পার্বত্য জেলা শহর খাগড়াছড়ি এখন আগের তুলনায় পরিচ্ছন্ন ও সুন্দর। নতুন পৌর মার্কেট, আধুনিক স্থাপত্যকলার দৃষ্টিনন্দন কফি হাউস ইত্যাদি নির্মাণ করা হচ্ছে; পর্যটক আকর্ষণের আয়োজনগুলো দৃশ্যমানভাবে আশাব্যঞ্জক। কিন্তু এ শহরে বেশ কিছু সমস্যা আছে, যেগুলোর দিকে দৃষ্টিপাত করা দরকার।
প্রথমত, প্রথমআলোর প্রতিনিধিরা খাগড়াছড়ি শহর সরেজমিন সফর করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, সেখানকার মেয়রকে লোকজন ভয় পান। কারণ, তাঁদের অভিযোগ, মেয়রের আচরণ গডফাদারের মতো। তিনি তাঁর পৌর কার্যালয়কে পরিণত করেছেন এক অঘোষিত বিচারালয়ে; সেখানে বিরোধ নিষ্পত্তি করার নামে নিজের অপছন্দের মানুষজনকে নিজ হাতে প্রহার করেন। এমনকি রাস্তা থেকে লোকজনকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করেন। এই পন্থায় ভীতি সঞ্চারের মাধ্যমে তিনি নিজের যে গডফাদার ভাবমূর্তি গড়ে তুলেছেন, তা তিনি অস্বীকার করলেও তাঁর শহরবাসী সাধারণ মানুষ তাঁর ত্রাসের শাসনে চলাফেরা ও কথা বলায় স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা হারিয়ে ফেলেছেন।
খাগড়াছড়ির দ্বিতীয় প্রকট সমস্যা হলো লাগামহীন চাঁদাবাজি এবং সারা জেলায় বিস্তৃত। চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন পাহাড়ি-বাঙালিনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ। ভুক্তভোগী ব্যক্তিদের অনেকে প্রথমআলোর প্রতিনিধিদের কাছে অভিযোগ করেছেন, কৃষিজীবী, শ্রমজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী—সব শ্রেণি-পেশার মানুষকে বছরের পর বছর ধরে নির্দিষ্ট হারে চাঁদা দিতে হচ্ছে। কোনো পরিবহন ব্যবসায়ী চাঁদা দিতে একটু দেরি করলেই চাঁদাবাজেরা যানবাহন আটকে রাখে, এমনকি ট্রাক জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। কৃষিজীবীদের অভিযোগ, চাষাবাদের ফল, ফসল, সবজি, হাঁস-মুরগি বিক্রি করলে তাঁদের নির্দিষ্ট হারে চাঁদা দিতে হয়। আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), জনসংহতি সমিতি (এমএন লারমা), বাঙালি ছাত্র পরিষদের দুই গ্রুপ এবং জাতীয় জনসংহতি সমিতি—এসব সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ পুরো খাগড়াছড়ি জেলাকে এই চাঁদাবাজেরা এক মগের মুলুকে পরিণত করেছে; সেখানে বাংলাদেশের রাষ্ট্রীয় আইনকানুন-প্রশাসন অকার্যকর।
খাগড়াছড়ি জেলার তৃতীয় সমস্যা হলো ভূমি বিরোধ; পুরো পার্বত্য অঞ্চলেরই এটি একটি জটিল ও গভীর সমস্যা। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন করা হয়েছে বটে, কিন্তু এই আইন প্রয়োগের জন্য অপরিহার্য বিধিমালা এখনো তৈরি করা হয়নি। এ জেলায় প্রায় ২২ হাজার ভূমি বিরোধ নিষ্পত্তির আবেদন পড়ে আছে। ভূমি বিরোধ নিয়ে সংঘাত-সংঘর্ষ হয়; তা ছাড়া এটা মানুষে-মানুষে স্বাভাবিক সম্প্রীতির প্রতিবন্ধকও বটে।
খাগড়াছড়ি এক সম্ভাবনাময় পাহাড়ি জেলা; এর সমস্যাগুলো সমাধানের জন্য সক্রিয় উদ্যোগ নেওয়া প্রয়োজন।