ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে কেন এই উপেক্ষা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের যে অংশটি নানা কারণে পিছিয়ে পড়েছে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে বাড়তি সাহায্য-সহযোগিতা বা উদ্যোগ থাকবে—এমনটিই স্বাভাবিক ও স্বীকৃত। বাংলাদেশে এমন কিছু জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে, যারা সামগ্রিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে বিবেচিত। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, তাদের অবস্থার পরিবর্তনে বাড়তি কোনো উদ্যোগ তো দূরে থাক, স্বাভাবিক সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ছয়টি গ্রামে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় তিন হাজার মানুষ বসবাস করে। এই ছয়টি গ্রামে একটিও সরকারি স্কুল নেই। অথচ শিক্ষা-দীক্ষা ও সামাজিকভাবে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুবিধা নিশ্চিত করার বিষয়টি বাড়তি গুরুত্ব পাওয়া উচিত ছিল। এর বদলে তাদের জুটেছে উপেক্ষা। আমাদের নীতিনির্ধারক ও প্রশাসনের কর্তাব্যক্তিদের মনমানসিকতার একটি প্রতিফলন এর মধ্য দিয়ে পাওয়া যায়।
গ্রামগুলোতে স্কুল না থাকায় সেখানকার শিশুরা স্বাভাবিকভাবেই লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। পাঁচ–সাত মাইল পথ পাড়ি দিয়ে কোনো শিশুর পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া কি আদৌ সম্ভব? সেখানকার লোকজনের এমন আর্থিক সংগতিও নেই যে নিজেদের উদ্যোগে বিদ্যালয় প্রতিষ্ঠা ও তা পরিচালনা করা তাদের দিয়ে সম্ভব হবে। এ গ্রামগুলোতে এসএসসি পাস কাউকেও খুঁজে পাওয়া কঠিন।
শিক্ষা ছাড়া কোনো জনগোষ্ঠী এগোতে পারে না। তেমনি একটি দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে শিক্ষার সুযোগ ও অধিকার থেকে বঞ্চিত রেখেও দেশ সামগ্রিকভাবে এগোতে পারে না। স্থানীয় শিক্ষা প্রশাসনের লোকজন সরব ও সক্রিয় হলে কাজটি কঠিন হওয়ার কথা নয়। বোঝা যায় সেখানে ঘাটতি রয়েছে। আমরা আশা করব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে এবং জমিন কমিন, কার্তিকপুর, বাসুগ্রাম, ধরইল শ্যামপুর, দিঘিপাড়া ও লইলাপাড়া—নাচোল উপজেলার এই ছয়টি গ্রামের অন্তত
কোনো একটিতে খুব শিগগির একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।