সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম হত্যাচেষ্টা মামলায় আদালত আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা বদরুল আলমকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন, তা বিচারের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে আশা করা যায়।
প্রথমত, ঘটনার পাঁচ মাস পাঁচ দিন পর এমন সময়ে রায়টি দেওয়া হলো যখন দেশে নারীরা ঘরে-বাইরে নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন। দ্বিতীয়ত, সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক যে ধারায় এই শাস্তি দিয়েছেন, সেই ধারায় এটিই সর্বোচ্চ দণ্ড। বিচারক রায় পর্যালোচনা করতে গিয়ে বলেছেন, ‘আমার বিশ্বাস, আসামির ওপর সর্বোচ্চ শাস্তি আরোপের মাধ্যমে প্রেমে প্রত্যাখ্যাত হাজার হাজার বদরুল ভবিষ্যতে এমন কাণ্ড থেকে বিরত থাকবে এবং আমাদের নারীসমাজ সুরক্ষিত হবে।’ বিচারকের এই প্রত্যাশা পূরণ হোক, সেটা আমাদেরও চাওয়া।
উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর ডিগ্রি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে খাদিজা সিলেটের এমসি কলেজের পুকুরপাড়ে বদরুলের অতর্কিত চাপাতি হামলার শিকার হন। খাদিজার ওপর হামলার ঘটনাটি এতই নির্মম ও নৃশংস ছিল যে তাঁর জীবনাশঙ্কা দেখা দিয়েছিল। সেই ভয়াবহ ঘটনার ধারণ করা ভিডিও যঁারা সামাজিক যোগাযোগ বা অন্য মাধ্যমে দেখেছেন, তাঁরা বদরুলের বর্বরতার প্রমাণ পেয়েছেন। চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় খাদিজা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং নতুন করে পড়াশোনা শুরু করেছেন।
তবে আদালতে রায় হলেও খাদিজা ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে একটি আশঙ্কা থেকেই যায়। আমাদের শঙ্কা আরও বেড়ে যায় এ কারণে যে মামলার আসামি ও সরকার-সমর্থক ছাত্রসংগঠনের সাবেক নেতা বদরুল আলম রায় ঘোষণার পর ‘আমার কিছুই হবে না’ বলে ঔদ্ধত্যমূলক উক্তি করেছেন। একজন দণ্ডিত আসামি এই দুঃসাহস কোথায় পান?
অনেক সময় দেখা যায় যে বিচারিক আদালতে রায় হলেও আপিল পর্যায়ে বছরের পর বছর মামলাটি ঝুলে থাকে এবং আসামি শাস্তির বাইরেই থেকে যায়। এ ক্ষেত্রে যাতে সে রকম কিছু না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।
দেশবাসী আশা করে, নারী নির্যাতন ও সহিংসতার প্রতিটি ঘটনায় ভুক্তভোগীরা ন্যায়বিচার এবং অপরাধীরা দ্রুত শাস্তি পাবে।