বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আলোচনার প্রস্তাব সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নাকচ করা একটি ভুল রাজনৈতিক কৌশল। কারণ, গণতন্ত্রে রাজনৈতিক সমস্যা মীমাংসার জন্য আলোচনার বিকল্প নেই। এ কথা আওয়ামী লীগও বিভিন্ন সময় বলেছে। আলোচনার পথ বন্ধ হয়ে গেলে নৈরাজ্যের আশঙ্কা বাড়ে। আওয়ামী লীগ যদি আনুষ্ঠানিকভাবে বিএনপির আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে তা আগামী দিনে রাজনীতিতে অশ্চিয়তা ডেকে আনবে, যার লক্ষণ এখনই দেখা যাচ্ছে।
বিগত বছর ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে দেশে ও বিদেশে প্রশ্ন রয়েছে। বৃহত্তম বিরোধী দল বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে এবং অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদদের নিয়ে গঠিত সংসদ দিয়ে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র যে চলে না, সে বিষয়ে প্রশ্ন থাকতে পারে না। সংসদে কার্যত কোনো বিরোধী দল নেই। এই জগাখিচুড়ি অবস্থা বেশি দিন চলতে পারে না।
নির্বাচনের জন্য সাত দফা প্রস্তাব খালেদারএর আগে বিএনপি গাজীপুরের সমাবেশ স্থগিত করে আইনের প্রতি সহনশীলতার পরিচয় দিয়েছে। তা ছাড়া, বিভিন্ন সময় জামায়াতে ইসলামী দলের ডাকা হরতালেও তারা সমর্থন বা সাড়া দেয়নি। এর রাজনৈতিক তাৎপর্য বিবেচনায় রাখা যেতে পারে।
গত একটি বছর রাজনৈতিক হানাহানি তেমন ছিল না। আমরা আশা করব, ২০১৫ সাল এবং সামনের বছরগুলোও রাজনৈতিক সংঘাতমুক্ত থাকবে। কিন্তু এ জন্য ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ ও দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিতে হবে। খালেদা জিয়ার প্রস্তাবের অনেক বিষয়েই আওয়ামী লীগের দ্বিমত থাকতে পারে। আলোচনার মাধ্যমে সেসব যে মীমাংসা করা যাবে না, তা নয়। এক কথায় নাকচ না করে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আলোচনায় বসুক।
সব দলের অংশগ্রহণে একটি প্রতিনিধিত্বশীল নির্বাচনের উপায় খুঁজে বের করাই এখন দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব বাধা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে, এ বিষয়ে আমরা দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি আস্থাশীল থাকতে চাই।