জেলা প্রশাসক জানেন না, কিন্তু সুনামগঞ্জের চলতি নদীতে বেআইনিভাবে বালু তোলা হচ্ছে! নদীতে বালুমহালের ইজারা নীতিমালা রয়েছে। সে অনুযায়ী ড্রেজার অথবা বোমা মেশিন দিয়ে নদীগর্ভ থেকে বালু তোলা নিষিদ্ধ। কিন্তু অধিকাংশ বালু ব্যবসায়ীই এ নিয়ম মানেন না। আইন রয়েছে, আইন দেখার জন্য পুলিশ ও প্রশাসক রয়েছেন। কিন্তু তাঁরা কি সেটি ভুলে গেছেন?
সুনামগঞ্জের ধোপাজান-চলতি নদ–নদীর কিছু এলাকা সরকারিভাবে বালুমহাল হিসেবে ঘোষিত। এসব বালুমহাল ইজারা দেওয়া হয় এবং ইজারাকৃত এলাকা থেকে বালু উত্তোলনের জন্য নিয়মও বেঁধে দেওয়া হয়েছে। ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন আইনত দণ্ডনীয়। প্রশাসন, ইজারাদার, বালু উত্তোলন ব্যবসায়ীরা এই নিয়ম জানেন, কিন্তু মানেন না। শনিবারের প্রথম আলোর সংবাদ থেকে দেখা যাচ্ছে, প্রকাশ্যেই নদী, নদীর পাড় ও জলচর প্রাণীদের জন্য ক্ষতিকর এই যন্ত্রগুলো দেদার ব্যবহৃত হচ্ছে!
সুনামগঞ্জের জেলা প্রশাসক নদীতে নিয়মিত অভিযান চালানোর দাবি করেছেন। অভিযান হয়, যথাসময়ে ড্রেজারবাহী নৌযানগুলো সরে যায় এবং অভিযানের শেষে তারা আবার ইচ্ছামতো বালু তোলে।
শুধু সুনামগঞ্জেই নয়, সোনারগাঁ-মুন্সিগঞ্জের মধ্যকার মেঘনা নদী, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যাসহ রাজধানীর আশপাশের বড় নদীতেও একইভাবে বালু উত্তোলন চলে আসছে। শুধু ইজারাকৃত এলাকাই নয়, এর বাইরেও চরে ও গ্রামের পাড়ে ড্রেজার
বসিয়ে বালু তোলা চলে। বালু–সন্ত্রাসীরা নদী ও পরিবেশের সর্বনাশ করে আসছে। এভাবে বোমা মেশিন ও ড্রেজারের কারণে নদীর পাড়ে ভাঙন, চরের জমি নদীতে বিলীন হওয়া এবং মাছের বিচরণেও ক্ষতি হচ্ছে। কিন্তু পরিবেশ ও নদীরক্ষা আইনের প্রয়োগ হতে দেখা যায় না।
স্বভাবতই ধরে নেওয়া যায়, পুলিশ ও প্রশাসনের একশ্রেণির অসাধু কর্মকর্তার সঙ্গে বালুমহালের ইজারাদার ও বালু ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে। আমরা আশা করব, উচ্চমহলের হস্তক্ষেপ ছাড়াই সুনামগঞ্জের প্রশাসন চলতি নদীতে সুশাসন কায়েম করবে।