পৌরসভা কর্তৃপক্ষ যদি নিজেই খাল দখলের সঙ্গে জড়িত থাকে তবে খাল রক্ষা পাবে কীভাবে! বরগুনা পৌরসভা কর্তৃপক্ষ পাইকারি মাছ বাজারের জন্য খাল দখল করে সেখানে ভবন বানিয়ে ফেলেছে। পৌরসভার বিরুদ্ধে এখন ব্যবস্থা নেবে কে?
প্রথমআলোর খবর অনুযায়ী, বরগুনার পৌর মেয়র আনোয়ার হোসেন আকন কোনো রকমের দরপত্র আহ্বান না করেই পাথরঘাটা উপজেলার লঞ্চঘাট এলাকায় খাল দখল করে তড়িঘড়ি করে তিনতলা এই ভবন নির্মাণ করেন। জেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো ধরনের বন্দোবস্ত কিংবা অনুমতি ছাড়াই এই স্থাপনা নির্মাণ করা হয় বলে অভিযোগ উঠেছে। তবে মেয়রের দাবি, নিয়ম মেনেই তিনি ভবনটি নির্মাণ করেছেন এবং পৌরসভার আয় বাড়াতেই এটা করা হয়েছে।
খাল দখল করে ভবন নির্মাণের ফলে খালের নাব্যতা হ্রাস পাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ ছাড়া মাছের বাজার চালু হলে ওই ভবন ঘিরে আরও অনেক স্থাপনা নির্মাণ হবে এবং ওই বাজারে মাছ ওঠানোর জন্য সাগর থেকে আসা ট্রলার নোঙর করতে জেটি নির্মাণ করা হবে। এতে খালটি সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া এলাকার মৎস্য ব্যবসায়ীদের আশঙ্কা, নতুন নির্মিত এই বাজার থেকে আধা কিলোমিটারেরও কম দূরত্বে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের পরিচালনাধীন দেশের দ্বিতীয় বৃহত্তম যে মৎস্য অবতরণকেন্দ্র রয়েছে, এই বাজারটি চালু করা হলে ওই অবতরণকেন্দ্রটি নির্জীব হয়ে পড়বে। এতে সরকার বিপুল রাজস্ব হারাবে।
এভাবে খাল দখল করে কারও কোনো ধরনের স্থাপনা নির্মাণ করার কোনো সুযোগ নেই। জেলা প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডেরও কোনো এখতিয়ার নেই খাল দখল করে স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়ার। বরগুনা জেলা প্রশাসনকে এখন ভবনটি ভেঙে খালটি দখলমুক্ত করার উদ্যোগ নিতে হবে।
তবে শুধু বরগুনার পৌর মেয়র নন, সারা দেশে আরও অনেকে নদী, খাল দখল করে স্থাপনা নির্মাণ করেছেন এবং করছেন। দখলের কবলে পড়ে বহু নদী, খাল এখন বিলুপ্তির পথে। বরগুনার খালটি উদ্ধার করে একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক।