ক্ষমতাসীনদের অন্তঃকোন্দলে রক্তপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বর্তমান মেয়র ও সাবেক মেয়রের দ্বন্দ্বের জেরে আউটার স্টেডিয়ামে ছাত্রলীগ বনাম পুলিশের সংঘর্ষ চলার দিনেই নিজ দলের কর্মীদের হাতে খুন হন যুবলীগের আরেক কর্মী। একই দিন রাতে কুমিল্লায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হন দুজন। আহত কমপক্ষে ১০ জন; তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। দুই পক্ষই স্থানীয় সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারী।
আমরা দেখছি, প্রতি মাসেই দেশের কোথাও না কোথাও অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগের নেতা-কর্মী খুন হচ্ছেন। এসব রক্তপাত ও হত্যাকাণ্ড কেবল নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, দলের বাইরে প্রতিপক্ষ দল কিংবা অরাজনৈতিক ব্যক্তিরাও এর শিকার হচ্ছেন।
জঙ্গিবাদী সহিংসতার হিসাবের বাইরেও দেশের সাধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উদার চোখে দেখে ভালো বলার কারণ নেই। এর মধ্যে নিয়মিত ঘটনা হলো, লীগ পরিচয়ে পরিচিতদের দ্বারা অপর লীগারের হত্যাকাণ্ড। এ থেকে অনুমান করা যায়, ছাত্রলীগ-যুবলীগ কিংবা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কতটা বেপরোয়া হলে বেকসুরভাবে এ ধরনের হত্যাকাণ্ড চালাতে পারেন!
সাম্প্রতিক সময়ে দেশময় ক্ষমতাসীন দলের সহযোগী বা অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের ভূমিকা থেকে বোঝার উপায় নেই তারা কি রাজনৈতিক সংগঠন, নাকি একটি অপরাধী চক্র? চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, অস্ত্রবণিক থেকে শুরু করে অন্ধকার জগতের হেন শক্তি নেই, যারা এদের ব্যবহার করছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কাজ উন্নয়ন ও নিয়োগ-বাণিজ্যের বখরা আদায়৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কিছু নেতা-কর্মীকে অপহরণ ব্যবসায় জড়িত থাকতে দেখা গেছে৷ শিক্ষককে প্রহারের অনেক ঘটনাও এখনো জনমনে দগদগে স্মৃতি হয়ে আছে। এসব ব্যাপারে ছাত্রলীগ অতীতের ছাত্রদলের চাইতে ব্যতিক্রম কোনো পথ দেখাতে পারেনি।
স্পষ্টতই ক্রমাগত ছাড় ও বিচারহীনতার সংস্কৃতি ছাত্রলীগকে বেপরোয়া করে তুলছে৷ অবস্থাদৃষ্টে স্বয়ং প্রধানমন্ত্রীও ছাত্রলীগের সমালোচনা করতে বাধ্য হয়েছিলেন। বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও সংগ্রামী ছাত্রসংগঠন এভাবে কেবল আত্মঘাতীই হচ্ছে না, নিজেরাই নিজেদের জন্য কলঙ্ক হয়ে উঠছে। সন্ত্রাস-দুর্নীতি-অপরাধের লাঠিয়াল হিসেবে তাদের দ্বারা কল্যাণকর কিছু করা আর কিছু সম্ভব কি না, সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন৷