খাদ্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাচারিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৭০ জন খাদ্য পরিদর্শক নিয়োগের সুপারিশ করেছিল। অথচ নতুন বিধিমালা না হওয়ার অজুহাতে খাদ্য অধিদপ্তর সেই নিয়োগ ২৩ মাস ঝুলিয়ে রেখেছে। এ ব্যাপারে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি। নতুন বিধিমালা না হওয়া নিয়োগের ক্ষেত্রে কোনো অজুহাত হতে পারে না। খাদ্য অধিদপ্তর পুরোনো বিধিমালা অনুসারে চলতি মাসের ৩ তারিখে ৮৮ কর্মকর্তাকে চাকরিতে আত্তীকরণ ও পদায়ন দিয়েছে।

সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বলেছেন, ২০১৫ সালের ২৬ আগস্ট পিএসসি তাঁদের ৭০ জনকে খাদ্য পরিদর্শক পদে নিয়োগের সুপারিশ করে। ৩৩তম বিসিএসে উত্তীর্ণ অপর যে ৯১২ জনকে বিভিন্ন মন্ত্রণালয়ের নন ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি, তাঁরা সবাই নিয়োগ পেয়েছেন। কিন্তু খাদ্য পরিদর্শকের ১৫০টি পদ এখনো শূন্য আছে। চাকরিপ্রার্থীদের প্রতি কেন এই নিষ্ঠুর আচরণ?

কোনো অধিদপ্তর বা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিধিমালা করতে কত সময় লাগে? এ ক্ষেত্রে অধিদপ্তরের কর্মকর্তাদের অন্য কোনো স্বার্থ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। অধিদপ্তর একদিকে বলছে, নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়ায় তঁাদের কাজে সমস্যা হচ্ছে। অন্যদিকে নতুন বিধি প্রণয়নের কাজটি ঝুলিয়ে রাখছে। এটি স্ববিরোধিতা ও স্বেচ্ছাচারিতা ছাড়া কিছু নয়।

অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর যদি নির্দিষ্ট সময়ে সুপারিশকৃত ব্যক্তিদের নিয়োগ দিতে পারে, খাদ্য অধিদপ্তর কেন পারল না? এই ব্যর্থতার জবাব কী?

সুপারিশকৃত ব্যক্তিদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সবই শেষ হয়েছে। এরপরও নিয়োগের ক্ষেত্রে বিলম্ব কেন, সে প্রশ্নের জবাব কর্তৃপক্ষকে দিতে হবে। অবিলম্বে পিএসসির সুপারিশকৃত ৭০ জন খাদ্য পরিদর্শককে নিয়োগ দেওয়া হোক। যাঁরা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের অপেক্ষায় আছেন, তাঁরা সরকারের কাছে ন্যায়বিচার তো আশা করতেই পারেন।