খাদ্যনিরাপত্তার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকের ধারণা, আমাদের দেশটি ছোট, অনেক লোক, চাষের জমি কম, দিনে দিনে চাষের জমি কমে যাচ্ছে; এর ওপর প্রাকৃতিক দুর্যোগ, বৈশ্বিক উষ্ণতা—এসব কারণে কখনো আমাদের খাদ্যের নিরাপত্তা হবে না। কিন্তু ব্যাপারটি কি তাই? খাবার কি কেবল জমি থেকে আসে? অনেক দেশের তো চাষের জমিই নেই। এই যেমন—হংকং, সিঙ্গাপুর। তবু সে দেশের সবার খাদ্যের নিশ্চয়তা আছে। শিল্পসমৃদ্ধ ধনী দেশে সিংহভাগ জনগণের সঙ্গে খাদ্য উৎপাদনের সম্পর্ক নেই, তবু তাদের সবারই খাদ্যের নিরাপত্তা আছে।বাংলাদেশে ৬৫ থেকে ৭০ শতাংশ লোক সরাসরি কৃষিকাজের মাধ্যমে বিভিন্ন ফসলের চাষ করছে। এ ছাড়া প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে হাঁস-মুরগি, গরু-ছাগল পালন করা হচ্ছে। প্রতি বাড়িতে ফল ও সবজির চাষ হচ্ছে। প্রচুরসংখ্যক মানুষ মৎস্য চাষের সঙ্গে জড়িত। বিপরীতে জাপানে ৪ দশমিক ৫ শতাংশ লোক কৃষিকাজে নিয়োজিত। আমেরিকায় ২ থেকে ৩ শতাংশ লোক কৃষিতে জড়িত। ইউরোপিয়ান দেশগুলোতে এই সংখ্যা ৪ থেকে ৭ শতাংশ। খাদ্যনিরাপত্তার জন্য প্রধান শর্তই হচ্ছে খাদ্যের জোগানের সঙ্গে সঙ্গে সবার ক্রয়ক্ষমতা থাকা, অর্থাৎ নিশ্চিত আয় থাকা, যার সাহায্যে সবাই চাহিদা ও পছন্দমতো নিরাপদ ও পুষ্টিকর খাবার সংগ্রহ করতে পারে। সব উন্নত দেশে ৩ থেকে ৪, সর্বোচ্চ ৭ থেকে ৮ শতাংশ মানুষ কৃষিতে নিয়োজিত, বাকি ৯২ থেকে ৯৬ শতাংশ মানুষের খাদ্য উৎপাদনের সঙ্গে কোনো রকম সম্পর্ক ছাড়াই শুধু আয়ের কারণেই খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়েছে।একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর প্রতিদিন যথাক্রমে দুই হাজার ৫০০ ও দুই হাজার কিলোক্যালরি শক্তির সমান খাবার খেতে হবে। পুষ্টিবিজ্ঞানীদের মতে, এই শক্তির ৫৭, ৩০ ও ১৩ শতাংশ আসতে হবে যথাক্রমে শ্বেতসার ও শর্করা, স্নেহ বা তেল এবং আমিষ থেকে। এর জন্য আনুমানিক প্রতিদিন প্রত্যেকে ৩৫০ গ্রাম শ্বেতসার ও শর্করা, ৮০ গ্রাম স্নেহজাতীয় এবং ৭৮ গ্রাম আমিষ খেতে হবে। এই শক্তির চাহিদা ছাড়াও মানবদেহের জন্য বিভিন্ন ভিটামিন, খনিজ পদার্থ, লবণ, পানিসহ প্রায় ৪০ রকমের বিভিন্ন পুষ্টি উপাদান জরুরি। কোনো একটি খাদ্য থেকে সব পুষ্টি পাওয়া অসম্ভব বলে প্রতিদিনই সবাইকে বিভিন্ন খাদ্য খেতে হবে। প্রতিদিন ভাত বা রুটির সঙ্গে মাছ, মাংস, ডিম, দুধ, তেল, ফল ও সবজি অবশ্যই খেতে হবে। যেমন—প্রতিদিন একটি ডিম, অন্তত ২৫০ মিলিলিটার দুধ, ২০০-২৫০ গ্রাম মাছ বা মাংস, ২০০-২৫০ গ্রাম করে সবজি ও ফল খেতে হবে। সব উন্নত দেশের লোকেরা গড়ে বছরে প্রতিজন ৩৫০ থেকে ৪০০টি ডিম খায়। মালয়েশিয়া ও থাইল্যান্ডের জনগণও বছরে ২৫০টি ডিম আর ১৫ থেকে ২০ কেজি মুরগির মাংস খাচ্ছে। বিশ্বে গড়ে মাথাপ্রতি মাংস খাওয়ার পরিমাণ ৩৮ কেজি। বিশ্বে গড়ে প্রতিজন বছরে দুধ খায় ৮০ কেজি। আর সুইডেনের লোক খায় সর্বোচ্চ ৩৮০ কেজি।কিন্তু আমাদের দেশে সারা বছর যে ডিম উৎপাদিত হয়, তা মাথাপ্রতি বছরে মাত্র ৪০টি ভাগে পড়ে। বহু মানুষ সারা বছর একটি ডিমও খেতে পারছে না। সারা বছর যে দুধ, মাছ, সবজি, ফলের উৎপাদন হচ্ছে, তাও হতাশাজনক। প্রতিদিন যে দুধ আর মাছের চাহিদা, তার অর্ধেকও দেশে উৎপাদিত হচ্ছে না। বাংলাদেশে গড়ে দুধ ও মাংস খাওয়ার পরিমাণ হচ্ছে ১৫ কেজি আর ১৭ কেজি। সবজি উৎপাদিত হয় বছরে ৩০ লাখ টন, যা প্রতিজনের প্রতিদিন ভাগে পড়ে মাত্র ৫৫ গ্রাম। ফলের চিত্র আরও খারাপ।অন্য খাবার সহজে না পাওয়ার ফলে এবং ক্রয়ক্ষমতা না থাকার কারণে সিংহভাগ মানুষ কেবল ভাত খেয়েই জীবন ধারণ করছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বছরে মাথাপ্রতি ১৫০ কেজি চাল খাচ্ছে, যা ৭০ থেকে ৮০ কেজি বা আরও কম হওয়া উচিত। তাই খাদ্যনিরাপত্তার জন্য প্রথমেই ভাতের ওপর নির্ভরশীলতা কমাতে হবে, চাহিদামতো নিরাপদ ও পুষ্টিকর খাবারের জোগান এবং তা ক্রয়ের সক্ষমতা অর্জন করাতে হবে। বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে বিপুলসংখ্যক কৃষিনির্ভর মানুষকে অন্য পেশায় সরিয়ে নিতে হবে। এতে কৃষির যান্ত্রিক ও বাণিজ্যিকীকরণ ত্বরান্বিত হবে।প্রশ্ন হচ্ছে, ধান বাদে অন্যান্য খাদ্যদ্রব্য যেমন—মাছ, মাংস, ডিম, দুধ, সবজি, ফল, তেল, ডাল, চিনি, মসলা, পোলট্রির জন্য সয়ামিল, ভুট্টা ইত্যাদি দেশে উৎপন্ন করা সম্ভব কি না? সবকিছু দেশে উৎপাদন করা খুবই কঠিন এবং তার দরকারও নেই। চিনি, ভোজ্যতেল, ডাল ও মসলাজাতীয় ফসল জমির অভাবে দেশে হয়তো চাহিদামতো চাষ করা যাবে না; কিন্তু অনেক খাদ্যপণ্য আমরা সম্পূর্ণ চাহিদা মিটিয়ে রপ্তানির জন্য বাড়তি তৈরি করতে পারি। যেমন—সব ধরনের সবজি, ফুল বা ফল, ডিম, মাংস, দুধ, মাছ চাষের যেসব কলাকৌশল আবিষ্কৃত হয়েছে, তার অনেক কিছু এখানে শুরুই হয়নি। উন্নত কলাকৌশল ব্যবহারে মাছ, মাংস, ডিম, দুধ, সবজি, ফলের উৎপাদন অতি দ্রুত কয়েক গুণ বাড়ানো সম্ভব। গ্রিনহাউস, ল্যাথহাউস, ভিনাইলহাউসে সারা বছর প্রচুর সবজি ও ফল উৎপাদন করা যায়। যেকোনো সবজি বেশি উৎপাদিত হলেই কৃষককে তা পানির দামে বিক্রি করতে হয়। এ বছর ডিম ও ব্রয়লার উৎপাদন গত বছরের তুলনায় কিছু বেড়েছিল বলে মুরগি ও ডিম সস্তা হয়ে যায়। মালয়েশিয়ায় মাত্র ২ দশমিক ৫ কোটি এবং থাইল্যান্ডে ছয় কোটি জনসংখ্যা হয়েও তারা আমাদের থেকে অনেক বেশি ডিম, ব্রয়লার, মাছ, মাংস, দুধ, সবজি, ফুল ও ফল উৎপাদন করছে। এর কারণ সে দেশের মানুষের ক্রয়ক্ষমতা। থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, ইন্দোনেশিয়ার একটি কৃষিবিষয়ক কোম্পানি যেকোনো নতুন প্রকল্পে ৫ থেকে ১০ কোটি ডলার বিনিয়োগ করছে। ফলে খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াজাত শিল্পের ব্যাপক প্রসার হচ্ছে। বিশ্বে যেকোনো দেশেই শিল্পের প্রসারই বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ওই দেশের জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করেছে। আমাদের দেশেও এর ব্যতিক্রম হওয়ার কারণ নেই।ড. এম আর আলী: গবেষক, বিজ্ঞানী, বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান।