সরবরাহের কোনো অভাব নেই, তারপরও রাজধানীর প্রধান বাজারে কাঁচা মরিচের দাম উঠেছে ৬০ টাকা কেজি, কোথাও কোথাও আরও বেশি। উল্টোদিকে এই মরিচ কৃষক বিক্রি করেছেন চার থেকে আট টাকা দরে। কৃষকের হাত থেকে ক্রেতার হাতে যেতে পণ্যের দাম যদি ৮ থেকে ১০ গুণ বেড়ে যায়, তাহলে তাকে ব্যবসা না বলে লুণ্ঠন বলাই ভালো। এবং এটা ঘটছে পবিত্র রমজান মাসে!
কেবল মরিচের বেলাতেই নয়, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেলাতেও হঠাৎ করে মূল্যবৃদ্ধি হওয়ার ফল হলো: উৎপাদক ও ক্রেতার ক্ষতি। মাঝখান থেকে সাধারণ মানুষের আয় চলে যাচ্ছে একশ্রেণির ব্যবসায়ীর পকেটে।
বাজার ব্যবস্থাপনায় সরকারের দায় দ্বিমুখী। একদিকে উৎপাদক যাতে ন্যায্যমূল্য পান, অন্যদিকে পাইকারি ও খুচরা বিক্রেতাদের মুনাফা যাতে যৌক্তিক মাত্রায় থাকে। কিন্তু বাজারে চলছে অযৌক্তিক মুনাফাবাজির রাজত্ব। কৃষক তো বটেই, কখনো কখনো পাইকারি বিক্রেতারাও লোকসানের শিকার হচ্ছেন। বিভিন্ন পর্যায়ের মধ্যস্বত্বভোগী থাকায় এবং তাদের ওপর কারও কোনো নিয়ন্ত্রণ না থাকায় জিনিসপত্রের দাম লাগামছাড়া হতেই থাকছে।
বাজার ব্যবস্থার নিয়ম হলো সরবরাহ বেশি হলে চাহিদা ও দামও কমে যাবে। কিন্তু একমাত্র বাংলাদেশেই সরবরাহ যা-ই থাকুক না কেন দাম অস্বাভাবিক মাত্রায় বাড়বেই। খাদ্যপণ্যের বাজারজাত পদ্ধতির নৈরাজ্য, গুদামজাত করার অসুবিধা এবং ধাপে ধাপে চাঁদা ও বখরার খেসারত দিতে হচ্ছে উৎপাদক ও সাধারণ ভোক্তাকে। আমদানি পণ্যের বেলায় দেখা যায় সিন্ডিকেট সবকিছু নিয়ন্ত্রণ করছে। সরকারের বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবির না আছে ক্ষমতা না আছে লোকবল। কালেভদ্রে ভ্রাম্যমাণ আদালত পাঠিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। টিসিবিকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। সবকিছুর আগে চাই, জনগণের দুর্ভোগ না বাড়ানোয় সরকারের কর্তাব্যক্তিদের আন্তরিক অঙ্গীকার ও সদিচ্ছা।
উৎপাদক কৃষক ও সাধারণ ভোক্তারা একদিকে, একশ্রেণির মুনাফাখোর মধ্যস্বত্বভোগীরা আরেকদিকে। দুর্ভাগ্যজনক যে সরকার প্রথম পক্ষের পাশে দাঁড়াচ্ছে না।