ক্ষুদ্র জাতিসত্তার স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পাঁচ বছরে দেশের ৪৫টি ক্ষুদ্র জাতিসত্তার ২৫ লাখ লোকের স্বাস্থ্যসেবায় একটি কর্মসূচিতে বরাদ্দকৃত অর্থের মাত্র ১৩ শতাংশ খরচ হওয়ার ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বহীনতা ও গাফিলতির কথাই স্মরণ করিয়ে দেয়। শুক্রবার প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ক্ষুদ্র জাতিসত্তাদের স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য অধিদপ্তরের অত্যাবশ্যকীয় সেবা প্রদান (ইএসডি) শাখা ‘ট্রাইবাল হেলথ প্রোগ্রাম’ নামে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। ডিসেম্বরে এ কর্মসূচি শেষ হবে। সে ক্ষেত্রে বাকি টাকা খরচ করার সম্ভাবনা কম।
প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে (২০১১-১৬) তিন পার্বত্য জেলার ক্ষুদ্র জাতিসত্তাদের স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দ ছিল ১৫ কোটি টাকা। কিন্তু খরচ হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৩২ হাজার ১২৬ টাকা। এর বেশির ভাগই ব্যয় হয়েছে স্যাটেলাইট ক্লিনিক স্থাপন, প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার আর বিদেশ সফরে। সে ক্ষেত্রে যাঁদের জন্য এই কর্মসূচি, তাঁরা উপকৃত হয়েছেন বলা যাবে না। কর্তাব্যক্তিরা বরাদ্দের সিংহভাগ অর্থ খরচ করতে না পারলেও সেমিনার আর বিদেশ সফর ঠিকই করেছেন।
যেহেতু ক্ষুদ্র জাতিসত্তার অধিকাংশ মানুষ দরিদ্র, সেহেতু তাঁরা স্বাস্থ্যসেবার ব্যয় জোগাতে পারেন না। এই প্রেক্ষাপটে গৃহীত কর্মসূচির লক্ষ্য ছিল দরিদ্র ও প্রান্তিক এই মানুষগুলোর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফিলতির জন্য সেই কর্মসূচির সিংহভাগ অর্থ ছাড় করানো সম্ভব হয়নি। এ বিষয়ে নজরদারি সংস্থাটির ভূমিকাও প্রশ্নবিদ্ধ।
এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। কর্মসূচির মেয়াদ শেষ হতে আরও তিন মাস বাকি আছে। এই সময়ের মধ্যে, প্রয়োজনে কর্মসূচির মেয়াদ বাড়িয়ে দিয়ে, ক্ষুদ্র জাতিসত্তার দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় বরাদ্দ সমুদয় অর্থ যাতে ব্যয় হয়, সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়কেই নিশ্চিত করতে হবে। যাঁদের গাফিলতির কারণে এমনটি ঘটেছে, তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।