খাদিজার শতভাগ ফিরে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদিজা কখনো সংবাদ হতে চাননি। আর সব তরুণীর মতোই তিনি পড়ালেখা চালিয়ে যেতে পারতেন। পারতেন জীবনের পথে সহজভাবে এগিয়ে যেতে। কিন্তু গত ৩ অক্টোবর ছাত্রলীগের নেতার চাপাতির কোপে ছিন্নভিন্ন হতে হয়েছিল তাঁকে। কিন্তু তনু, মিতু, আফসানার মতো পরিণতি হয়নি তাঁর। চাপাতির আঘাতে ক্ষতবিক্ষত হয়েও প্রচণ্ড জীবনীশক্তি নিয়ে লড়াই করেছেন তিনি। হয়তো সময়মতো হাসপাতালে নেওয়া এবং সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার ফলে বেঁচেও গেছেন। জীবনযুদ্ধে সফল খাদিজাকে আমাদের অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা ও অভিনন্দন জানাই।

কিন্তু ক্ষমতাসীন দলের আশ্রয়ে কতিপয় যুবক তো এখনো আগ্রাসী ও খুনি হাত তুলছে নারীর ওপর। নারীর জীবনে দস্যুর মতো উপস্থিত হচ্ছে তারা। রোববারের প্রথমআলো জানাচ্ছে, রাজশাহীর বাগমারায় স্কুলছাত্রীকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছেন যুবলীগের এক নেতা। বদরুলদের কবল থেকে তো নিরাপদ হচ্ছে না আমাদের সমাজ। খাদিজা যদি এই প্রশ্ন করেন, তাহলে কী উত্তর দেব আমরা?

খাদিজার হাতে এখনো ব্যান্ডেজ, তাঁর শরীরের একটা পাশ এখনো অবশ। আরও চিকিৎসা ও ফিজিওথেরাপি দরকার। সরকারের উচিত তার ব্যবস্থা করা। যে দুর্বৃত্ত বদরুল খাদিজাকে হত্যা করতে চেয়েছিলেন, তাঁর বিচার দ্রুততর করতে হবে। খাদিজা নিজ এলাকায় ফিরে গিয়ে যাতে সব রকম হুমকিমুক্ত থাকেন, তার ব্যবস্থা করতে হবে স্থানীয় প্রশাসনকে।

পাকিস্তানের মালালা সন্ত্রাসীদের গুলিতে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জীবনজয়ের যুদ্ধ করে যাচ্ছেন। আমাদের খাদিজাও ভিন্ন অবস্থায়, ভিন্ন ধরনের সন্ত্রাসীর শিকার হয়েছেন। চিকিৎসকেরা বলেছিলেন, তাঁর বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৫ ভাগ। খাদিজা যে শতভাগ বেঁচে আছেন, তা অতি আনন্দের খবর। কিন্তু নারীর নিরাপত্তা ও মর্যাদা কি আমরা শতভাগ নিশ্চিত করতে পারছি?