দেড় হাজার বছর আগে রোমান সম্রাট জাস্টিনিয়ান স্থির করেছিলেন যে পানি, বায়ু, জলাধার ইত্যাদি হলো কালোত্তীর্ণ সর্বজনীন জনসম্পদ। এসব বিষয়ে রাষ্ট্র বা কোনো সরকার ব্যক্তিস্বার্থে কারও কাছে ইজারা বা বিক্রিচুক্তি করতে পারে না। যদি এ মর্মে কোনো দলিল তৈরি হয়, সেটি গোড়া থেকে আপনা-আপনি বাতিল বলেই গণ্য হবে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতেও জাস্টিনিয়ান কোড স্বীকৃত হয়েছে। এর মানে হলো, কোনো ওজর আপত্তি দিয়েই পটুয়াখালীর বাউফলের চরমিয়াজান খালে বাঁধ সৃষ্টি করে মাছ চাষ বৈধতা পাবে না। প্রায় আট বছর ধরে বাঁধ দিয়ে মাছ চাষ করার ফলে চরমিয়াজান গ্রামের প্রায় ৪০০ পরিবার নিদারুণ পানির কষ্টে ভুগছে। কারণ, নলকূপ না থাকা ওই প্রত্যন্ত অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনে পানির প্রয়োজন মেটানোর একমাত্র উৎস ছিল ওই খাল।
স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে যে খালটিতে বাঁধ দিয়ে মাছ চাষে তাদের সায় নেই। ইউএনও একে ‘অমানবিক’ বলেছেন। কিন্তু এ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের কতিপয় স্থানীয় নেতার ছত্রচ্ছায়ায় ছাত্রলীগ নেতাটি যে গর্হিত ফৌজদারি অপরাধ করে চলছেন, তার দায় এলজিইডি এড়াতে পারে না। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ওই খালে একটি জলকপাট লাগানো হয়। আর ওই ছাত্রনেতাটি তাঁর কৌতুকপ্রদ দাবিমতে সুপ্রাচীন খালটির একটি অংশ ‘পৈতৃক সম্পত্তি’ বিবেচনায় জলকপাট নিজ উদ্যোগে বন্ধ করে মাছ চাষ শুরু করেন। গ্রামবাসী বছরের পর বছর এটি খুলতে আন্দোলন করলেও এলজিইডি থেকে কেউ ওই জলকপাটের খবর নিতে যাননি। মাঠপর্যায়ে সরকারি সম্পদের অপব্যবহার ও দুর্নীতির এটি একটি নির্জলা দৃষ্টান্ত।
১১ জানুয়ারি বাউফলের নবনিযুক্ত উপজেলা প্রকৌশলী স্বীকারও করেন, খালে বাঁধ দেওয়া বা জলকপাট বন্ধের মতো সিদ্ধান্ত একান্তই তাঁদের ব্যাপার। আমরা আশা করব, খালটি নেতা-গ্রাস থেকে দ্রুত মুক্ত হবে। গণবিরোধী এ রকম স্বার্থপরতা নিন্দনীয় ও ফৌজদারি আইনে দণ্ডনীয় অপরাধ।