খাদ্যপণ্যের লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ৩১টি কোম্পানির ৪৩ রকমের খাদ্যপণ্যের লাইসেন্স বাতিল করেছে। পদক্ষেপটি যে যথাযথ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই পদক্ষেপের সুফল কতটা মিলবে, তা নিয়ে সন্দেহ আছে। কারণ, বিএসটিআইয়ের এ ধরনের তৎপরতা প্রায়ই ক্ষণস্থায়ী হয়ে থাকে। প্রতিষ্ঠানটি খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়মিত ধারাবাহিকতার সঙ্গে পালন করলে হঠাৎ করে এমন পাইকারি বাতিল-অভিযানের প্রয়োজন দেখা দিত না।বিএসটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোম্পানিগুলোর খাদ্যপণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে, তারা লাইসেন্স নেওয়ার সময় খাদ্যপণ্যের গুণগত মান বজায় রেখেছিল। কিন্তু পরবর্তী সময়ে তারা তা বজায় রাখেনি। লাইসেন্স বাতিলের কারণ সেটিই। ভালো কথা। কিন্তু লাইসেন্স পাওয়ার পর থেকে কত সময় পর্যন্ত কোম্পানিগুলো এসব খাদ্যপণ্যের মান বজায় রেখেছে, আর কখন থেকে মানহীন ও ক্ষতিকর খাদ্যপণ্য বাজারজাত করা শুরু করেছে, কত সময় পর্যন্ত আমাদের শিশুরাসহ সাধারণ ভোক্তারা এগুলো গ্রহণ করেছে—এসব নজরদারি কি করা হয়েছে? বাতিল খাদ্যপণ্যের তালিকায় বেশ কিছু জনপ্রিয় ফলজাতীয় পানীয় রয়েছে, যেগুলো দীর্ঘ সময় ধরে আমাদের শিশুরা গ্রহণ করছে। বিএসটিআই এখন বলছে, এসব পানীয়র কোনোটিতে ফলের লেশমাত্র নেই। তাহলে এত সময় ধরে, বিশেষত শিশুরা যে এগুলো পান করে আসছে, তার দায়ভার কার ওপর বর্তায়? রাসায়নিকভাবে কৃত্রিম রং, স্বাদ ও গন্ধ তৈরি করে ‘তাজা ফলে’র কথা বলে ব্যাপক হারে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে কোম্পানিগুলো যে দিনের পর দিন আমাদের শিশুদের এসব ক্ষতিকর পানীয়র প্রতি প্রলুব্ধ করেছে, তা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার ছিল?নিয়ম অনুযায়ী কোম্পানিগুলোকে একেকটি খাদ্যপণ্যের লাইসেন্স দেওয়া হয় তিন বছরের জন্য। বছরে অন্তত দুবার পণ্যের মান পরীক্ষা করে দেখা হয় বলে বিএসটিআই দাবি করছে। এই দাবি কতটা কাগুজে আর কতটা বাস্তব, তা বলা কঠিন। কিন্তু এটা বোঝা মোটেও কঠিন নয় যে বিএসটিআইয়ের নজরদারি, খাদ্যপণ্যের মান পরীক্ষা ও নিয়ন্ত্রণব্যবস্থা যথাযথভাবে পর্যাপ্ত মাত্রায় কার্যকর নয়। বৈজ্ঞানিক পরীক্ষাগারের অবকাঠামো ও কারিগরি সুবিধার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সামর্থ্যের সীমাবদ্ধতা আছে; উদ্যম-প্রণোদনারও ঘাটতি আছে। সমগ্র জাতির স্বাস্থ্যের বিষয়টির গুরুত্বের পরিপ্রেক্ষিতে খাদ্যপণ্যের বাজারে এই প্রতিষ্ঠানের যে সক্রিয় ও শক্তিশালী ভূমিকা প্রত্যাশিত, দুঃখজনকভাবে তা অনুপস্থিত। কিন্তু আইনগত দিক থেকে প্রতিষ্ঠানটির ক্ষমতা অনেক।যেসব খাদ্যপণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে, সেগুলো দ্রুতই বাজার থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। নইলে এই পদক্ষেপের কোনো অর্থ থাকে না। অবশ্য কয়েকটি প্রতিষ্ঠান দাবি করেছে, তারা তাদের পণ্য তুলে নিয়েছে। কিন্তু তাদের কথায় নির্ভর করা চলে না। বাতিল ৪৩টি খাদ্যপণ্য বাজারের সব দোকান থেকে সরিয়ে নেওয়ার অভিযান চালাতে হবে। আর বিএসটিআইকে এমন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিতে হবে নিয়মিতভাবে।