২০০৬ সালে ক্ষমতা ছাড়ার ছয় বছর পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই প্রথম একটি ভুলের কথা স্বীকার করলেন।গত বৃহস্পতিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে তিনি বলেছেন, ‘২০০৬ সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে প্রধান উপদেষ্টা করা ছিল তাঁদের একটি ভুল সিদ্ধান্ত।’ (ডেইলি স্টার, ৬ আগস্ট ২০১২)পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, খালেদা জিয়া এও স্বীকার করেছেন, সে সময় আওয়ামী লীগের বিরোধিতার মুখে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান প্রধান উপদেষ্টার পদ গ্রহণে অস্বীকৃতি জানানোর পর বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীকে বিএনপির মেনে না নেওয়াও ঠিক হয়নি। তিনি স্থায়ী কমিটির সদস্যদের উদ্দেশ করে বলেছেন, ‘তখন আপনারা মাহমুদুল আমিন চৌধুরীকে আওয়ামী লীগের লোক হিসেবে চিহ্নিত করেছিলেন বলেই তাঁকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিইনি।’ কিন্তু সেটি ভুল সিদ্ধান্ত ছিল। ওই সময় বিচারপতি হামিদুল হকের নামও বিএনপি নাকচ করে দেয় এই যুক্তিতে যে, তিনি আওয়ামী লীগের লোক।সেই চরম রাজনৈতিক সংকটময় মুহূর্তে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বিতর্কিত ও রহস্যজনক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। সংকট সমাধানে তিনি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যে সংলাপ করেন, তা-ও ছিল লোক দেখানো। সেদিন অন্য সব বিকল্প অনুসন্ধান না করেই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান উপদেষ্টার পদটি দখল করেছিলেন।অর্থাৎ, আলোচনা ও বিকল্প অনুসন্ধানের পুরো বিষয়টিই ছিল তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের ধাপ্পাবাজি, যার নেপথ্যে কলকাঠি নাড়ছিল সদ্য ক্ষমতা ছাড়া বিএনপি নেতৃত্ব। খালেদা জিয়া সেদিন সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ২০০৭ সালের ২২ জানুয়ারি সব দলের অংশগ্রহণেই নির্বাচন হতো এবং সেনা-সমর্থিত অনির্বাচিত সরকার সিন্দাবাদের দৈত্যের মতো দুই বছর দেশবাসীর ওপর চেপে বসতে পারত না।২.এত দিন পর খালেদা জিয়া ইয়াজউদ্দিন আহম্মেদকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত ভুল ছিল স্বীকার করলেও তাঁর সরকারের আমলে সংঘটিত ভুলগুলো সম্পর্কে একটি কথাও বলেননি। বিএনপি পাঁচ বছরের দেশ শাসনে যেসব ভুল করেছে, তার বিস্তারিত বিবরণ দিলে আরেকটি মহাভারত লিখতে হবে। তার প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু দেশের, আরও সুনির্দিষ্ট করে বললে, বিএনপির রাজনীতিকে সঠিক ও সুস্থ ধারায় ফিরিয়ে নিতে হলে সেই ভুলগুলো স্বীকার করে নেওয়া উচিত। আমাদের দেশে ক্ষমতাসীনেরা ক্ষমতা ছাড়ার পরই ভুল বুঝতে পারেন, আগে নয়। যেমন এখন শেখ হাসিনা তাঁর কাজে কোনো ভুল দেখতে পারছেন না।২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিএনপি তথা চারদলীয় জোটের সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্লোগান ভোটারদের আকৃষ্ট করেছিল। তারা সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়।কিন্তু বিজয়ী দলের নেতা-কর্মী ও ক্যাডাররা দেশজুড়ে বিরোধী দলের নেতা-কর্মী ও সংখ্যালঘুদের ওপর যে মাস্তানি ও সন্ত্রাস চালিয়েছিল, তা বন্ধে খালেদা জিয়ার সরকার কোনো ব্যবস্থাই নেয়নি; বরং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী গণমাধ্যমে প্রকাশিত খবর ও ছবিকে বাড়াবাড়ি এবং অতিরঞ্জন বলে সত্য আড়াল করার অপচেষ্টা চালান। সে সময় বিএনপিদলীয় ক্যাডাররা হাজার হাজার সংখ্যালঘুর বাড়িঘর জ্বালিয়ে দেয়, লুটপাট করে। অনেক সংখ্যালঘু নারী ধর্ষিত হন; অনেক শিশু ও বৃদ্ধ নির্যাতনের শিকার হন। কিন্তু সরকার সবকিছু ‘পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের’ রাজনৈতিক প্রতিক্রিয়া বলে প্রচার চালাতে থাকে। খালেদা জিয়া সরকারের এই মনোভাব ছিল যেমন আত্মঘাতী, তেমনি দেশঘাতী।ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সন্ত্রাস করেনি, সে দাবি কেউ করবে না। তারা অবশ্যই সন্ত্রাস করেছে, যার কারণে নারায়ণগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল, গফরগাঁও, ভোলা প্রভৃতি স্থান সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত ছিল। কিন্তু সেই স্থানিক সন্ত্রাস সারা দেশে ছড়িয়ে দিয়ে চারদলীয় জোট বিজয়ের গৌরবকে কেবল ম্লান করেনি, লাখ লাখ মানুষকে অবর্ণনীয় দুঃখ-দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছিল। এ ধরনের জিঘাংসা বিজিত দেশের ওপর বিজয়ী বাহিনীই করে থাকে। বাংলাদেশে বিজয়ী দলও নির্বাচনকে বরাবর সেভাবেই দেখে। ক্ষমতায় থাকতে ভয়ংকর হয়ে ওঠা আওয়ামী লীগের নেতারা ২০০১ সালের ১ অক্টোবর রাতেই পালিয়েছিলেন। তাঁদের হাতের কাছে না পেয়ে বিজয়ী দলের কর্মী ও ক্যাডাররা কেন সংখ্যালঘুদের ওপর ঝাঁপিয়ে পড়ল? ঝাঁপিয়ে পড়ল এ কারণে যে, বিএনপি-জামায়াত প্রকৃতিগতভাবেই সংখ্যালঘুদের নিজেদের লোক মনে করে না। মনে করে, আওয়ামী লীগের ‘ভোটব্যাংক’।২০০৮ সালে শেখ হাসিনা যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন, ২০০১ সালে চার দলের আসন সমান না হলেও তাদের বিজয়ও ছিল অভাবনীয়। ৩০০ আসনের সংসদে ১৯৭টি আসন পায় বিএনপি, চারদলীয় জোট দুই-তৃতীয়াংশের বেশি আসন পায়। কিন্তু সেই বিএনপির নেতা-কর্মীরা ভয়ংকর মূর্তিতে আবর্তিত হন। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এটি একটি কলঙ্কজনক অধ্যায়, যার ক্রিয়া-প্রতিক্রিয়া হয়তো আরও কয়েকটি নির্বাচনে চলতে থাকবে।খালেদা জিয়া সরকারের তৃতীয় ভুল ছিল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও হরকাতুল জিহাদের মতো জঙ্গি সন্ত্রাসী সংগঠনগুলোকে মদদ দেওয়া। সে সময় রাতারাতি অনেক জঙ্গি সংগঠন গড়ে ওঠে, যার একটির নেতৃত্ব দেন শায়খ আবদুর রহমান এবং তাঁর বিশ্বস্ত সাগরেদ সিদ্দিকুল ইসলাম, যিনি ‘বাংলা ভাই’ নামে অধিক পরিচিত। এই বাংলা ভাই রাজশাহী অঞ্চলে প্রায় বিকল্প শাসনব্যবস্থা গড়ে তুলেছিলেন। তিনি সেখানে যাঁকেই তাঁর মতের বিরোধী মনে করতেন, তাঁকে নির্যাতন শিবিরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালাতেন; কাউকে কাউকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়েও রাখতেন অন্যদের ভয় পাইয়ে দেওয়ার জন্য।৩.রাজনৈতিক আদর্শে বিএনপি যতই ডানপন্থী হোক না কেন, জঙ্গিবাদের সঙ্গে তার মিত্রতা হওয়ার কথা নয়। কিন্তু ‘শত্রুর শত্রু বন্ধু’—এই দর্শনে বিশ্বাস রেখে অনেক বিএনপি নেতা-মন্ত্রী জঙ্গিদের বিরোধী দল তথা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করেছেন। আওয়ামী লীগের জনসভায় বোমা হামলা হলে বিএনপির নেতারা খুশি হতেন। তদন্তের নামে প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিরপরাধ মানুষকে নাজেহাল করতেন, এমনকি ২১ আগস্টের মতো ঘৃণ্য গ্রেনেড হামলার ঘটনা ধামাচাপা দিতে জজ মিয়া কাহিনি বানাতেও দ্বিধা করেননি।বিএনপির আমলে নাটোরসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সর্বহারা পার্টির সশস্ত্র তৎপরতা বেড়ে যায়। তাদের মোকাবিলায় ব্যর্থ হয়ে বিএনপির নেতারা জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিতে থাকেন। অনেকেরই মনে থাকার কথা, সে সময় বাংলা ভাইয়ের সমর্থকেরা অস্ত্রের মহড়া দিয়ে রাজশাহীর বিভাগীয় পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছিলেন। এই জঙ্গিদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন তৎকালীন রাজশাহীর মেয়র ও রাজশাহী অঞ্চল থেকে নির্বাচিত একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী।এভাবেই ক্ষমতাসীন বিএনপির আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতায় জঙ্গিরা সারা দেশে বোমাবাজি-গ্রেনেডবাজি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে, যার চূড়ান্ত রূপ ছিল একই সময়ে ৬৩ জেলায় বোমা হামলা।খালেদা জিয়া সময়মতো এই ফ্রাঙ্কেনস্টাইন দানবকে দমন না করে মস্ত বড় ভুল করেছিলেন, যার চরম খেসারত দিতে হয় দেশকে এবং বিএনপিকেও।২০০৯ সালের ৩ থেকে ৯ জানুয়ারি সংখ্যা ইকোনমিস্ট-এর বিশ্লেষণ ছিল, ‘ভোটাররা ব্যাপকভাবে (বিএনপিকে) শাস্তি দিয়েছে। ২০০১ সালের ১৯৭টি আসন থেকে ২৭টিতে নামিয়ে এনেছে। এতে আরও দেখা যায়, ভোটাররা ইসলামি দলগুলোর সঙ্গে বিএনপির এই গাঁটছড়া বাঁধায় আহত বোধ করেছেন। জামায়াতে ইসলামীর আসনসংখ্যা ১৭ থেকে ২-এ নেমে এসেছিল।’তখন রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন ছিল, খালেদা জিয়া এমন এক গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছিলেন যে তাঁর পক্ষে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বিএনপি সরকারের এই জঙ্গিতোষণ-নীতি বাংলাদেশকে জঙ্গিবাদ ও মৌলবাদের দেশ হিসেবে পরিচিত করে তোলে। আমরা মনে করি, এটিও খালেদা জিয়ার বড় রাজনৈতিক ভুল ছিল।খালেদা জিয়ার তৃতীয় ভুল ছিল, মেয়াদের এক বছরের মাথায় অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে অপমানজকভাবে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়া। এর পেছনে রাজনৈতিক মতবিরোধ যতটা না কাজ করেছে, তার চেয়ে বেশি কাজ করেছে ‘দুই রাজপুত্রের’ ক্ষমতা ও জনপ্রিয়তার দ্বন্দ্ব। রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত হওয়ার পর বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা নামে নতুন দল গঠন করতে গিয়েও বিএনপির ক্যাডারদের হাতে লাঞ্ছিত ও নিগৃহীত হয়েছিলেন। অথচ তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব।বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হলো দলপ্রধানের প্রতি অন্ধ আনুগত্য। সামান্য দ্বিমত বা সমালোচনা সহ্য করা হয় না। বদরুদ্দোজা চৌধুরীর মতো কর্নেল (অব.) অলি আহমদকেও বিএনপি থেকে চলে যেতে হয়। তিনি গঠন করেছিলেন ‘এলডিপি’ নামের নতুন দল।খালেদা জিয়ার চতুর্থ ভুল ছিল, জোটের শরিক হিসেবে জামায়াতে ইসলামীর ওপর অধিক নির্ভরশীল হওয়া। খালেদা জিয়া বিজেপির দুই অংশ ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে নির্বাচনী আঁতাত করলেও সরকার গঠনের সময় শুধু জামায়াতকেই সঙ্গে নেন; এবং দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেন। বিশেষ করে, কৃষি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ জামায়াতীকরণের প্রক্রিয়া চালাতে থাকেন। একপর্যায়ে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে আপত্তি আসায় নিজামীকে কৃষি মন্ত্রণালয় থেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ শিল্প মন্ত্রণালয়ে যেতে হয়। বিএনপির উদারপন্থী নেতা-কর্মীরা এখনো মনে করেন, জামায়াতে ইসলামীকে সরকারের শরিক করা ভুল ছিল।খালেদা জিয়ার পঞ্চম ভুল, নিজে দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও সরকার ও দল পরিচালনায় পুত্র তারেক রহমানের ওপর অধিকতর নির্ভরশীল হয়ে পড়া। দলের পুরো কর্তৃত্ব ছিল তারেক রহমানের হাতে। সে সময় হাওয়া ভবন হয়ে ওঠে বিকল্প ক্ষমতার কেন্দ্র। মন্ত্রিসভার অধিকাংশ প্রতিমন্ত্রী ছিলেন তাঁরই অনুগত ও বিশ্বস্ত। তারেক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হয়েও মহাসচিবকে পাত্তা দিতেন না। দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কোনো বিষয়েই পরামর্শ করতেন না।২০০৭ সালে বিএনপির নেতা-কর্মীদের একাংশ যে সংস্কারপন্থী হয়ে যান, তারও কারণ ছিল তারেক রহমানের বাড়াবাড়ি। প্রবীণ নেতারা নানাভাবে দলে নিগৃহীত, লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন। সেই অপমানের রেশটা যে এখনো আছে, তা টের পাওয়া যায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর সভায়, প্রায়শ জিয়াউর রহমানের কবরে।খালেদা জিয়া মহাজোট সরকারের নানা ভুল সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে দিচ্ছেন। ভালো কথা, কিন্তু তাঁর দলের এসব ‘মহান ভুল’ কীভাবে সংশোধন করা হবে?সোহরাব হাসান: কবি, সাংবাদিক। [email protected]