খাঁটি গুড়ের বিপণন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ছিল, যখন বাতাসে হিমেল ছোঁয়া লাগামাত্রই ঘরে ঘরে মোয়া, পায়েস, পিঠাপুলি তৈরির ধুম পড়ত। শীত পড়বে আর বাড়িতে পিঠা হবে না, তা ভাবাই যেত না। শীতের পিঠা মানেই তাতে যোগ হতো খেজুরের রস অথবা নলেন গুড়, মানে খেজুরের গুড়।

দিন বদলে যাচ্ছে। শীতের পিঠায় মানুষের উৎসাহ কমেছে। এর কারণও আছে। খেজুরগাছ কমছে। গাছি কমছে। গাছিদের সততাও কমছে। প্রতিবছর শীতে খেজুরের গুড় বাজারে আসে। কিন্তু সেই গুড়ের বিশুদ্ধতায় ভোক্তা ভরসা পায় না। কারণ, অধিকাংশ গুড়ে থাকে ভেজাল। চিনি এবং আরও নানা ধরনের দ্রব্য মিশিয়ে বাজারে ভেজাল গুড় ছাড়া হয়। ভোক্তা প্রতারিত হতে হতে সেই চিরায়ত মধুর নলেন গুড় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিশেষ করে যশোরের খেজুরের গুড়ের এই অনন্য ঐতিহ্য ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

তবে আশার কথা, এ ঐতিহ্য বাঁচাতে এগিয়ে এসেছেন যশোরের পাঁচ তরুণ উদ্যোক্তা। অনাস্থার দশা থেকে ভোক্তাদের মুক্তি দিতে তাঁরা একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তাঁরা গাছিদের মাধ্যমে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের নির্ভেজাল রস-গুড়-পাটালি উৎপাদন ও অনলাইনে সারা দেশে তা বিপণন করার উদ্যোগ নিয়েছেন। জেলা প্রশাসনও তাঁদের পাশে থাকবে বলে জানিয়েছে।

এই তরুণ উদ্যোক্তারা পাইলট প্রকল্প হিসেবে যশোরের একটি ইউনিয়নের ৬০ জন গাছিকে নিয়ে নির্ভেজাল রস-গুড়-পাটালি উৎপাদন করছেন। তাঁদের হাতে উৎপাদিত বিশুদ্ধ গুড়-পাটালি ন্যায্য দামে কিনে তাঁরা অনলাইনের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া শুরু করেছেন। উদ্যোক্তারা বলছেন, এখান থেকে আয়ের একটি অংশ গাছিদের ছেলেমেয়ের লেখাপড়ায় ব্যয় করা হবে। অর্থাৎ, এই তরুণদের উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন নয়, একটি মহৎ সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তাঁরা কাজটি করছেন।

সাদাচোখে এটিকে খুবই ক্ষুদ্র পরিসরের একটি সামাজিক উদ্যোগ বলে মনে হতে পারে। কিন্তু এই ছোট উদ্যোগের মধ্যে একটি বৃহত্তর সম্ভাবনার ঝিলিক রয়ে গেছে। এই তরুণেরা খেজুরের রস বা গুড়ের বিশুদ্ধতা নিশ্চিতে যে যাত্রা শুরু করলেন, তা অন্যান্য কৃষিজাত ভোগ্যপণ্যের ক্ষেত্রেও অনুসরণ করা যেতে পারে। তাঁদের এই মডেল অনুসরণ করে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, তেল, মসলাসহ নানা ধরনের কৃষিজাত পণ্যের বিশুদ্ধতা নিশ্চিত করা এবং এসব পণ্যের বিপণনব্যবস্থার সঙ্গে সরাসরি কৃষকের স্বার্থকে অধিকতর সম্পর্কযুক্ত করা গেলে গোটা দেশে একটি বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে।

সামাজিক ব্যবসার আদলে এভাবে বিপণনব্যবস্থা বিকশিত হলে ভেজাল প্রবণতাও কমে আসবে। সেই ধরনের একটি সোনালি সময় যে এ দেশের বুকে নেমে আসতে পারে, যশোরের পাঁচ তরুণ উদ্যোক্তা সেই আভাস দিয়েছেন।