মৌলভীবাজারে আবারও আক্রমণের শিকার হলো ক্ষুদ্র জাতিসত্তার অধিবাসীদের পানপুঞ্জি। গত মঙ্গলবার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলুয়াপুঞ্জির পাঁচটি জুমের প্রায় তিন হাজার পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এর জেরে বহিরাগতদের হামলার শিকারও হয়েছেন খাসিয়া জাতিগোষ্ঠীর লোকজন। বন বিভাগ ও সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে রীতিমতো কোণঠাসা হয়ে আছে সেখানকার খাসিয়া ও গারো পরিবারগুলো। নিজেদের পৈতৃক ভিটেমাটি ও জুমের জমি হারানোর আশঙ্কায় আছেন তাঁরা। এর মধ্যে নতুন করে এ ঘটনা আরও বেশি উদ্বেগ তৈরি করল।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ডলুছড়া ও ভেলুয়াপুঞ্জিতে ১২০টি খাসিয়া পরিবারের বসবাস। পান চাষ ও বিক্রি করে তাদের জীবিকা চলে। ডলুছড়ায় প্রায় ১০ হেক্টর টিলাভূমির মালিকানা নিয়ে বন বিভাগের সঙ্গে তাদের বিরোধ চলছে। মূলত সেখানে সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে উপকারভোগী হিসেবে স্থানীয়দের প্রভাব বিস্তার করতে সুযোগ করে দেওয়া হয়। এর মধ্যে এ মাসের শুরুতে বনায়নের ২৫ হাজার চারাগাছ উপড়ে ফেলার অভিযোগ ওঠে খাসিয়াদের বিরুদ্ধে। এর জেরে মামলাসহ পান বিক্রিতে নানা ধরনের বাধা পেয়ে আসছিলেন তঁারা। তঁাদের পাশে দাঁড়াতে গিয়ে এবার আক্রান্ত হলেন ভেলুয়াপুঞ্জির খাসিয়ারাও। বিরোধ মিটমাটে কুলাউড়া ইএনওর কার্যালয়ে বৈঠকও বসলেও বনায়নের উপকারভোগীদের থামানো যায়নি। পানগাছ কর্তনের পর মামলা করা হলে গত শুক্রবার হামলার শিকার হন খাসিয়ারা। আতঙ্কে আহত ব্যক্তিরা চিকিৎসার জন্য উপজেলা সদরেও যেতে পারেননি।
কয়েক দিনের ঘটনায় কর্মধায় ২৫টি পুঞ্জির খাসিয়া-গারোরা চরম আতঙ্কে রয়েছেন। হামলার ভয়ে কেউ বাড়িঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না। জুমে কাজে যেতে পারছেন না। প্রথম আলোর প্রতিবেদক জানালেন, সামাজিক বনায়নের জন্য বিকল্প জায়গা থাকলেও বন বিভাগ ও উপকারভোগী স্থানীয়দের কারণে নিজেদের আবাসস্থল থেকে উচ্ছেদের মুখে খাসিয়া-গারোরা। অথচ তাঁরাই বনের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বড় ভূমিকা রাখেন। মূলত সামাজিক বনায়নের নামে বন বিভাগের জায়গা দখলের প্রচেষ্টা চলছে এখানে। যেখানে কাজ করছে স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের প্রভাবও।
অধিকারকর্মীদের ভাষ্য হচ্ছে সমতলের ক্ষুদ্র জাতিসত্তার অধিবাসীদের সুরক্ষায় ২০০৮ সালে বর্তমান ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারে একটি কমিশন গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেটি না হওয়ার কারণে সমতলের এসব জাতিগোষ্ঠীর জীবন ও জীবিকা এখন হুমকির মুখে। স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান, নিপীড়িত এসব মানুষের পাশে দাঁড়ান। পানপুঞ্জি ধ্বংস ও হামলায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক।