প্রধানমন্ত্রী নিজে যখন হাওরাঞ্চলে ত্রাণ তৎপরতা জোরদার করতে বলেন, তখন জনমনে এমন ধারণা হওয়া অস্বাভাবিক নয় যে সেখানে ত্রাণ তৎপরতায় যথেষ্ট ঘাটতি আছে। শুরু থেকে ত্রাণের কাজে প্রশাসনের ধীর গতি লক্ষ করা গেছে। হাওরের দুর্গত অঞ্চলে সরকার যে পরিবারপ্রতি মাসে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে, তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আগাম বন্যার কারণে কৃষিনির্ভর এ অঞ্চলের পরিবারগুলো কার্যত তাদের সব হারিয়েছে। এই সামান্য সাহায্য পরিবারগুলোর বেঁচে থাকার জন্য কোনোভাবেই যথেষ্ট নয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, সুনামগঞ্জে মোট ফসলি হাওরের সংখ্যা ছোট-বড় মিলিয়ে ১৪২। সব হাওরই ডুবে গেছে। তলিয়ে গেছে দেড় লাখ হেক্টর জমির বোরো ধান। এবার জেলায় ২ লাখ ২৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এর বাইরে নেত্রকোনা ও কিশোরগঞ্জের বিস্তীর্ণ এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কৃষকেরা বলেছেন, আবাদ করা ধানের প্রায় ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে হাওরাঞ্চলের ৩০ লাখ মানুষের অধিকাংশ ক্ষতিগ্রস্ত, সেখানে ত্রাণ মন্ত্রণালয় কিসের ভিত্তিতে ৩ লাখ ৩০ হাজার জনের তালিকা করল? এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাই পুরো বিষয়টি সরেজমিনে পুনর্নিরীক্ষা করা প্রয়োজন। ত্রাণসাহায্য থেকে যেন একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তিও বাদ না পড়েন, তা নিশ্চিত করতে হবে।
হাওরের বেশির ভাগ এলাকায় একটি ফসল ফলে। এবারের বানে তা প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে। হাওরের মাছের ওপর জেলেদেরই অধিকার থাকার কথা। কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা এসব হাওর লিজ নিয়ে জেলেদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেন। অন্তত এই দুর্যোগ মুহূর্তে সেটি বন্ধ হওয়া প্রয়োজন। হাওরের পরিস্থিতি এখন এতটাই নাজুক যে সেখানে অবস্থাপন্ন কৃষক ও দিনমজুরেরা প্রায় একই স্তরে নেমে এসেছেন। সরকার হাওরাঞ্চলে কম দামে ওএমএসের চাল বিক্রি করছে। দরিদ্র কৃষকদের যাঁরা সব হারিয়েছেন, তাঁদের হাতের পয়সা ফুরালে চাল কিনবেন কোথা থেকে?
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শুরুতেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিত করা এবং কী ধরনের ও কী পরিমাণ সাহায্যের প্রয়োজন, তা বের করতে হবে। আগামী ফসল বা জীবন-জীবিকা নিশ্চিত না করা পর্যন্ত ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সাহায্য জুগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। অবস্থাপন্ন কৃষকের পক্ষে ত্রাণশিবিরে গিয়ে চাল বা টাকা নেওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে সহায়তার বিকল্প পথ খুঁজতে হবে।
দুঃখের অমানিশা কাটিয়ে হাওরবাসী ঘুরে দাঁড়াক। আবার সেখানে কৃষক-জেলেসহ সব মানুষের মুখে হাসি ফুটে উঠুক।