৩ জুন সংসদ অধিবেশনে বিএনপির সাংসদ শাম্মী আক্তার তাঁর প্রশ্নে বলেন, ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে উচ্চমানের ভিটামিনের নামে নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ আমদানি এবং এসব ওষুধ খাদ্য সম্পূরক (ফুড সাপ্লিমেন্ট) হিসেবে ওষুধের দোকানে বিক্রি হচ্ছে। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অভিযোগ আংশিক সত্য। বিশ্বের উন্নত দেশে খাদ্য সম্পূরকের সামগ্রিক বিষয়টি ঔষধ প্রশাসন নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে খাদ্য সম্পূরক ঔষধ প্রশাসন অধিদপ্তরের আওতার বাইরে। যে কারণে এটা নিয়ে বিভ্রান্তি ও অপচিকিৎসার সুযোগ রয়েছে। মন্ত্রী আরও জানান, খাদ্য সম্পূরক উৎপাদন, মজুত ও বাজারজাতের বিষয়টি আমলে নিয়ে খাদ্য সম্পূরক ও প্রসাধনসামগ্রীকে জরুরি ভিত্তিতে ওষুধ আইনের আওতায় আনার পরিকল্পনা আছে (প্রথম আলো, ০৪.০৬.২০১৩)।দুইসংবাদটি জানার পর অনেক সচেতন নাগরিকের মতো আমিও খুশি হয়েছি এই ভেবে যে অন্তত বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তরকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) আদলে ঢেলে সাজানো হবে। এ দাবিটি অনেক দিন ধরেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কাছে উপস্থাপন করেছি। আশা করছি, অতীতের সরকারগুলোর মতো কোনো আশ্বাসের বাণী নয় বরং বাস্তবসম্মত এবং দ্রুত পদক্ষেপ নিয়ে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তরকে দ্রুত বর্তমান সরকার এফডিএর আদলে উন্নীত করবে।যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের ওষুধসামগ্রী, খাদ্যসামগ্রী, খাদ্য সম্পূরক, মেডিকেল যন্ত্রাদি, পশুরোগবিষয়ক ওষুধ, প্রসাধনসামগ্রী এমনকি খাওয়ার পানি উৎপাদন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মান নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত থাকে এফডিএ। মানুষের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করাই এ সংস্থার প্রধান দায়িত্ব। সিনেটের উপদেশক্রমে দেশটির রাষ্ট্রপতি ওই সংস্থাটির সর্বোচ্চ পদে একজন কমিশনার নিয়োগ দিয়ে থাকেন। কমিশনার, স্বাস্থ্যসচিবের কাছে এফডিএর বিভিন্ন কার্যক্রমের প্রতিবেদন দিয়ে থাকেন। এফডিএর রয়েছে ৫০টি স্টেট; এখানে রয়েছে মোট ১৩টি অত্যাধুনিক ল্যাবরেটরি এবং ২২৩ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। তিন দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অধীনে রয়েছে মাত্র দুটি আধুনিক মানের ল্যাবরেটরি এবং ৬৯ জন কর্মকর্তা। আরও একটি অত্যাধুনিক ল্যাবরেটরি শিগগিরই উদ্বোধনের কথা রয়েছে। বাংলাদেশের ঔষধ প্রশাসন শুধু ওষুধের উৎপাদন এবং মান নিয়ন্ত্রণের বিষয়টিই তদারক করে থাকে। তা ছাড়া বিভিন্ন পর্যায়ের খাদ্যসামগ্রী ও খাদ্য সম্পূরকের দায়িত্বে রয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ও কেমিক্যাল কোম্পানির পর্যবেক্ষণ এবং মান নিয়ন্ত্রণের পাশাপাশি খাদ্যসামগ্রী ও খাদ্য সম্পূরকের মান নিয়ন্ত্রণের বিষয়টি তদারক করা বিএসটিআইয়ের পক্ষে একটি দুরূহ কাজ।তা ছাড়া খাদ্যে ভেজাল এখন আর ১৯৫৯ সালের ‘পিউর ফুড অ্যাক্ট’ দিয়ে আজকের সময়ের অসাধু ব্যবসায়ীদের রোধ করা যাবে না। যদিও ২০০৫ ও ২০১২ সালে এই অ্যাক্টের কিছু কিছু ধারা পরিবর্তন করা হয়েছে—কিন্তু তাতেও খাদ্যে ভেজাল প্রতিরোধ করা সম্ভব হবে বলে কোনো সচেতন নাগরিক বিশ্বাস করে না। এই আইনের সীমাবদ্ধতা ও দুর্বলতার চিত্র আজ আর অজানা কোনো বিষয় নয়।চারবাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো এখন আন্তর্জাতিক মানের ওষুধ তৈরি করে থাকে। এসব ওষুধ রপ্তানি করা হয় বিশ্বের প্রায় ৮০টি দেশে। আগে যেখানে ৯৫ শতাংশ ওষুধ আমদানি করে দেশের চাহিদা মেটানো হতো, এখন দেশের চাহিদার প্রায় ৯৭ শতাংশ ওষুধ দেশীয় কোম্পানিগুলো উৎপাদন করে থাকে। আমদানি করা হয় শতকরা মাত্র ৩ শতাংশ ওষুধ। দেশে রয়েছে দক্ষ ফার্মাসিস্ট, কেমিস্ট, বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলোজিস্ট। তাই সার্বিক বিবেচনায় অবিলম্বে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে এফডিএতে উন্নীত করা প্রয়োজন।উন্নত ল্যাবরেটরির সংখ্যা বাড়িয়ে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে খাদ্যসামগ্রী ও খাদ্য সম্পূরককে একই প্রশাসনের আওতায় এনে এর উৎপাদন, মজুত ও বাজারজাতের সঠিক তত্ত্বাবধান করতে পারলে খাদ্যে ভেজাল দূর করা সম্ভব হবে; পাশাপাশি খাদ্য সম্পূরকের নামে অপচিকিৎসাও প্রতিরোধ করা সম্ভব হবে। সরকার দেশের স্বার্থে, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস। স্বাস্থ্যমন্ত্রীর পরিকল্পনা ও আশ্বাসের বাণী বাস্তবায়িত হোক—এটাই আমাদের প্রত্যাশা।ড. আবুল হাসনাত: অধ্যাপক, ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।[email protected]