চট্টগ্রামে এবার ছুরির আঘাতে নিহত হয়েছেন ছাত্রলীগের এক কর্মী। পুলিশ ও ছাত্রলীগের সূত্রের অভিযোগ, ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘাতই এই হত্যাকাণ্ডের কারণ। প্রথমআলোসহ গণমাধ্যমের সংবাদ থেকে জানা যাচ্ছে, এই অভ্যন্তরীণ সংঘাতের কারণ মাদক ব্যবসার নিয়ন্ত্রণ। ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘাত, তা রাজনৈতিকই হোক বা মাফিয়াতান্ত্রিকই হোক; এ ধরনের হত্যাকাণ্ড সবার জন্যই উদ্বেগের ব্যাপার।
শুধু চট্টগ্রামেই ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘাত হয়েছে ১৩ মাসে ১৫ বার। এতে নিহত হয়েছেন তিনজন এবং আহত ৬৫। গত শনিবার ইয়াছির আরাফাত নামের চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র নিহত হওয়ার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলেও এমনতর সংঘাতে আহত হয়েছে আরও পাঁচজন। সারা দেশেই ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ ও শরিক সংগঠনের বিভিন্ন গ্রুপের সংঘাতে রক্ত ও প্রাণ দুটোই ঝরছে। ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সমকাল পত্রিকার সাংবাদিক আবদুল হাকিম। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবমতে, রাজনৈতিক সহিংসতায় ২০১৪ সালে ১৪৭, ২০১৫ সালে ১৫৩ ও ২০১৬ সালে ১৭৭ জন নিহত হয়েছেন। এসব নিহত লোকের মধ্যে অন্তত ৩০ শতাংশ সাধারণ মানুষ।
সুতরাং, ক্ষমতাসীন দল বা এর সহযোগী সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল কেবল অভ্যন্তরীণ বিষয় নয়। এবং অধিকাংশ অভ্যন্তরীণ কোন্দল যেখানে পদ-প্রতিপত্তি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকের ব্যবসা, ভূমি দখল নিয়ে হয়, তখন সংগঠনের রাজনৈতিক চরিত্র ছাপিয়ে ফুটে ওঠে এর অপরাধমূলক চরিত্র। যখন মাঠে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি অনুপস্থিত, তখন অনেক ক্ষেত্রে এসবই হয়ে উঠেছে ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনের ‘রাজনৈতিক চর্চার’ প্রধান বিষয়। তারই জেরে ঘটছে সংঘাত ও হত্যাকাণ্ড।
দলের নেতা-কর্মীই হোন আর সাধারণ মানুষ হোন; রাজনৈতিক দলের কর্মীর হাতে খুনের এ সংস্কৃতি কোনো সভ্য দেশে চলতে পারার কথা নয়। কিন্তু দিন দিন এটাই আরও বেড়ে যাচ্ছে। আদালত এসব ঘটনার বিচার করুন; কিন্তু ক্ষমতাসীন দলের কি এসব রুখতে কিছুই করার নেই।