বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভারত সফর গণমাধ্যমের পাশাপাশি দুই দেশের রাজনৈতিক মহলেও খানিকটা চাঞ্চল্য সৃষ্টি করেছে, সন্দেহ নেই। বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনের এক বছর আগে তাঁর এই দিল্লি সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করছে কূটনৈতিক মহল। আবার এই সফরকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর চেষ্টা করছেন কেউ কেউ। ভারত সরকারের আমন্ত্রণেই খালেদা জিয়া নয়াদিল্লি গেছেন, অতএব এই সফরকে গুরুত্বহীন বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যে মন্তব্য করেছেন, তা আমাদের বিদ্বেষপূর্ণ রাজনীতিরই পরিচায়ক। এর মাধ্যমে তিনি শুধু বিরোধী দলকে নয়, পুরো দেশকেই খাটো করেছেন। বিরোধীদলীয় নেতা হিসেবে খালেদা জিয়া সেখানে বিএনপির নয়, বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করছেন।খালেদা জিয়া নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজ প্রমুখের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করলেও সবকিছু ছাপিয়ে তাঁর একটি মন্তব্য ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তিনি বলেছেন, ‘ভবিষ্যতে তাঁরা ক্ষমতায় এলে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।’ অস্বীকার করার উপায় নেই, চারদলীয় জোট সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির অন্যতম কারণ ছিল বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা। ২০০৪ সালে উলফা বিচ্ছিন্নতাবাদীদের জন্য নেওয়া ১০ ট্রাক অস্ত্রের চালানটি চট্টগ্রামে আটক হওয়ার পর এটি স্পষ্ট হয় যে, এসব কর্মকাণ্ডে তৎকালীন সরকারেরও সমর্থন ছিল। এ নিয়ে ভারতের পক্ষ থেকে বারবার উদ্বেগ প্রকাশ করা হলেও জোট সরকার কোনো ব্যবস্থা নেয়নি।২০০৯ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে ভারতের উদ্বেগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেয় এবং বেশ কয়েকজন উলফা নেতাকে ভারতের কাছে হস্তান্তর করে। এর পর থেকে আসামে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা অনেকটাই হ্রাস পায়। গত পৌনে চার বছরে বিদ্যমান সব সমস্যার সমাধান না হলেও বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য বেড়েছে। এই অবস্থায় বিরোধীদলীয় নেতা ‘অতীতের সন্দেহ-অবিশ্বাস পেছনে ফেলে সামনে তাকানোর’ যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা যদি বিএনপির নীতিগত অবস্থান হয়, আমরা তাকে সাধুবাদ জানাই। দুই দেশের অর্থনৈতিক উন্নতি ও জনগণের স্বার্থেই যত দ্রুত সম্ভব এসব সন্দেহ-অবিশ্বাস দূর করা প্রয়োজন। বাংলাদেশ যখন ভারতের প্রধান উদ্বেগের বিষয়টি দূর করেছে, তখন নয়াদিল্লিরও উচিত তিস্তা নদীর পানিবণ্টন, সীমান্ত বিরোধ নিষ্পত্তিসহ বাংলাদেশের মানুষের উদ্বেগ নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া।এ প্রসঙ্গে আরেকটি কথা বলা জরুরি। ভারতে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, বিরোধী দলের সঙ্গে পরামর্শ করেই পররাষ্ট্রনীতি ঠিক করা হয়ে থাকে। বাংলাদেশেও সেই নীতি অনুসৃত হওয়া উচিত। সরকার কিংবা বিরোধী দল—উভয়কেই ‘নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার নীতি’ পরিহার করতে হবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গি নয়, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থকেই অগ্রাধিকার দিতে হবে।