খাদ্য অধিকার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন প্রধানমন্ত্রী, আরেকজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। দুজনই জোর দিলেন খাদ্যের অধিকার প্রতিষ্ঠায়। ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলনে তাঁরা যে তাগিদ জানিয়েছেন, বাস্তবতার নিরিখে তা জোরালো উদ্যোগ দাবি করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যের অধিকার প্রতিষ্ঠায় তাঁর সরকারের অঙ্গীকারের কথা বলেছেন। নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী জোর দিয়েছেন এই অধিকার প্রতিষ্ঠায় গতিশীল আন্দোলন গড়ে তোলার দিকে। আন্দোলন অনেকেই করতে পারে এবং তা করাও উচিত। তবে মূল ভূমিকাটি কিন্তু কৃষকের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই অবগত রয়েছেন, খাদ্যের বাম্পার ফলনের পরও একদিকে কৃষক ফসল ফলানোর খরচটাও ওঠাতে পারেন না, অন্যদিকে ক্ষুধা ও অপুষ্টি নিয়ে ঘুমাতে যায় প্রতি রাতে অসংখ্য মানুষ। বাংলাদেশের দুর্ভিক্ষ ও খাদ্যাভাব কাটিয়ে ওঠার পেছনে যে বর্তমান ও বিগত কয়েকটি সরকারের আমলের সরকারি প্রচেষ্টা কাজ করেছে, তা পরিষ্কার। বাংলাদেশের কৃষক হলো সবচেয়ে উৎপাদনশীল সেই চরিত্র, এক আনা সুযোগ দিলে যে বারো আনা ফেরত দেয়। তারপরও কৃষকের সুদিন কেন আসছে না—এই প্রশ্নের জবাব খোঁজা এখন জরুরি।
বাংলাদেশে খাদ্যের জোগানের ঘাটতি নেই। ঘাটতি খাদ্যের বাজারের ব্যবস্থাপনায়। ক্রেতা-বিক্রেতার মধ্যে ব্যবসা করা মধ্যস্বত্বভোগী শ্রেণিটি ক্রেতার বিশুদ্ধ খাবার ও উপযুক্ত দামের অধিকারকে খর্ব করে। অন্যদিকে তাদের জন্যই উৎপাদক শ্রেণি ফসলের ন্যায্যমূল্য পায় না। তাদের শিশুরা তাই পুষ্টিহীনতায় ভোগে। কৈলাস সত্যার্থী তাই যথার্থই বলেছেন, ‘লাখ লাখ শিশুকে ক্ষুধার্ত রেখে বিচ্ছিন্নভাবে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।’
এ জন্যই খাদ্যের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে প্রয়োজনের অতিরিক্ত আমদানি বন্ধ করতে হবে, আমদানি করা খাদ্যের ওপর করারোপ করে দেশের কৃষকদের প্রতি সুবিচার করতে হবে। এ ছাড়া কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ নেই।
জলবায়ু দুর্যোগ, অতিরিক্ত ব্যবহারে মাটির উর্বরতা শক্তি কমে যাওয়া, খাদ্যপণ্যে ভেজাল ও ফরমালিনের মিশেলে বাংলাদেশের খাদ্য পরিস্থিতির ভবিষ্যৎ সত্যিই উদ্বেগজনক। সময় থাকতেই এ বিষয়ে পূর্ণাঙ্গ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা দরকার।