ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা দয়া চান না। তাঁরা তাঁদের প্রাপ্য অধিকার চান। বিশ্বের অন্য সব সভ্য দেশের তুলনায় আমাদের দেশে তাঁদের অধিকার কতটুকু নিশ্চিত করা হয়েছে, তা নিয়ে বিতর্ক থাকলেও চাকরিবাকরি বা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে তাঁদের জন্য কোটা-সুবিধা রাখা একটি আশাব্যঞ্জক দিক।
সমস্যা হলো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যের সনদ পাওয়া নিয়ে জটিলতা রয়ে গেছে। আমলাতান্ত্রিক কারণে অনেকের পক্ষেই এই সনদ পাওয়া সময়সাপেক্ষ ও দুরূহ হয়ে দাঁড়ায়। কেউ হয়তো চাকরি কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করবেন, এ জন্য সনদ সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করেছেন; কিন্তু দেখা গেল সনদ হাতে পাওয়ার আগেই উদ্দিষ্ট কাজের সময় শেষ হয়ে গেছে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বা চাকরি থেকে তাঁকে বঞ্চিত হতে হলো। দীর্ঘদিনের এই সমস্যার অবসান ঘটাতে সরকার মনোযোগী হয়েছে। সরকার এ অবস্থার অবসান ঘটাতে পাইলট কর্মসূচি হাতে নিয়েছে। এ সপ্তাহেই মৌলভীবাজারের কমলগঞ্জে এ-সংক্রান্ত অবহিতকরণ সভা ও শুমারি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, সেটি খুবই স্বস্তিদায়ক। তারা জানিয়েছে, এই কর্মসূচির মধ্য দিয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের নামধাম, তথ্য-উপাত্ত সংগ্রহ করে একটি উপাত্ত ভিত্তি তৈরি করা হবে। সেই উপাত্ত ভিত্তি দেখে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের পরিচয় ও তাঁদের সম্পর্কিত অন্যান্য তথ্য তাৎক্ষণিকভাবে কর্মকর্তারা জানতে পারবেন। কারও সনদ দরকার হলে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এক দিনেই সনদ তুলে আনতে পারবেন। এটি আপাতত মৌলভীবাজারে করা হচ্ছে।
মৌলভীবাজার জেলায় নানা সম্প্রদায়ের ৬৫ হাজার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যের বসবাস। এর মধ্যে কমলগঞ্জ উপজেলায় রয়েছে ৫০ হাজারের মতো। এ জন্যই কমলগঞ্জকে পাইলট কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে। পরে আস্তে আস্তে দেশের বাকি জেলাকেও এই ব্যবস্থার আওতায় আনা হবে। এটি করা হলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা বড় ধরনের বিড়ম্বনা থেকে বেঁচে যাবেন। এই কর্মসূচির মধ্য দিয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের একটি বিশদ তথ্যভান্ডার গড়ে উঠবে। তাঁদের সুবিধার্থে সেই তথ্যভান্ডার বা উপাত্ত ভিত্তি বিভিন্ন সময় ব্যবহার করা যাবে।
এ কারণে সরকারের এই উদ্যোগ অকুণ্ঠ প্রশংসা পাওয়ার দাবি রাখে। তবে প্রশাসনকে খেয়াল রাখতে হবে, তথ্য সংগ্রহের সময় যেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে কোনো সন্দেহ দানা না বাঁধে। তাঁরা যেন এই আশঙ্কা না করেন যে সরকার সনদ দেওয়া সহজীকরণের নামে কোনো সুদূরপ্রসারী নিবর্তনমূলক উদ্দেশ্য নিয়ে তাঁদের বিষয়ে উপাত্ত ভিত্তি তৈরি করছে।
একই সঙ্গে আমরা আশা করব, দেশের অন্য জেলাগুলোতেও এই ব্যবস্থা কার্যকর করতে খুব বেশি সময় নেবে না সরকার।