মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে ইজারার শর্ত ভেঙে খাল ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ করার যে খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে, তা সত্যিই দুঃখজনক।
গত সোমবারের প্রথমআলোর খবর অনুযায়ী, ওই খালের ১১ শতক খাসজমি ২২ জনকে এক বছরের জন্য ইজারা দেওয়া হয়। ইজারার শর্ত অনুযায়ী, ২২ জনের ওই জায়গায় কাঁচাঘর নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করার কথা। কোনোভাবেই খাল ভরাট করা যাবে না। কিন্তু ইজারাদারেরা খাল ভরাট করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করছেন। এলাকাবাসী এ নির্মাণকাজ বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর তিনি নির্মাণকাজ বন্ধের আদেশ দেন। প্রথমআলোর মানিকগঞ্জ প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন কাজ বন্ধ রাখলেও ইজারাদারেরা ফের নির্মাণকাজ শুরু করেছেন।
আমরা চাই ইউএনও এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন। খাল ভরাটকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি খাল আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।
তবে শুধু দৌলতপুরেই নয়, সারা দেশেই অনেক খাল এ রকম অবৈধভাবে ভরাট করে স্থাপনা ও রাস্তা নির্মাণ করা হয়েছে এবং এখনো হচ্ছে। এভাবে খাল ভরাট করার কারণে দেশের অনেক স্থানে কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়েছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই সব জমিতে আবাদ করা ফসল। সাধারণত প্রভাবশালী ব্যক্তিরা বা তাঁদের ছত্রচ্ছায়ায় থাকা লোকজন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য খাল ভরাট করে থাকেন। দেশে জলাধার সংরক্ষণ আইন আছে, কিন্তু কার্যত এর কোনো প্রয়োগ নেই। ফলে অবাধে চলছে খাল ও জলাশয় দখল।
জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী, কোনো ব্যক্তি এই আইন লঙ্ঘন করলে তাকে পাঁচ বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ডেই দণ্ডিত করা হবে। আমরা চাই এ আইনের যথাযথ প্রয়োগ হোক। প্রয়োজনে আইন আরও কঠোর করা হোক।