা কঠিন হয়ে পড়ে। সংশোধন প্রস্তাবে বলা হয়েছে, কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি কাজ পাওয়ার পর সময়মতো সেগুলো শুরু ও শেষ করতে পারলে ওই প্রতিষ্ঠান আরও কাজ পাবে। আগের কাজের মূল্যায়ন করেও একাধিক কাজ দেওয়া হবে। এই ক্ষেত্রে মূল্যায়ন-প্রক্রিয়া শতভাগ নিরপেক্ষ না হলে আইন ও বিধিমালা সংশোধনের সৎ উদ্দেশ্য ব্যর্থ হবে। আরও একটি বিষয় বিবেচনায় রাখা দরকার। একই ঠিকাদারি প্রতিষ্ঠান একসঙ্গে দুটির বেশি কাজ পাবে না—এমন বিধান কার্যকর হলে ঠিকাদারদের মধ্যে আত্মীয়স্বজনের নামে একাধিক প্রতিষ্ঠান খোলার প্রবণতা বেড়ে যেতে পারে।
মোদ্দা কথা, সংশোধনীই যথেষ্ট নয়, সংশোধিত আইন-বিধির সুষ্ঠু, প্রভাবমুক্ত ও নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে হবে।