বাংলাদেশে কোনো বিষয়েই প্রধান দুই রাজনৈতিক দল যে একমত হতে পারে না, সেটা ফের প্রমাণিত হলো। পরবর্তী নির্বাচন কমিশন (ইাস) গঠন নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সম্প্রতি ১৩ দফা প্রস্তাব উত্থাপনের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে তা সরাসরি নাকচ করে দিয়ে বলা হয়েছে, আলোচনার প্রয়োজন নেই; সংবিধান অনুযায়ীই নির্বাচন কমিশন গঠিত হবে।
সংবিধান অনুযায়ী আইন করেই ইসি গঠন করার কথা। কিন্তু গত ৪৪ বছরেও সেটি কার্যকর না হওয়া দুর্ভাগ্যজনক। বিএনপির প্রধান যেসব প্রস্তাব দিয়েছেন, তার প্রায়োগিক বিষয় নিয়ে বিতর্ক থাকতে পারে; কিন্তু এতে স্বাধীন ও শক্তিশালী ইসির যে আকাঙ্ক্ষা বিবৃত হয়েছে, সে সম্পর্কে দ্বিমত করার সুযোগ আছে বলে মনে হয় না। কোনো প্রস্তাব নিয়ে আলোচনা করার অর্থ এই নয় যে সেটি গ্রহণ করতে হবে। আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কাছে এর বিকল্প প্রস্তাব থাকলে সেটি নিয়েও আলোচনা হতে পারে।
নির্বাচন নিয়ে রাজনৈতিক পক্ষগুলোর ঝগড়াবিবাদের দৃষ্টান্ত যেমন আছে, তেমনি আলোচনা বা সমঝোতার মাধ্যমে ইসি গঠনের উদাহরণও আছে। ১৯৯১ ও ১৯৯৬ সালে প্রধান রাজনৈতিক পক্ষগুলোর সম্মতি নিয়ে সিইসি ও ইসি নিয়োগ পেয়েছিলেন। আওয়ামী লীগ যখন আগামী নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে চায়, তখন তার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে ইসি গঠন নিয়ে আলোচনায় আপত্তি কেন? দুই দলের নেতাদের মধ্যে আলোচনা বা কথাবার্তা একেবারে বন্ধ আছে, তা বলা যাবে না। বিভিন্ন সেমিনার, টিভি আলোচনায় তাঁরা নির্বাচনসহ অনেক বিষয়েই কথাবার্তা বলেন।
নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনকালে করণীয় সম্পর্কে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে বিএনপি। এসব প্রস্তাবের গুণাগুণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতে পারে। কিন্তু অতীতের উদাহরণ টেনে আলোচনার দরজা বন্ধ করা কোনোভাবেই ঠিক নয়। কোনো বিষয়ে একমত না হলেও আলোচনা চলতে পারে।
তত্ত্বাবধায়ক–ব্যবস্থা চালু থাকলে তাদের ওপর ইসি গঠনসহ নির্বাচনের পুরো দায়িত্বটি চাপিয়ে রাজনৈতিক দলগুলো নিষ্কৃতি পেতে পারত। কিন্তু পঞ্চদশ সংশোধনীর পর সেই সুযোগটি নেই। এ অবস্থায় একটি ভালো নির্বাচন করার চ্যালেঞ্জটি ক্ষমতাসীনদেরই নিতে হবে। সবার আস্থাভাজন একটি নির্বাচন কমিশন গঠনই হতে পারে তার প্রথম পদক্ষেপ।