ক্ষমতাবানদের বন দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বনসম্পদ দখল আর বন বিভাগের দুর্নীতি নিয়ে মন্ত্রী ও সচিব মিলে যে বক্তব্য দিয়েছেন, তাতে সামনে দেশে বনসম্পদ বলে আদৌ কিছু থাকবে কি না, সে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
আন্তর্জাতিক বন দিবসের আলোচনায় বন ও পরিবেশমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তাতে তাঁর অসহায় দশাই ফুটে উঠেছে। তিনি কোনো রাখঢাক না করেই বলেছেন ক্ষমতাবানেরা বন দখল করছেন, পরিবেশের ছাড়পত্র ছাড়াই শিল্পকারখানা স্থাপন করছেন। তাঁদের ক্ষমতার কাছে পেরে ওঠার শক্তি যে রাষ্ট্রীয় সংস্থাগুলোর নেই, তা তিনি স্বীকার করেছেন।
বন বিভাগের ভয়াবহ দুর্নীতির তিনি উল্লেখ করেছেন। একই সুরে কথা বলেছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবও। প্রশ্ন হচ্ছে, বনসম্পদ দখল, দুর্নীতি ও বাস্তবতা স্বীকার করে নিলেই কি মন্ত্রী বা সচিবের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে? এসব প্রভাবশালী ব্যক্তির অন্যায়, অনিয়ম ও দখল থেকে দেশের বনসম্পদ রক্ষার দায়িত্ব নিয়েই তো তাঁরা মন্ত্রী-সচিব হয়েছেন।
বনসম্পদ দখল যখন ঠেকানো যাচ্ছে না ও বন বিভাগের বিরুদ্ধে যখন মাত্রাছাড়া দুর্নীতির অভিযোগ; তখন প্রধান বন সংরক্ষকের বক্তব্যের বিষয় হচ্ছে বন বিভাগের ক্যাডার ও নন-ক্যাডার বৈষম্য। এটা হয়তো একটি সমস্যা, কিন্তু তা কি বন বিভাগের দুর্নীতিকে জায়েজ করে? প্রধান বন সংরক্ষক হিসেবে বন বিভাগের দুর্নীতির দায় ও এর জবাবদিহি তো তাঁরই করার কথা।
এটা ঠিক যে জনবহুল বাংলাদেশে বনসম্পদ রক্ষার কাজটি সহজ নয়। কিন্তু আমরা মনে করি যে বাস্তবতা স্বীকার করার পাশাপাশি কারা এসব অপকর্ম করছেন এবং তাঁদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়ে তাঁরা ব্যর্থ হয়েছেন, সেগুলো জানার অধিকার দেশবাসীর আছে। বনসম্পদ রক্ষায় জনমত গড়ে তোলার যে কথা সভায় উঠে এসেছে, তাও বিবেচনায় নেওয়া জরুরি বলে মনে করি।