খালেদা জিয়ার বন্ধ দরজায় প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আকস্মিক মৃত্যু সবার জন্যই শোকাবহ। ২০০৭ সালে জরুরি আইনের সময় রাজনৈতিক কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরের বছর প্যারোলে মুক্তি পেয়ে তিনি বিদেশে যান। এ অবস্থায় মাত্র ৪৪ বছরেই একজন তরুণের মৃত্যুতে যেকোনো মা বেদনায় ভেঙে পড়েন। মানবিক কারণেই এ সময় সবাই সহানুভূতি জানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশের জন্য গিয়েছিলেন গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে। কিন্তু সেখানে বন্ধ দরজায় কিছুক্ষণ অপেক্ষা করে তাঁকে ফিরে আসতে হয়। বিএনপির স্থায়ী কমিটির বা সিনিয়র নেতারা এগিয়ে এসে দরজা খোলার প্রয়োজনীয়তাও বোধ করেননি। অথচ সামান্য সৌজন্য দেখানো যেত। প্রধানমন্ত্রীকে সাদরে ভেতরে নিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা কথা বলতে পারতেন। সেটাই হতো স্বাভাবিক এবং এতে শিষ্টাচারের পরিচয় মিলত।
খালেদার কার্যালয়ের ফটক বন্ধ, ফিরে এলেন হাসিনাকারও মৃত্যুতে শোক প্রকাশের জন্য সম্মতি নেওয়ার দরকার পড়ে না। সুতরাং, প্রধানমন্ত্রী শোক প্রকাশের জন্য খালেদা জিয়ার কাছে যাবেন, এ তথ্য জানার পর বিএনপির পক্ষ থেকে অসুস্থতার বিষয় তুলে পরে আসার কথা বলার কোনো যুক্তি থাকতে পারে না। প্রধানমন্ত্রী যখন এসেই পড়েছেন, তখন স্বাভাবিক সৌজন্য প্রকাশে জড়তা থাকা উচিত নয়। একে খোলামনে গ্রহণ করে বিএনপির নেতারা প্রজ্ঞার পরিচয় দিতে পারতেন।
রাজনীতিতে চরম বিভেদ থাকলেও ব্যক্তি ও মানুষ হিসেবে রাজনৈতিক নেতাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। প্রধানমন্ত্রী সেটা প্রকাশ করার উদ্যোগ নিয়েছিলেন। তিনি সামনাসামনি উপস্থিত হয়ে শোক প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত হলেও তাঁর এই উদ্যোগের গুরুত্ব অস্বীকার করা যায় না।
গুলশানে খালেদা জিয়ার কাছে যাওয়ার পেছনে যদি প্রধানমন্ত্রীর মানবিক মনোভাব প্রধান বিষয় হয়ে থাকে, তাহলে তা তিনি অব্যাহত রাখবেন বলে আমরা আশা করি। আগামী দিনে হয়তো দুই নেত্রীকে কাছাকাছি নিয়ে যাওয়ার অন্য সুযোগ সৃষ্টি হবে। সে সময় কেউ যেন পিছিয়ে না থাকেন, সেটা সবার কাম্য।