খাদ্য-পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহবুব হোসেনের জন্ম ১৯৪৫ সালে চুয়াডাঙ্গায়। ১৯৬৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক, ১৯৬৯ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭০ সালে পাকিস্তানের করাচিতে পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিসে (এখনকার বিআইডিএসের পূর্বসূরি) স্টাফ অর্থনীতিবিদ হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮৮ সালে তিনি বিআইডিএসের মহাপরিচালক হন। ১৯৯২ সালে ফিলিপাইনে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে সামাজিক বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে দেশে ফিরে ব্র্যাকের নির্বাহী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। সাক্ষাৎকার নিয়েছেন মশিউল আলমপ্রথম আলো  মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, কিন্তু সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সংবাদমাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে, সামনের দিনগুলোতে বিশ্বব্যাপী খাদ্যসংকট বাড়ার আশঙ্কা আছে। আসলে কি এমন আশঙ্কার ভিত্তি আছে? বিশ্বের খাদ্য-পরিস্থিতি কী?মাহবুব হোসেন  খাদ্য-পরিস্থিতি নিয়ে বৈশ্বিক পরিসরে অনিশ্চয়তার সমস্যাটি খুব সাম্প্রতিক নয়। প্রায় চার-পাঁচ বছর ধরেই বিশ্বের খাদ্য-পরিস্থিতি কমবেশি অস্থিতিশীল। ২০০৭-০৮ সাল থেকেই আমরা দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক খাদ্যবাজারে অস্থিরতা চলছে। ওই সময় থেকেই খাদ্যশস্যের দাম বেশ চড়া।প্রথম আলো  কী কারণে অস্থিরতা সৃষ্টি হলো? উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে তো কৃষি উৎপাদনে অনেক অগ্রগতি হয়েছে...?মাহবুব হোসেন  কারণ? কয়েকটি কারণ আছে। একটি কারণ হলো, ধান, গম ইত্যাদি ফসল উৎপাদনে যেসব প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছিল, কৃষকেরা তা ব্যবহার করে ফেলেছেন। ওই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ ফসল পাওয়া সম্ভব, তা সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে। উৎপাদন বৃদ্ধি শেষ সীমায় পৌঁছে গেছে। এখন নতুন করে খাদ্যশস্য উৎপাদন ও জোগান আর তত হারে বাড়ছে না। কিন্তু জনসংখ্যা তো বেড়েই চলেছে। উন্নয়নশীল দেশগুলোতে লোকসংখ্যা বেড়েই চলেছে। আফ্রিকা অঞ্চলে জনসংখ্যা বাড়ছে বছরে আড়াই থেকে তিন শতাংশ হারে। বাংলাদেশেও প্রতিবছর ২০-২২ লাখ নতুন মুখ আসছে। সুতরাং খাদ্যের চাহিদা বেড়েই চলেছে, কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে সেই হারে বাড়ছে না। ফলে উচ্চহারে খাদ্যশস্য ফলিয়েও খাদ্য-পরিস্থিতি স্থিতিশীল থাকছে না। এটি গেল দ্বিতীয় কারণ। তৃতীয়ত, জীবাশ্ম জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে বিশ্বের অনেক দেশে এখন বেশ কিছু খাদ্যশস্য জ্বালানি উৎপাদনে ব্যবহার করা হচ্ছে। এই বায়োফুয়েল উৎপাদনের কাজে এখন অনেক কৃষিজমি ব্যবহূত হচ্ছে, ফলে সেসব দেশে খাদ্যশস্যের উৎপাদন কমে যাচ্ছে। চতুর্থত, বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তনের কারণে খরা-বন্যা ইত্যাদি নানা প্রাকৃতিক দুর্যোগ এখন ঘন ঘন ঘটছে। এর ফলে মাঝেমধ্যেই খাদ্যশস্য উৎপাদন ও জোগানে বাধাবিঘ্ন ঘটছে এবং এর প্রভাবে খাদ্যশস্যের বাজারে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।প্রথম আলো  খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর আর কোনো সুযোগ নেই?মাহবুব হোসেন  আছে। এখন প্রয়োজন প্রতিকূল পরিবেশে শস্য উৎপাদন বাড়ানোর প্রযুক্তি উদ্ভাবন করা। এ ক্ষেত্রে এখনো পর্যন্ত বিশেষ কিছু করা হয়নি। খরা, বন্যা, লবণাক্ত পরিবেশে ফসলের উৎপাদন এখনো অনেক কম। এসব ক্ষেত্রে অনেক সম্ভাবনা আছে। ১০-১৫ বছর ধরে চেষ্টা চলছে। অণুজীববিজ্ঞান, জীবপ্রযুক্তি ইত্যাদি উদ্ভাবনের ফলে এখন প্রতিকূল পরিবেশে খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। কিছু কিছু প্রযুক্তি আসতে শুরু করেছে। তবে এর সুফল পেতে আরও ১০-১৫ বছর লেগে যাবে।প্রথম আলো  পত্রপত্রিকায় আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে অচিরেই একটা বড় ধরনের খাদ্যের সংকট বৈশ্বিক পরিসরে দেখা দিতে যাচ্ছে...মাহবুব হোসেন  হ্যাঁ। আশঙ্কা করা হচ্ছে ২০০৭-০৮ সালের মতো একটা সংকট আবার দেখা দিতে পারে। এর প্রধান কারণ হলো, প্রধান খাদ্য রপ্তানিকারক দেশ আমেরিকার মধ্যাঞ্চলে এ বছর ভয়াবহ একটা খরা হয়েছে। গত ৫০ বছরের মধ্যে এ রকম খরা আর সেখানে হয়নি। খরার ফলে ভুট্টা ও সয়াবিনের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ব্রাজিলে বৃষ্টি দেরিতে হওয়ার ফলে আখের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে; ফলে চিনির বাজারে একটা অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা আছে। আন্তর্জাতিক বাজারে ভুট্টা ও সয়াবিনের দাম ইতিমধ্যে ব্যাপক হারে বাড়ছে। এর একটা অপ্রত্যক্ষ প্রভাব পড়বে পোলট্রি ও গবাদিপশু খাতে; মাংসের বাজারেও অস্থিরতা তৈরি হবে। এ ছাড়া রাশিয়া ও ইউক্রেনে এ বছর খরার কারণে গমের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গত সপ্তাহে রাশিয়ার খাদ্যমন্ত্রী বলেছেন যে এ বছর তাঁদের বিশ্ববাজারে গম রপ্তানি উল্লেখযোগ্য হারে কমাতে হবে। সুতরাং এ বছর গমের বাজারেও অস্থিরতার আশঙ্কা আছে। গমের বাজার অস্থির হলে চালের বাজারেও তার প্রভাব পড়ে।প্রথম আলো  বাংলাদেশের অবস্থা?মাহবুব হোসেন  আমাদের প্রধান খাদ্য চাল। চালের বাজারে আমরা এ বছর তেমন অস্থিরতা দেখছি না। কিন্তু বিশ্ববাজারে গমের বাজার অস্থির হলে চালের বাজারও অস্থির হবে। কারণ, চাল ও গম একটা আরেকটার বিকল্প খাদ্য। আন্তর্জাতিক বাজারে আমরা দেখতে পাচ্ছি, চালের দাম কিছুটা করে বাড়ছে। ভিয়েতনাম ও পাকিস্তানে বাড়া শুরু করেছে। আমাদের মূল সমস্যাটা চাল নিয়ে। তবে যেটা উল্লেখ করার বিষয়, তা হলো ২০০৭ সালে আমাদের যে খাদ্য-পরিস্থিতি ছিল, এখনকার পরিস্থিতি তার থেকে বেশ অনুকূলে। কারণ, ২০০৭ সালে পর পর দুটি বন্যা হয়েছিল, তা ছাড়া সাইক্লোন সিডর ভীষণভাবে আঘাত হেনেছিল। ফলে ওই বছর আমাদের খাদ্যের মজুদ ছিল অনেক কম। তখন বিশ্ববাজার থেকে আমাদের খাদ্য আমদানি করার প্রয়োজন পড়ে। তখন বিশেষত ভারত চাল রপ্তানি বন্ধ করে দেয়। তার ফলে ভিয়েতনাম ও থাইল্যান্ড বিশ্ববাজারে চালের দাম বাড়িয়েছিল। সে কারণে আমাদের আর্থিক সামর্থ্য থাকার পরও আমরা বিভিন্ন জায়গা থেকে খাদ্য সংগ্রহ করতে পারিনি, তার ফলে আমরাও একটা বিরাট খাদ্যের সংকটে পড়েছিলাম। কিন্তু এ বছর সে রকম হওয়ার আশঙ্কা কম।প্রথম আলো  আপনি বলছেন, আমরা নিশ্চিন্ত থাকতে পারি?মাহবুব হোসেন  গত তিন-চার বছরে আমাদের কৃষিপণ্যের উৎপাদন, বিশেষ করে বোরো ফসলের উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। ফলে আমাদের খাদ্যের জোগান বেশি। এ বছরের হিসাবে দেখা যাবে যে আমাদের ২০ থেকে ৩০ লাখ টন চাল উদ্বৃত্ত আছে। এ মুহূর্তে আমাদের দুশ্চিন্তার কিছু নেই। অবশ্য বিশ্ববাজারে চালের দাম বাড়লে আমাদের দেশেও কিছুটা বাড়বে; কিন্তু আমাদের জোগান পর্যাপ্ত আছে; খাদ্যনিরাপত্তাহীনতার কোনো আশঙ্কা নেই।প্রথম আলো  খাদ্যশস্যের উৎপাদন বেশি হলে দাম কমে যায়। কৃষক তাঁর খরচই তুলতে পারেন না। এ বছর ধানের দাম এতই কম যে কৃষকদের মণপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত লোকসান হয়েছে। বাম্পার ফলন হলেই কৃষকের এ রকম দুর্দশা হয়। এ বিষয়টি একটু ব্যাখ্যা করবেন?মাহবুব হোসেন  চাহিদার তুলনায় জোগান বেশি হলে এ রকম হয়। এ বছর বোরো ফসল ভালো হওয়ায় কৃষকেরা আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো ধান-চালের দাম কম বলে অনেক কৃষক, যাঁদের সামর্থ্য আছে, তাঁরা ধান-চাল ধরে রেখেছেন। চালকলের মালিকেরাও সেভাবে চাল বিক্রি করছেন না। তাঁরা আশা করছেন, যখন দাম বাড়বে তখন বিক্রি করবেন। বিশেষত কৃষকদের জন্য এটি একটি বড় সমস্যা। এ সমস্যার একটা সমাধান হলো, যে উদ্বৃত্ত ফসলটা হয়, সরকার যদি সেটা সংগ্রহ করে মজুদ করে রাখে, বাজারে আসতে না দেয়, তাহলে দামটা ধরে রাখা যায়, খুব বেশি পড়ে যায় না। অনেক দেশের সরকার, বিশেষ করে ইন্দোনেশিয়া এটা বেশ ভালোভাবে করে। উদ্বৃত্ত ফসল সরকার কিনে মজুদ করে রাখে, আবার যে সময় কোনো কারণে চাহিদার তুলনায় জোগান কম হয়ে যায়, তখন বাজারে ছাড়ে। এর মাধ্যমে তারা খাদ্যশস্যের দাম একটা সীমার মধ্যে রাখতে পারে। আমাদের খাদ্যশস্য নীতিতেও এ রকম একটা ব্যবস্থা আছে। কিন্তু এ বছর আমাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে, গত বছর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাল বিদেশ থেকে আমদানি করা হয়েছে। তার ফলে খাদ্যশস্য মজুদ করে রাখার যে ক্ষমতা সরকারের আছে, সেটা এ বছর পুরোপুরি শেষ হয়ে গেছে। নতুন করে আরও খাদ্যশস্য মজুদ করার ব্যবস্থা নেই। সে জন্য সরকার এ বছর কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেনি। তার ফলেই আমরা দেখছি যে ধান-চালের দাম অনেক কম।প্রথম আলো  উদ্বৃত্ত ফসল রপ্তানি করা যায় না?মাহবুব হোসেন  এটাই আমরা গত ছয় মাস ধরে বলছি যে উদ্বৃত্ত শস্য সরকার যেহেতু কিনতে পারছে না, সুতরাং কিছু উদ্বৃত্ত শস্য যদি বিদেশে রপ্তানি করা যেত, তা হলে হয়তো কৃষক দামটা আরেকটু বেশি পেতেন। কিন্তু আমরা যেহেতু আমদানির দেশ, উল্টো রপ্তানি করাটা ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হয় কি না, এই ভেবে সরকার সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেছে। এর মধ্যে গত এক-দেড় মাস থেকে যখন আবার এমন ধ্বনি শোনা যাচ্ছে যে বিশ্ববাজারে খাদ্যশস্যের দাম বাড়ছে, তখন সরকার আরও ভাবছে। কারণ, নতুন করে সংকট দেখা দিলে হয়তো পরে আমাদের বাইরে থেকে আমদানি করতে হবে। সেই ঝুঁকিতে না গিয়ে দেশের ভেতরে যে মজুদ আছে সেটা ধরে রাখাই অধিকতর নিরাপদ। যদিও কৃষকেরা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন, কিন্তু দেশের খাদ্যনিরাপত্তার কথা চিন্তা করে সরকার খাদ্যশস্য রপ্তানি করার চিন্তা থেকে আপাতত পিছিয়ে গেছে। কিন্তু একদম বাদ দেয়নি। তবে খাদ্যমন্ত্রী বলেছেন, নভেম্বর পর্যন্ত দেখা যাক, আমন ফসলটা কেমন হয়, বিশ্ববাজারের পরিস্থিতি কী দাঁড়ায়। বিশ্ববাজারে যদি সংকট না হয় এবং খাদ্যের দামও বাড়ে, তখন আমরা আমাদের উদ্বৃত্ত খাদ্যশস্য বাইরে বিক্রি করতে পারব। তবে আমার মনে হয়, বিশ্ববাজারে যেহেতু সংকটের একটা ধ্বনি পাওয়া যাচ্ছে, আমাদের দেশেও, আমরা রপ্তানি করি বা না করি, দাম কিছুটা বাড়বে। তখন দেশের মজুদ যা আছে, সেটা তখন ব্যবহার করে আমরা সংকট কাটিয়ে উঠতে পারব।প্রথম আলো  আমাদের জনসংখ্যা বছরে ২০-২২ লাখ করে বাড়ছে। কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে; এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের ফলে খরা-বন্যার প্রকোপ বাড়ছে, বাড়ছে দক্ষিণাঞ্চলের লবণাক্ততা। কৃষিপ্রযুক্তির ব্যবহারেও আর নতুন করে খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব নয়। এই সবগুলো দিক একসঙ্গে বিবেচনায় নিয়ে আমরা যদি আগামী এক-দেড় দশকের খাদ্যনিরাপত্তার কথা ভাবি, তাহলে কী চিত্র পাওয়া যায়?মাহবুব হোসেন  নতুন নতুন কৃষিপ্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে প্রতিকূল পরিবেশে খাদ্য উৎপাদন বাড়ানোর উদ্যোগ আরও জোরদার করতে হবে। ইতিমধ্যে আমরা কিছু সাফল্য অর্জন করেছি, যেমন বন্যাসহিষ্ণু ধানের জাত উদ্ভাবন করা গেছে। উপকূলীয় লবণাক্ত জমির উপযোগী উচ্চফলনশীল ধান চাষের জাতও আমরা পেয়েছি। এই দুটি বড় অগ্রগতির ফলে আমাদের ধান উৎপাদন অনেক বেড়ে যাবে। আরেকটি বড় গবেষণা চলছে, সেটা হলো ধানের উৎপাদনের সময়সীমা কমিয়ে আনা। অল্প সময়ে ঘরে তোলা যাবে এমন জাতের ধান উদ্ভাবন করা গেলেও উৎপাদন বাড়বে। এভাবে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারের উদ্যোগ নিয়ে আমাদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আর জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও অবহেলা করা চলবে না। কারণ, যে হারে জনসংখ্যা বাড়ছে, তা অব্যাহত থাকলে যতই আমরা নতুন প্রযুক্তি উদ্ভাবন করি না কেন, একটা সময় আমাদের সংকটে পড়তেই হবে।প্রথম আলো  আপনাকে ধন্যবাদ।মাহবুব হোসেন  ধন্যবাদ।