খাদ্যবান্ধব কর্মসূচিতে ব্যাপক অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের তালিকা তৈরি নিয়ে যে অনিয়ম হয়েছে, তা সত্যিই হতাশার। তালিকা অনুযায়ী দরিদ্র ব্যক্তিদের কার্ড পাওয়ার কথা। কিন্তু যাঁরা কার্ড পেয়েছেন, তাঁদের মধ্যে সচ্ছল ব্যক্তিরাও আছেন। এমনকি মৃত ব্যক্তির নামেও কার্ড তোলা হয়েছে।
গত সেপ্টেম্বরে সারা দেশে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় ৫০ লাখ দরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দেওয়ার কথা। প্রতিবছর মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই পাঁচ মাস এ খাদ্যসহায়তা দেওয়া হবে। এ সময় চালের দাম বাড়তির দিকে থাকে বলে সরকারের নেওয়া এই ভালো উদ্যোগ নানা অনিয়মের কারণে প্রত্যাশিতভাবে ফলপ্রসূ হচ্ছে না।
প্রথম আলোর খবরে প্রকাশ, মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের অনেক পরিবারের সদস্য সৌদি আরবে প্রবাসী। অথচ দরিদ্র মানুষের তালিকায় তাঁদের নাম রয়েছে। এক বছর ও তিন বছর আগে মারা গেছেন, এমন দুই ব্যক্তিরও নাম পাওয়া গেছে। দেশের অন্যান্য স্থানেও খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। যেমন, রংপুরের বদরগঞ্জ উপজেলায় চাকরিজীবী, অবসরপ্রাপ্ত সেনাসদস্য, ব্যবসায়ী, পাকা বাড়ির মালিক ও এক থেকে ছয় একর সম্পত্তির মালিকেরা ১০ টাকা কেজির চাল পেয়েছেন। বরিশালের গৌরনদী, ময়মনসিংহের নান্দাইল থেকে অভিযোগ এসেছে: ১০ টাকার চাল খোলাবাজারে বিক্রি করা হচ্ছে।
প্রশ্ন হচ্ছে, এসব দেখার কি কেউ নেই? কেন এসব অনিয়ম হচ্ছে? যাঁদের তালিকা করার কথা, তাঁরা হাতে ক্ষমতা পেয়ে যা খুশি তাই করছেন। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না। সরকারকে এ ব্যাপারে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করতে হবে। যাঁরা অনিয়ম করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তা না হলে গরিবের চাল ধনীর পেটেই যাবে; সরকারের একটা গণমুখী উদ্যোগ বিফল হবে।