বর্তমান রাজনৈতিক সংকট ও এর উত্তরণ সম্পর্কে বলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান এবং সাবেক মন্ত্রী, সাংসদ ও আইনজীবী আবদুল মতিন খসরু। সাক্ষাৎকার নিয়েছেনসোহরাব হাসান ও মিজানুর রহমান খানপ্রথম আলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কীভাবে ব্যাখ্যা করবেন? হোসেন জিল্লুর রহমান বর্তমানে যে আমরা গভীর সংকটের মধ্যে আছি তা নিয়ে দ্বিমতের অবকাশ নেই। সংকটের দুটো পর্যায় আছে। এই মুহূর্তে সংকটটি আমাদের অভিজ্ঞতার জগৎকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। সহিংসতার অভিঘাত কেবল সরকার বা রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপরই পড়ছে না; নাগরিকদের দৈনন্দিন জীবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ছে। ব্যাখ্যা-বিশ্লেষণের চেয়েও জরুরি হলো অবিলম্বে এই সহিংসতা বন্ধ করা। অন্যথায় রাষ্ট্র হিসেবে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। সংকটের দ্বিতীয় দিক হলো অর্থনীতিতে এর অভিঘাত। আমাদের সামনে চলার এবং সমৃদ্ধি অর্জনের যে সম্ভাবনা, সেটি মারাত্মক হুমকির মুখে। বিদেশি বিনিয়োগকারী বা পণ্যের ক্রেতারা আসছেন না, এলেও ফিরে যাচ্ছেন। এটি বড় অশনিসংকেত।আরেকটি দিক হলো, নীতিনির্ধারকেরা অর্থনৈতিক বিষয়গুলোর প্রতি মনোযোগী হচ্ছেন না। বড় সিদ্ধান্তগুলো আটকে আছে। তাই সংকট নিরসনে এখনই পদক্ষেপ নিতে হবে। প্রথম আলো ইতিমধ্যে আমদানি-রপ্তানি কিংবা শিল্পপণ্য উৎপাদনে বিরূপ প্রভাব লক্ষ করা যাচ্ছে।হোসেন জিল্লুর রহমান কিছুদিন ধরেই আমরা বলে আসছি বাংলাদেশ সম্ভাবনাময় ও দ্রুত অগ্রসরমাণ অর্থনীতির দেশ। কিন্তু এভাবে সহিংসতা চলতে থাকলে আমরা প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ব। তখন চীন থেকে যে ব্যবসা বাংলাদেশে আসার কথা, সেটি অন্য দেশ নিয়ে যাবে। প্রথম আলো এই সংকটের কারণ কী?হোসেন জিল্লুর রহমান সংকটের একটি কারণ হলো আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা প্রতিযোগিতার ক্ষেত্রটিকে অস্থির করে তুলেছে এবং একেকজন প্রতিযোগী একেকভাবে তা ব্যবহার করছে। এক পক্ষ অপর পক্ষকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইছে। কিন্তু সংকটের আরেকটি কারণ হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সক্ষমতার ধস, যা ঠিক নির্বাচনের সীমিত গণ্ডিতে পরিমাপ করা যাবে না। এর প্রধান কারণ ক্ষমতার বিন্যাসের মধ্যে ভারসাম্যহীনতা। এ সংকটটিও হঠাৎ করে আসেনি। আমরা একজনের হাতে সর্বময় ক্ষমতা অর্পণ করেছি; যিনি একই সঙ্গে নির্বাহী বিভাগের প্রধান, আইনসভার নেতা এবং দলেরও প্রধান। এই ভারসাম্যহীনতা রাষ্ট্র পরিচালনাকে অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক করে ফেলেছে। প্রকৃতপক্ষে রাষ্ট্র পরিচালিত হওয়ার কথা আইন বা পদ্ধতি দ্বারা। কিন্তু আমাদের এখানে যা চলছে তা হলো ব্যক্তিকেন্দ্রিক শাসন। ফলে বিচ্যুতিও বেশি ঘটছে। একজনের পক্ষে সবকিছু দেখা বা জানা সম্ভব নয়। অথচ তাঁকেই সব বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়।প্রথম আলো ক্ষমতার ভারসাম্য কীভাবে আনা সম্ভব? তত্ত্বাবধায়ক সরকারের আমলে আপনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন?হোসেন জিল্লুর রহমান ক্ষমতাবিন্যাসের কাঠামো নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা উচিত। আমরা যদি এই কাঠামো পরিবর্তন না করতে পারি তাহলে কিছুকাল পরপরই ক্রান্তিকাল দেখা দেবে এবং গোটা জাতি সংকটে পড়বে। একবার হয়তো একটি ফর্মুলা বের করে খাদের কিনার থেকে সরে এলাম। কিন্তু সংকট আবার সেই পুরোনো চেহারায়ই ফিরে আসবে। এখানে ক্ষমতায় থাকা না-থাকা জীবনমরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ক্ষমতায় থাকলে সবকিছু আছে, না থাকলে কিছুই না। যদিও গণতান্ত্রিক ব্যবস্থায় তা হওয়ার কথা নয়।সংকটের দ্বিতীয় মাত্রা হলো রাষ্ট্র পরিচালনার বিভিন্ন স্তরে অযোগ্যদের বসানো; যোগ্যদের পেছনের সারিতে ফেলে দেওয়া। বলা যায়, অযোগ্যতার মহোৎসব চলছে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীও প্রচণ্ড ক্ষমতাধর ছিলেন। কিন্তু সেখানে অযোগ্যদের প্রশ্রয় দেওয়া হয়নি। যোগ্যদের বসানো হতো। প্রশাসনে নিয়মশৃঙ্খলা ভেঙে পড়ার কারণ অসততা। অযোগ্য ও দুর্নীতিবাজকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে দুর্নীতি বেড়েছে, প্রকল্পগুলো স্থবির হয়ে আছে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে সেটি হয়নি, ফলে তারা এত দ্রুত উন্নতি করতে পেরেছে।প্রথম আলো গত দুই দশকে বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা কি অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হয়নি? হোসেন জিল্লুর রহমান অবশ্যই হয়েছে। তবে গত দুই দশকের সার্বিক অভিজ্ঞতা এভাবে ব্যাখ্যা করা যায়, প্রগতিশীল অর্থনীতি, ত্রুটিযুক্ত রাজনীতি। কিন্তু এই ধারা ধরে রাখা সম্ভব হবে কি না, সেটাই বড় প্রশ্ন। প্রবৃদ্ধি নিয়ে বড়াই করলেও গত তিন-চার বছরে প্রবৃদ্ধি একটি জায়গায় থেমে আছে। আমাদের জনসংখ্যার বিরাট অংশ তরুণ। তাদের সামান্য প্রচেষ্টা অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিতে পারে। কিন্তু তারা অনুকূল পরিবেশটি পাচ্ছে না। প্রথম আলো না পাওয়ার কারণ কী?হোসেন জিল্লুর রহমান আইডেনটিটি বা পরিচয়সত্তার রাজনীতিকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই। রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত দেশের ও সমাজের উন্নয়ন। যেসব দেশ এগিয়েছে তারা কিন্তু পরিচয়সত্তার রাজনীতির একটি সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরি করতে পেরেছে। বাংলাদেশের মানুষেরা উদার, সহনশীল, একই সঙ্গে ধর্মীয় চেতনাকেও মর্যাদার জায়গায় রাখতে চায়। কিন্তু এই দুটোকে মুখোমুখি দাঁড় করানো দুষ্ট রাজনীতিরই ফল। বহুমাত্রিক পরিচয়কে ধারণ করেই আমাদের অর্থনীতি ও রাজনীতিকে এগিয়ে নিতে হবে। একক পরিচয়সত্তা নিয়ে এগোনো যাবে না। বাংলাদেশের মূল যে শক্তি অর্থাৎ বৃহত্তর জনগণ তারা একাত্তরের উত্তরাধিকার যেমন বহন করে তেমনি ধর্মীয় চেতনার প্রতিও শ্রদ্ধাশীল। আর একাত্তরের উত্তরাধিকার বহনে তারাই তো মূল শক্তি; অভিজাত রাজনীতিকেরা নন। তাদের সঙ্গে রাজনীতি খাপ খাওয়াতে পারছে না। একাত্তরের মীমাংসার কথাটির মধ্যে ফাঁক আছে। সাধারণ মানুষ একাত্তরে সমৃদ্ধির স্বপ্নই দেখেছিল। তারা দলীয়করণ চায়নি। জাতি হিসেবে সম্মিলিতভাবে এগোতে হবে, হানাহানির পথে নয়। প্রথম আলো যুদ্ধাপরাধের বিচারের বিষয়টিকেও কি এই পরিচয়সত্তার সংকটের অংশ করতে চাইবেন? হোসেন জিল্লুর রহমান না, সেটি তো আইনি প্রক্রিয়া। কিন্তু সমস্যা হলো যুদ্ধাপরাধের বিচার নিয়ে আইনি প্রক্রিয়ার বাইরে রাজনৈতিক বক্তৃতা-বিবৃতি বেশি হচ্ছে। একাত্তরে যারা সুনির্দিষ্ট অপরাধ করেছে, তাদের বিচার হোক—এটা সবাই চায়। কিন্তু এ নিয়ে রাজনীতি কাম্য নয়। প্রথম আলো সংকট থেকে উত্তরণের উপায় কী? হোসেন জিল্লুর রহমান উত্তরণের প্রথম করণীয় হচ্ছে বর্তমান সংকটের বহুমাত্রিকতা উপলব্ধি করা। সরকার ও বিরোধী দল মুখোমুখি অবস্থানে। তারা মনে করে প্রতিপক্ষকে পরাস্ত করতে পারলেই বিজয় নিশ্চিত হবে। সে ক্ষেত্রে আমাদের প্রথম করণীয় হবে তাদের উপলব্ধি করানো যে এতে দেশ মারাত্মক সংকটে পড়েছে এবং তা থেকে উত্তরণের পথও তাদেরই খুঁজে বের করতে হবে। আমরা মনে করেছিলাম মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রাজনৈতিক বিরোধের নিষ্পত্তি করে ফেলেছি এবং অর্থনৈতিক সমস্যাই বড় হয়ে দেখা দেবে। যুদ্ধবিধ্বস্ত দেশ, দুর্ভিক্ষ ইত্যাদি। কিন্তু ৪২ বছর পর দেখা যাচ্ছে আমরা অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছি। কিন্তু রাজনৈতিক বিরোধের মীমাংসা করতে পারিনি। দেশের অর্থনীতির চালিকাশক্তি সাধারণ মানুষ; আর রাজনীতির চালিকাশক্তি ‘দুষ্ট বুদ্ধির অভিজাত শ্রেণী’। জাতীয় সংসদের দিকে তাকালে দেখা যাবে নানা ধরনের স্বার্থবিরোধের মধ্যে রাষ্ট্রীয় নীতি খাবি খাচ্ছে। অর্থমন্ত্রী হল-মার্কের মতো প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গাইছেন। প্রথম আলো আগামী নির্বাচন নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, তার সমাধান কী? হোসেন জিল্লুর রহমান আমি বিষয়টি আবেগ দিয়ে দেখতে চাই না। রাষ্ট্র পরিচালনার সংকটকে এড়িয়ে কিংবা পাশ কাটিয়ে এর সমাধান খুঁজলে হবে না। রাষ্ট্র পরিচালনার কাঠামো কিংবা ক্ষমতার বিন্যাস কী হবে, সে নিয়ে নাগরিক সমাজকে ভাবতে হবে। দুই প্রধান রাজনৈতিক গোষ্ঠী চেষ্টা করে আসছে, সবাইকে তাদের পক্ষে নিতে। অনেকেই বলছেন জাতি বিভক্ত। আসলে জাতি বিভক্ত নয়। বিভক্ত অন্ধ সমর্থক গোষ্ঠী। দুই দলের ভোটারদের মধ্যেও পার্থক্য আছে। কিছু আছে অন্ধ সমর্থক, যাদের সংখ্যা ২০-২৫ শতাংশের বেশি হবে না। এর বাইরের ৭৫-৮০ শতাংশ মানুষ কিন্তু একাত্তরের উত্তরাধিকার হিসেবে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কিছুদিন আগেও আন্তর্জাতিক মহল বাংলাদেশ সম্পর্কে বেশ আগ্রহী ছিল। তারা সমস্যা সমাধানের তাগিদ দিত। এখন বলছে, তাদের হাতে জাদুর কাঠি নেই। অর্থাৎ আমাদের ভাবমূর্তি তলানিতে এসে ঠেকেছে। আজ কেউ মধ্যস্থতা করতেও রাজি হবে না। কেননা, সবাই মিলে সংকটের সমাধান করল; আর রাজনীতিকেরা তিন-পাঁচ বছর পর আবার মারামারি করবেন, তা কাম্য হতে পারে না।তবে নির্বাচন নিয়ে এই মুহূর্তে সংলাপ ও সমঝোতা জরুরি। প্রথম আলো তাতে সংকট কাটবে কি? হোসেন জিল্লুর রহমান নির্বাচনকেন্দ্রিক বিরোধের সমাধান হয়ে গেলেও মূল সমস্যা থেকেই যাবে।সে জন্য দুটি বাড়তি উদ্যোগ নেওয়া প্রয়োজন। অর্থনীতির সংকটের গভীরতা তুলে ধরতে এক্ষুনি একটি সামিট বা মহাসম্মেলন হওয়া প্রয়োজন। কেননা, বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীরা মুখ ফেরালে কিছুই করার থাকবে না। এই কাজটি ব্যবসায়ীদেরই করা উচিত ছিল। কিন্তু তাঁরা তা করছেন না বা এককভাবে পারবেনও না। এ ক্ষেত্রে নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। বলতে হবে, ‘বাস মিস করা চলবে না।’ একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অযোগ্যতার মহোৎসব বন্ধ করতে হবে। ক্ষমতার বিন্যাসে ভারসাম্য আনতে হবে। নাগরিক সমাজকে গণতান্ত্রিক বিকল্প ইশতেহার প্রণয়ন ও প্রকাশেরও উদ্যোগ নিতে হবে। সবশেষে নানা প্রতিকূলতা সত্ত্বেও আমি বলব, ঘুরে দাঁড়ানো সম্ভব। প্রথম আলো আপনাকে ধন্যবাদ।হোসেন জিল্লুর রহমান ধন্যবাদ।