গত কয়েক মাসে খাদ্যপণ্যের দাম ধারাবাহিকভাবে কমলেও টানা অবরোধ-হরতালের কারণে জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। জানুয়ারিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ০৭ শতাংশ, ডিসেম্বরে তা ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। লাগাতার আন্দোলনের কারণে পণ্য উৎপাদন ও সরবরাহ দুটোই কমে গেছে। ফলে একদিকে মানুষের আয় কমছে, অন্যদিকে বেড়েছে মূল্যস্ফীতি। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা।
বলার অপেক্ষা রাখে না যে, ২০১৩ সালেও একই অবস্থার সৃষ্টি হয়েছিল। মূলত পেট্রলবোমার ভয়ে পরিবহনমালিক ও চালকেরা পণ্যবাহী যানবাহন চালাতে রাজি না হওয়ায় পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। সরকার ও সংশ্লিষ্টদের অভয়বাণীতেও তাঁরা ভরসা রাখতে পারছেন না। এতে কেবল ভোক্তারাই যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা–ই নয়, উৎপাদনকারী কৃষকেরাও পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। পত্রিকার খবর অনুযায়ী পরিবহন করতে না পারায় মহাস্থানগড়ে প্রতি কেজি ফুলকপি বিক্রি হয়েছে এক টাকায়। আবার খেতেও অনেক সবজি নষ্ট হয়েছে। এই চিত্র কেবল মহাস্থানগড়ের নয়, সারা দেশের।
এই সময়ে দেশে বোরো ধান রোপণ হয়। কৃষকেরা সাধারণত আমন ও সবজি বিক্রির টাকা বোরো চাষে বিনিয়োগ করে থাকেন। কিন্তু এবার সবজি চাষে তঁারা ক্ষতিগ্রস্ত হওয়ায় বোরো ধানে প্রয়োজনীয় বিনিয়োগ করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে, বোরো রোপণ ও সেচের সময় দিনমজুরদের পারিশ্রমিক দিতেও তাঁদের হিমশিম খেতে হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের প্রয়োজনীয় ঋণসহায়তা দেওয়া প্রয়োজন। রাজনৈতিক দুর্যোগের অজুহাতে যদি বড় বড় ঋণগ্রহীতারা প্রণোদনা পেতে পারেন, তাহলে গরিব ও মাঝারি কৃষকেরা নন কেন?
এই মুহূর্তে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে যেমন সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি, তেমনি বোরো উৎপাদন নিশ্চিত করতেও কৃষকদের বিশেষ প্রণোদনা দেওয়া আবশ্যক বলে মনে করি।