অবশেষে খাদিজা ঘরে ফিরেছেন। তাঁর পরিবারে হাসি-আনন্দ ফিরে এসেছে। গ্রামবাসীও আনন্দিত। এটা পুরো জাতির জন্যই এক বড় সুসংবাদ।
গত বছরের ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগমকে উপর্যুপরি কোপান সাবেক ছাত্রলীগ নেতা বদরুল আলম। তিনি খাদিজাকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে ক্রোধে উন্মত্ত হয়ে গিয়েছিলেন। তাই খাদিজাকে একেবারে শেষ করে দেওয়ার অভিপ্রায় নিয়ে তাঁর ওপর হামলা চালান। হামলার ভিডিওটি যাঁরা দেখেছেন, যেভাবে তাঁকে ক্রমাগত চাপাতি দিয়ে কুপিয়ে নিস্তেজ করে ফেলা হয়েছে, তাতে অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন। চিকিৎসকেরাও শুরুতে ভীষণ অনিশ্চয়তায় ছিলেন। অবস্থা এতটাই খারাপ ছিল যে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা ছিল মাত্র ৫ শতাংশ। কিন্তু খাদিজার প্রাণশক্তি কী অফুরান! শত্রুর মুখে ছাই দিয়ে বেঁচে উঠেছেন তিনি।
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ও স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষে খাদিজাকে গত নভেম্বর মাসে পাঠানো হয় সাভারের পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)। প্রায় তিন মাস চিকিৎসা নেওয়ার পর তিনি গত শুক্রবার সকালে সিলেট সদর উপজেলার হাউসা গ্রামে নিজের বাড়িতে ফেরেন। আমরা চাই তিনি তাঁর স্বাভাবিক জীবন ফিরে পান। আবার পড়ালেখা শুরু করেন।
খাদিজা বেঁচে ফিরেছেন, কিন্তু অনেকেই ফিরতে পারেনি। ফিরতে পারেনি রিসা, নিতু, কণিকা। তাদের কথিত প্রেমিকদের ধারালো অস্ত্রের আঘাতে তারা সবাই প্রাণ হারায়। খাদিজা বাড়ি ফিরতে পারলেও তাঁর ওপর যে আবার হামলা হবে না তার নিশ্চয়তা কী? তাঁকে হত্যা করার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার বদরুল এখন কারাগারে। এখন দক্ষতার সঙ্গে মামলা লড়তে হবে, যেন তিনি জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসে আবারও খাদিজাকে আক্রমণ করার সুযোগ না পান, এটা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বদরুল যেন যথোপযুক্ত শাস্তি পান, তা-ও নিশ্চিত করতে হবে।