ক্ষমতাসীন দলের দুর্বৃত্তদের থামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার প্রকাশিত প্রথমআলোর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বিলোনিয়া স্থলবন্দর পরিদর্শনে যান। পথে তাঁকে স্বাগত জানাতে চিথলিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে অবস্থান করছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার মজুমদারসহ দলীয় নেতা-কর্মীরা মন্ত্রীকে দিয়ে ন্যাশনাল আইডিয়াল স্কুলের উদ্বোধন করানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা এগিয়ে গিয়ে খায়রুল বাশারের সঙ্গে ইউএনওর পরিচয় করিয়ে দিতে চান। ইউএনও বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁর এই আচরণকে খায়রুল বাশার অপমান হিসেবে নেন। ইউএনওর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। ওই সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত-আটজন নেতা-কর্মী ইউএনওকে মারধর করেন।

এ অভিযোগ সত্য হলে বলতে হয়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ওই নেতা–কর্মীরা ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করছেন। জানা গেল, এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আশা করব, তাঁদের বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে।

গত ২৮ এপ্রিল চট্টগ্রামে যুবলীগের ক্যাডাররা চাঁদা না পেয়ে একটি বেসরকারি হাসপাতালের এক চিকিৎসা কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন দল ও তার সহযোগী সংগঠনগুলোর এসবদৌরাত্ম্য অবশ্যই বন্ধ করতে হবে।আইনানুগ বিচার ও শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দলের পক্ষ থেকেও কঠোর বার্তা দিতে হবে যে দলীয় পরিচয়ে কারও দুর্বৃত্তপনা সহ্য করা হবে না।