ক্ষমতাসীন দলের তিন নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করার খবরটি নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। কারণ, এ দেশে কোনো সরকারের আমলেই ক্ষমতাসীনদের দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা যায় না।
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের বর্তমান সাংসদ মাহবুবুর রহমান এবং কক্সবাজার-৪ আসনের বর্তমান সাংসদ আবদুর রহমান ওরফে বদির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক তিনটি পৃথক মামলা দায়ের করেছে। তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ যেসব অঙ্কের মূল্যমানের সম্পদের তথ্য গোপন করার অভিযোগ করা হয়েছে, সেগুলো এ দেশে ক্ষমতাসীনদের ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার প্রচলিত ধারণার বিচারে হিমশৈলের ভাসমান অংশের মতো ছোট মনে হতে পারে। তবু দুদক যে মামলা করেছে, এটাও একটা ইতিবাচক ঘটনা। ক্ষমতাসীনদের দুর্নীতির বিরুদ্ধে আইন প্রয়োগের ক্ষেত্রে এটাকে একটা শুভসূচনা হিসেবে দেখা যায়।
তবে এই প্রক্রিয়া কত দূর পর্যন্ত অগ্রসর হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় কি না, তাঁরা চূড়ান্তভাবে দণ্ডিত হন কি না—এসবই প্রধান কৌতূহলের বিষয়। কারণ, এ দেশে আইন প্রয়োগ ও বিচার–প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলে। এ ক্ষেত্রে দুদকের আন্তরিকতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ; মামলায় লড়ার ক্ষেত্রে এই সংস্থার বিশেষ উদ্যম ও তৎপরতা প্রয়োজন। যদিও দুদক একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, তবু এ দেশের বাস্তবতায় তাদের তৎপরতার পেছনে সরকারের সক্রিয় সমর্থন জরুরি। সরকারের দিক থেকে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে। সরকার যদি ক্ষমতাসীন দলেরই এই তিন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইন প্রয়োগের সিদ্ধান্ত আন্তরিকভাবে নিয়ে থাকে এবং সে অনুযায়ী দুদককে শক্তি-সমর্থন জোগায়, তাহলে ক্ষমতাসীনদের দুর্নীতির প্রতিকারের ব্যাপারে একটা দৃষ্টান্ত স্থাপিত হতে পারে।
ক্ষমতাসীনদের মধ্যে দুর্নীতির প্রবণতা কেবল এই তিনজনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আইনের শাসনের প্রতি অঙ্গীকার থেকে অন্যদের ব্যাপারেও একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত৷